প্রমাণ পেলে যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দালিলিক প্রমাণ পাওয়া গেলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অবস্থান নিয়েছেন বলে নিশ্চিত করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সততার ঘাটতির দুর্নাম আছে—ঢাকায় কর্মরত যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এমন তারবার্তা পাঠিয়েছিলেন ওয়াশিংটনে। গত ৩০ আগস্ট জুলিয়ান অ্যাসাঞ্জের সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস এই মার্কিন গোপন তারবার্তাটি প্রকাশ করেছে। গতকাল এই তারবার্তার ভিত্তিতে দেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সরকারের শীর্ষপর্যায় তা গুরুত্বের সঙ্গে আমলে নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। সরকারি দল আওয়ামী লীগ ও ক্ষমতাসীন মহাজোটের শরিকদের মধ্যেও এ বিষয়ে নানা কথাবার্তা হচ্ছে। নেতারা মনে করছেন, এ ঘটনায় মহাজোটের ভাবমূর্তি নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সঙ্গে উইকিলিকসে প্রকাশিত যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সততাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। জানতে চাইলে মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সৈয়দ আবুল হোসেন সম্পর্কে জেমস এফ মরিয়ার্টি যে তারবার্তা পাঠিয়েছেন, তা দালিলিকভাবে প্রমাণ হলে প্রধানমন্ত্রী যথাযথ ব্যবস্থা নেবেন। প্রধানমন্ত্রী আমাকে এ কথা বলেছেন।’ প্রমাণের জন্য সরকার কি বিষয়টি তদন্ত করে দেখবে—জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যা কথা হয়েছে, তা-ই বলেছি। এর বেশি কথা হয়নি উনার সঙ্গে।’ মতিয়া চৌধুরী যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য সম্পর্কে বলেন, ‘এটা অনুমাননির্ভর ভাষ্য। তিনি কেবল এটা দাবি করছেন।’ একই সঙ্গে মতিয়া চৌধুরী বলেন, ‘অবৈধ ভিওআইপি ব্যবসার কারণে গ্রামীণফোন ৪০০ কোটি টাকা জরিমানা দিলেও ওই মার্কিন রাষ্ট্রদূত কিন্তু ড. মুহাম্মদ ইউনূসকে ভালো বলে সার্টিফিকেট দিয়েছিলেন।’সারা দেশের বেহাল রাস্তাঘাট নিয়ে কয়েক দিন ধরেই যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে। বিভিন্ন মহল থেকে যোগাযোগমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। নাগরিক সমাজ ঈদের দিন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছে। এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মহাজোটের অন্য শরিকেরাও তীব্র প্রতিক্রিয়া দেখালেন উইকিলিকসে ফাঁস করা মার্কিন তথ্যে। দলীয় নেতারা এ ঘটনায় মহাজোটের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে বলে মনে করেন। তাঁরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতি। মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ কেবল জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবেও উঠেছে। সরকারের উচিত বিষয়টি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আরেক শরিক কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায় বলেন, ‘এটা লজ্জাজনক। মহাজোটের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। যোগাযোগমন্ত্রী আমাদের বেকায়দায় ফেলে দিলেন।’শরিক দলের নেতারা মনে করেন, কেবল উইকিলিকসের প্রকাশিত তথ্য বলেই নয়, যেকোনো সমালোচনার মাধ্যমেই শুদ্ধ হওয়ার ও সতর্ক হওয়ার সুযোগ আছে। কেউই নির্ভুল নয়। ভুল সংশোধন করা উচিত। এখনো সরকারের দুই বছরের বেশি সময় আছে। এর মধ্যেই প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব। এই নেতাদের মতে, সরকারের উচিত বিষয়টির যথাযথ তদন্ত করা। জনমনের সন্দেহ দূর করা। তা না হলে সরকার সম্পর্কেই জনমনে সন্দেহের সৃষ্টি হবে। কোনো এক ব্যক্তির দায়ভার গোটা সরকারের নেওয়া ঠিক হবে না বলে তাঁরা মনে করেন। মহাজোটের শরিক জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু প্রথম আলোকে বলেন, মার্কিন রাষ্ট্রদূতের অভিযোগ উড়িয়ে দেওয়া বা হালকাভাবে নেওয়া ঠিক হবে না। সরকারের উচিত যথাযথ তদন্ত করে সন্দেহ দূর করা। শরিক দল ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হকও যোগাযোগমন্ত্রীর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মত দিয়েছেন। তবে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এটি তাঁর সরকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের অভ্যন্তরীণ যোগাযোগের বিষয়। যোগাযোগমন্ত্রী সম্পর্কে এটি তাঁর (রাষ্ট্রদূত) ব্যক্তিগত মতামত। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা যায় না।