ঢাকায় মোশাররফ-অনুপ চেটিয়া বৈঠক
প্রমাণ ছাড়া কথা বলিনি: আশরাফ, প্রমাণ থাকলে দেখান: দেলোয়ার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দাবি করেছেন, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ও বাংলাদেশের কারাগারে বন্দী উলফা নেতা অনুপ চেটিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠানের তথ্যপ্রমাণ তাঁদের কাছে আছে। তিনি বলেন, ‘তথ্যপ্রমাণ আমাদের কাছে আছে। প্রমাণ ছাড়া এ ধরনের কথা বলিনি।’বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্য প্রসঙ্গে গতকাল রোববার ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা বলেন।এদিকে তথ্যপ্রমাণ দেখানোর আহ্বান জানিয়েছেন খোন্দকার দেলোয়ার। সৈয়দ আশরাফের বক্তব্য সম্পর্কে সাংবাদিকেরা প্রশ্ন করলে গতকাল দুপুরে তিনি বলেন, তথ্য থাকলে দেখান। তথ্য আছে বললে তো চলবে না। দেখাতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির নেতাদের সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব।এলজিআরডি-মন্ত্রী গত শুক্রবার এক গোলটেবিল আলোচনায় বলেন, জোট সরকারের আমলে পাকিস্তানের তত্কালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়ার সঙ্গে বৈঠক করেছেন। শনিবার বিএনপির নবনির্বাচিত কমিটির সদস্যরা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর খোন্দকার দেলোয়ার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, তাঁর (আশরাফ) বক্তব্য সত্য নয়। এ ব্যাপারে তথ্যপ্রমাণ থাকলে তা জাতির সামনে তুলে ধরারও দাবি জানান তিনি।বাংলাদেশের ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হয়েছিল: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ গতকাল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বলেন, চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্র এবং বগুড়ায় উদ্ধার করা গুলির গন্তব্য ছিল ভারত। বিএনপি-জামায়াত জোট সরকার ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছিল। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের ওপরে ওপরে সম্পর্ক থাকলেও ভেতরে ভালো ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের পর অনেকে হয়তো হিসাব-নিকাশ করতে পারেন, কী পেলাম, কী পেলাম না। কিন্তু সেটা বড় কথা নয়। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করাই মূল কথা। কারণ, গত সাত বছর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো নয়।সৈয়দ আশরাফ বলেন, ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তার কথা বলে আমরা দেশকে একঘরে করে রাখতে চাই না। ইউরোপে পাসপোর্ট-ভিসার কোনো বালাই নেই। ইচ্ছা করলে যে কেউ যেকোনো দেশে ব্যবসা-বাণিজ্য, চাকরি ও ব্যবসা করতে পারেন। আমরা চাই চীনের সঙ্গেও সম্পর্ক জোরদার করতে। রেল ও সড়কপথে চীনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাই। ইতিমধ্যে দুই দেশ যৌথভাবে যাচাই-বাছাইয়ের কাজ করছে।’