প্রমাণ থাকলে জাতির সামনে তুলে ধরুন: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোট সরকারের সময় ঢাকায় পাকিস্তানের তত্কালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ও উলফা নেতা অনুপ চেটিয়ার মধ্যে কোনো বৈঠক হয়নি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে তিনি বলেন, প্রমাণ থাকলে জাতির সামনে তা তুলে ধরুন।বিএনপির মহাসচিবের নেতৃত্বে গতকাল শনিবার দলের নবনির্বাচিত কমিটির সদস্যরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা শ্রদ্ধা জানাতে যাবেন, এমন খবরে গতকাল সকাল থেকে মাজার প্রাঙ্গণে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ভিড় জমান। দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের এটাই ছিল প্রথম কর্মসূচি। তবে কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ নেতাই অনুপস্থিত ছিলেন।গত শুক্রবার এক অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেছিলেন, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে ঢাকায় পারভেজ মোশাররফ ও অনুপ চেটিয়ার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে খোন্দকার দেলোয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘ওই বৈঠকের কোনো তথ্য-প্রমাণ থাকলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলেন, তা জনগণের সামনে তুলে ধরতে।’ তিনি বলেন, ‘তাঁর (সৈয়দ আশরাফ) মতো একজন ব্যক্তির কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ ধরনের হালকা কথা বলা তাঁর উচিত না।’ প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি আশা করে প্রধানমন্ত্রী জনগণের স্বার্থে ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা এবং চুক্তি করবেন। কিন্তু কোনো চুক্তি যদি জনস্বার্থবিরোধী হয়, তবে বিএনপি তা মেনে নেবে না। সে ক্ষেত্রে জনগণকে সঙ্গে নিয়ে এর প্রতিবাদ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের কখনো খুব ভালো সম্পর্ক ছিল না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তারা ভারতের সঙ্গে জনবিরোধী চুক্তি করছে। এর বিরূপ প্রভাব এখনো জনগণকে বয়ে বেড়াতে হচ্ছে। খোন্দকার দেলোয়ার বলেন, ‘আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। তবে তা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নয়।’ কারাবন্দী অবস্থায় বিএনপির নেতা এ বি এম বাকির হোসেনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করেন বিএনপির মহাসচিব। গতকাল শ্রদ্ধা নিবেদনের সময় ৩২ সদস্যের উপদেষ্টা পরিষদের কয়েকজন এবং ৩৮৬ সদস্যের নির্বাহী কমিটির কিছু সদস্য উপস্থিত ছিলেন।