ঢাকার আদালত চত্বরে বিচারপ্রার্থী তরুণীর শ্লীলতাহানির প্রমাণ পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। তবে পুলিশ যে ওই তরুণী, তাঁর মা-বাবা ও ঘটনাস্থলে উপস্থিত আইনজীবীদের মারধর করেছে, তার প্রমাণ পেয়েছে।এ ছাড়া ওই তরুণী ও তাঁর মাকে মারধর, ধস্তাধস্তির ঘটনাকে পুলিশের ‘অপেশাদারমূলক’ আচরণ বলে তদন্ত প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। তদন্ত কমিটির এই প্রতিবেদন গত বুধবার উচ্চ আদালতে পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।গত ২৯ মে আদালত চত্বর ও সংলগ্ন পুলিশ ক্লাবে ওই তরুণীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ অনুবিভাগ) কাজল ইসলামকে আহ্বায়ক করে দুই সদস্যের এ কমিটির আরেক সদস্য হলেন আইন মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান খান।তদন্ত প্রতিবেদনে বলা হয়, ফারুককে (তরুণীর বাবা) আদালত প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশ ক্লাবে নিয়ে মারধর করা বেআইনি হয়েছে। এ ঘটনার জন্য বংশাল থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক, উপপরিদর্শক (এসআই) জিয়ারত হোসেন ও কনস্টেবল মিজান, কোতোয়ালি থানার সাবেক এসআই বি এম নাজমুল হুদা, এএসআই আমীর আফজাল বিপ্লব, নুরুজ্জামান ও আনসার সদস্য টুটুলকে দায়ী করেছে কমিটি।এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুশতাক আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, তদন্তে পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগের প্রমাণ পাওয়া গেছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, ‘যখনই কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হয়, তখনই আমরা তা যাচাই করে বিভাগীয় ব্যবস্থা নিয়ে থাকি।’ প্রসঙ্গত, গত ২৯ মে আদালতে বিচারপ্রার্থী ওই তরুণীকে আদালতসংলগ্ন পুলিশ ক্লাবে নিয়ে শ্লীলতাহানি, তাঁকে ও তাঁর মা-বাবাকে প্রকাশ্যে মারধরের ঘটনা জানার পর তিনজন সাংবাদিক (আদালত প্রতিবেদক) ও আইনজীবী সেখানে যান। তখন তাঁদেরকে পুলিশের লালবাগ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) রাজিব আল মাসুদ ও কোতোয়ালি থানার তৎকালীন ওসি সালাহউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ব্যাপক মারধর করেন এবং তাঁদেরকে জোর করে পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করেন। এ ঘটনার সচিত্র খবর তখন গণমাধ্যমে প্রচারিত হয়। শুধু তা-ই নয়, সেখান থেকে আইনজীবী সাখাওয়াত হোসেন ও শিক্ষানবিশ আইনজীবী রাশেদুল ইসলামকে কোতোয়ালি থানায় ধরে নিয়ে আরেক দফা নির্যাতন করার অভিযোগ আছে। কিন্তু এসি রাজিব ও ওসি সালাহউদ্দিনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।শ্লীলতাহানি প্রসঙ্গ: তদন্ত প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার সাক্ষী চার আইনজীবী ও সাংবাদিক দুপুর ১২টায় প্রথম ঘটনার সময় উপস্থিত ছিলেন না। তাঁরা সবাই বিকেলের ঘটনার প্রত্যক্ষদর্শী। কাজেই তাঁদের সাক্ষ্য দ্বারা ওই তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা বা তাঁর চেইন ছিনিয়ে নেওয়ার বিষয়ে প্রমাণের কোনো ভূমিকা রাখে না। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল ঘটনার পর সন্ধ্যা ছয়টায় কোতোয়ালি থানায় যান। তিনি কমিটিকে জানান, তাঁর কাছে ওই তরুণী ও তাঁর মা ঘটনার বিস্তারিত বলেছেন। তাঁর সাক্ষ্য দ্বারাও শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হয় না। সব পুলিশ সাক্ষীই ওই তরুণীকে পুলিশ ক্লাবে নেওয়ার ঘটনা অস্বীকার করে। ওই তরুণী ও তাঁর মা ছাড়া শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে আর কোনো নিরপেক্ষ সাক্ষী পাওয়া যায়নি।প্রতিবেদনে বলা হয়, কমিটির কাছে প্রতীয়মান হয়েছে, ওই তরুণী ও তাঁর মা সহজ-সরল নন। তাঁরা থানা-পুলিশ ও মামলা-মোকদ্দমার বিষয়ে যথেষ্ট অবহিত। এই অবস্থায় কমিটি মনে করে, ওই তরুণীকে পুলিশ ক্লাবের ভেতরে নেওয়া হয়নি, তিনি মায়ের সঙ্গে ফটকের বাইরে ছিলেন। সেখানে অনেক লোক জড়ো হয়। জনসমক্ষে শ্লীলতাহানির ঘটনা বিশ্বাসযোগ্য নয়। তবে ওই সময় পুলিশ মা-মেয়েকে প্রহার করেছে।এ ব্যাপারে জানতে চাইলে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিচালক মো. নূর খান প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদনের ভাষ্য থেকে মনে হচ্ছে, সহজ-সরল না হলে যেকোনো নারীকে মারধর ও হেনস্থা করা জায়েজ।’ তিনি বলেন, কোনো নারীকে যদি কোনো পুরুষ মারধর ও ধস্তাধস্তি করে, তা অবশ্যই শ্লীলতাহানি। ঘটনার দিন রাতে কোতোয়ালি থানায় ওই তরুণী আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের কাছে শ্লীলতাহানির বিবরণ ও শরীরের বিভিন্ন দাগ দেখান। এখন তদন্ত কমিটি শ্লীলতাহানিকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন, তা বোধগম্য নয়।’নূর খান বলেন, ‘মা-মেয়ে ওই দিন কীভাবে পুলিশ ক্লাব থেকে মুক্তি পেয়েছিলেন, তা কোতোয়ালি থানায় পুলিশ কর্মকর্তাদের সামনেই আমাদের কাছে বলেছেন। তখন পুলিশ কর্মকর্তারা মা-মেয়ের বক্তব্যের কোনো প্রতিবাদ করেননি।’