দেখা যায়, বোঝা যায়। কিন্তু প্রমাণ নেই বলে খেলাকে পাতানো লেখা যায় না। লিখেছেন মাসুদ আলমদেখেও লেখা যায় না...বোঝাই যাচ্ছে ম্যাচটা পাতানো। কিন্তু লেখা যাবে না। প্রমাণ কী? এই প্রশ্নটা কিছুদিন ধরে ঘুরেফিরে আসছে ক্রীড়া সাংবাদিকদের মনে। পেশাদার ফুটবল লিগের ম্যাচ কভার করতে যাঁরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়মিত যান, ম্যাচ-ট্যাচ দেখে তাঁদের পাতানো খেলার ব্যাপারটা কীভাবে লেখা হবে জপতে জপতে অফিসে আসতে হয়। এবং অতঃপর: ইনিয়ে-বিনিয়ে অন্য কোনোভাবে বোঝানো—ম্যাচটা সমঝোতার ছিল! ‘ধরি মাছ না ছুঁই পানি’ জাতীয় ব্যাপার আর কি!চোখের সামনে পাতানো খেলা দেখার পরও সরাসরি লিখতে না পারা পীড়াদায়ক। আসলে এখন নির্লজ্জ পাতানো খেলার ব্যাপারে ক্লাবগুলো সতর্ক। কেউ যাতে বুঝতে না পারে, এমন প্রস্তুতি নিয়ে তাদের মাঠে আসা এবং অভিনয়টা কখনো কখনো এমন নিপুণ হচ্ছে যে, এটিকে পাতানো ম্যাচ বলে ছাপার অক্ষরে কিছু লেখা মানে প্রমাণের দায় এসে বর্তাবে ঘাড়ে।দু-একটা ম্যাচ হলে নাহয় কথা ছিল, কিন্তু হরদম পাতানো খেলা হচ্ছে। বাংলাদেশের ফুটবলে পাতানো খেলা আগেও ছিল, এখনো আছে। তবে এবার ব্যাপারটা এত বেশি যে, লিগটার আকর্ষণ কমে যাওয়া এবং মাঠে দর্শক না আসার অন্যতম কারণও এটি। মাঠে কেন আসবে দর্শক-সমর্থকেরা? তারা তো আগেই ধরে নিচ্ছে, ‘ও আচ্ছা, অমুক দলের খেলা, ওরা তো জিতবেই...।’আশ্চর্যের ব্যাপার, এবার লিগে কোনো অঘটন নেই! ছোট দলগুলো বড় দলগুলোকে ‘মারতে’ না পারলে খেলাটা আসলে জমে না। জমছেও না এবারের লিগ। তার ওপর নীরবে ম্যাচ গড়াপেটা লিগটাকে একেবারে সর্বনাশের কিনারে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, যা ঘরোয়া ফুটবলের জন্য এক নতুন অশনিসংকেতই।স্টেডিয়ামে তো এখন তিন শ-চার শ লোকও আসে না। ম্যাচে কোনো উত্তাপ নেই। গ্যালারিতে নেই বিন্দুমাত্র কোলাহল। তবে হ্যাঁ, ‘আতা ভাই’ থাকলে আর কিছু লাগে না! প্রায় সত্তর বছর বয়স, দাঁত-টাত পড়ে গেছে। কিন্তু কথা বলেন বেশ ঠাস ঠাস। গ্যালারির নিচে গ্রিল ধরে প্রায়ই চিৎকার করতে থাকেন মোহামেডান অন্তঃপ্রাণ আতা ভাই। আবাহনী যেন তাঁর জীবনের সবচেয়ে বড় শত্রু। আবাহনীর সমর্থকদের দিকে তাকিয়ে এমন সব গালি দেন, যেটা শুনে সবাই বেশ উপভোগ করে। ইংরেজিতেও কথাবার্তা বলেন মাঝেমধ্যে। তো এই বৃদ্ধ সেদিন চিৎকার করে পুলিশকে কী বলছিলেন শুনুন, ‘...অ্যাই পুলিশ ভাইয়েরা...রেফারিকে ধরে নিয়ে যান...সে পাতানো খেলা চালাচ্ছে...।’ কে আসলে কাকে ধরে নিয়ে যায়! ধরে নিয়ে যাওয়া দূরের কথা, এ নিয়ে ফলপ্রসূ কোনো উদ্যোগও দেখা যায়নি এত দিন। অনেক বলার পর ফিরতি পর্ব থেকে ম্যাচগুলো ভিডিও করা হচ্ছে। কিন্তু এমন ক্যামেরায় করা হচ্ছে যে ওই ভিডিও দিয়ে কিছু বোঝা যাবে বলে মনে হয় না। যদিও উদ্যোক্তাদের দাবি, ওতেই নাকি কাজ হবে। হলে তো ভালো কথা। কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যাচ তদন্তের আওতায় আনা হয়েছে বলে খবর জানা নেই।বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বিষয়টা নিয়ে কয়েকজন সাংবাদিক কথা বলছিলেন দিন কয়েক আগে। তিনি সঙ্গে সঙ্গে বললেন, পুলিশের সহায়তা নেওয়া হবে এবং আর কোনো ব্যবস্থা নেওয়ার পথ থাকলে সেটা যেন তাঁকে বলা হয়। তাঁর ওই কথার পর বাফুফের একটি প্রতিনিধিদল পুলিশের দপ্তরে গেছে এবং জানানো হয়েছে যে, বিষয়টা গুরুত্বসহকারে নিয়ে পুলিশ মাঠে নামছে।শুনতে বেশ ভালোই লাগে। কিন্তু বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল কদিন আগে যে তথ্যটা দিয়েছেন, সেটি মনে করলে এই তদন্তের ব্যাপারে আশাবাদী হওয়া যায় না। তাঁর সময়ে আবাহনী-মোহামেডানের ম্যাচসহ সাতটি ম্যাচ পুলিশকে তদন্ত করতে অনুরোধ করা হয়েছিল, কিন্তু এরপর আর কোনো ফলোআপ ছিল না।তাহলে উপায় কী? একটা উপায় তো অবশ্যই পুলিশি তৎপরতা। যেভাবে অন্য অনেক দেশেই পাতানো খেলার প্রমাণ পাওয়া গেছে এবং শাস্তিও হয়েছে। এ দেশে এই দিকটা দুর্বল হওয়ায় অনেকেই মনে করেন, ক্লাব কর্তারা সৎ না হলে এটা চলতেই থাকবে। এ দেশের ফুটবলের দুর্ভাগ্যটা এই যে, ক্লাব কর্তারা কোনো কিছুর তোয়াক্কা করেন না এবং নিজেদের স্বার্থে তাঁরা ম্যাচ পাতাতে বেশ পারঙ্গম!আর এসব দেখেও ‘প্রমাণ কী’ যুক্তিতে সব হজম করে যেতে হচ্ছে ক্রীড়া সাংবাদিকদের। খেলা যাঁরা দেখেন না তাঁরা বেঁচেই যান। প্রেস বক্সে সাংবাদিক আড্ডায় এক জ্যেষ্ঠ সাংবাদিক বললেন, পাতানো খেলা হচ্ছে অবৈধ প্রেমের মতো। বোঝা যায়, ধরা যায় না! স্টেডিয়ামের এলাকায় দীর্ঘদিনের ‘ফা’ মানে ফারুক ইকবালও এখন আর খেলায় উত্তাপ খুঁজে পায় না। এই প্রতিবেদককে ম্যাচের সময় বারবার ফোন করে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করে, খেয়ার... (মানে খেলা) খবর কী?’ যখন শুনে অমুক দল এগিয়ে আছে, তার প্রতিক্রিয়াটা হয় এমন, ‘দূর..বোগাস খেয়া...পায়ানো খেলা। না দেখ (মানে, পাতানো খেলা দেখি না)।’ অথচ একসময় খেলা না দেখলে ফার ঘুম হতো না।পেশাগত দায়িত্ব পালন করা সাংবাদিকদের অত সব ভাবলে চলে না। পাতানো খেলা হজম করেই যেতে হচ্ছে তথাকথিত প্রমাণের অভাবে! হায় রে ফুটবল!