প্রমাণ করব, বাংলাদেশ অপরাধীদের স্বর্গরাজ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
‘স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ফটিকছড়ির ভুজপুরের ঘটনায় নায়ক হিসেবে যারা কাজ করেছে, তাদের কেউই রেহাই পাবে না। আমরা প্রমাণ করব, বাংলাদেশ অপরাধীদের স্বর্গরাজ্য নয়। জন্ম থেকে জন্মান্তরে যারা অপরাধের সঙ্গে জড়িত, তারা মনে রাখবে, অপরাধ দমনে সরকার কত কঠোর হতে পারে।’আজ মঙ্গলবার সংসদে শাহিদা তারেখের সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরের নারকীয় ঘটনায় জামায়াত-শিবির অংশ নিয়েছিল। এদের মধ্যে এখন পর্যন্ত ৮০ জনকে আটক করা হয়েছে। এই প্রশ্নের জবাব যখন দিচ্ছি, তখনো সেখানে অভিযান চলছে।’ আজাদের ব্যাপারে সরকারের কাছে কোনো তথ্য নেইমানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া পলাতক যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদের সর্বশেষ অবস্থান সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। ফরিদুন্নাহার লাইলীর লিখিত প্রশ্নের জবাবে আজ পররাষ্ট্রমন্ত্রী সংসদে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘এ সম্পর্কে একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, আবুল কালাম আজাদ বর্তমানে বিদেশে অবস্থান করছেন, যদিও দেশের বাইরে সর্বশেষ অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখনো পাওয়া যায়নি। পলাতক কোনো আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা একটি বিস্তৃত কাজ। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একার কাজ নয়। তাঁকে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ও কাজ করে যাচ্ছে। অচিরেই তাঁকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা যাবে বলে আশা করা যায়।’ভারত-বাংলাদেশ সীমান্তে কোনো উত্তেজনা নেইসালমা ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জানান, বিজিবির দায়িত্বপ্রাপ্ত সীমান্ত এলাকা দিয়ে পাশের দেশ থেকে যাতে অবৈধ অস্ত্র ঢুকতে না পারে, সে জন্য সীমান্তবর্তী এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তের শূন্য রেখা থেকে আট কিলোমিটারের মধ্যে অভিযান ও টহল জোরদার করা হয়েছে। সীমান্তের ২৩টি বিওপিকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে সীমান্তে এখন পর্যন্ত ১২৪টি সেন্ট্রি পোস্ট তৈরি করা হয়েছে। আরও ২১টি পোস্ট তৈরির কাজ চলছে। ভবিষ্যতে আরও ১২৫টি সেন্ট্রি পোস্ট তৈরি করা হবে। জাতীয় পার্টির এইচ এম গোলামের রেজার টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তে কোনো উত্তেজনা নেই। তবে সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান নিয়ে কলহে সীমান্তরক্ষীদের ওপর উভয় দেশের চোরাকারবারিদের সংঘবদ্ধ আক্রমণের কারণে সীমান্তে বাংলাদেশি নাগরিক বেশি নিহত হয়ে থাকে।প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।