প্রমাণ ছাড়া কোনো কথা বলিনি : আশরাফ
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, পারভেজ মোশাররফ ও অনুপ চেটিয়ার মধ্যকার বৈঠকের কথা তিনি কোনো প্রমাণ ছাড়া বলেননি। এ বিষয়ে তথ্য উপস্থাপনের জন্য বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের দেওয়া চ্যালেঞ্জের জবাবে তিনি আজ রোববার এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আজ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পরে সৈয়দ আশরাফ জোট সরকারের আমলে পারভেজ মোশাররফ ও অনুপ চেটিয়ার বৈঠক নিয়ে তাঁর মন্তব্যের ব্যাপারে বিএনপির প্রতিক্রিয়ার জবাব দেন। সৈয়দ আশরাফ আরও বলেন, এখনো অনেকে চায় না বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হোক। তবে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এ রায় কার্যকর হবেই বলে তিনি জানান। গত শুক্রবার সৈয়দ আশরাফ এক গোলটেবিল আলোচনায় অভিযোগ করেন, জোট সরকারের আমলে পাকিস্তানের তত্কালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়ার সঙ্গে বৈঠক করেছেন। গতকাল শনিবার জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আশরাফকে উদ্দেশ করে পাল্টা জবাব দিয়ে বলেন, ‘তাঁর (আশরাফ) বক্তব্য সত্য নয়।’ এ ব্যাপারে তথ্যপ্রমাণ থাকলে তা জাতির সামনে তুলে ধরার দাবি জানান তিনি। এদিকে আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধি সৌধে সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বেলা ১১টায় পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা আবু কাওসারসহ স্থানীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তাঁরা সেখানে বিশেষ মোনাজাত ও সূরা ফাতেহা পাঠ করেন। পরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তাঁরা।