প্রমাণ পেলে লাইসেন্স বাতিল, নারী নির্যাতন আইনে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আবাসিক হোটেল ও বোর্ডিংয়ের ব্যাপারে কঠোর হচ্ছে পুলিশ। কোনো আবাসিক হোটেলের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেলে লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হবে।পুলিশ সূত্র জানায়, নগরের কিছু আবাসিক হোটেল ও বোর্ডিংয়ে নানা অপরাধসহ অসামাজিক কার্যকলাপ বেড়ে গেছে। স্কুল-কলেজের কম বয়সী মেয়েদের ফাঁদে ফেলে এসব হোটেলে নিয়ে অসামাজিক কার্যকলাপ করা হয়।গত মঙ্গলবার বিকেলে ফয়’স লেক এলাকা থেকে চট্টগ্রামের এক কলেজছাত্রীকে ব্যক্তিগত গাড়িতে উঠিয়ে চকবাজারের আবাসিক হোটেল আল আকাবায় নিয়ে যান ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জি এম মিজানুর রহমান। তিনি মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন। পরদিন বুধবার ভোরে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।এ ঘটনায় ওসি মিজান ও হোটেলের দুই কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রীর বাবা। মামলার পর ওসি মিজান পলাতক। তবে অন্য দুজনকে পুলিশ তাৎক্ষণিক গ্রেপ্তার করে।পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামের কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের টনক নড়ে। এতে নগরের আবাসিক হোটেল ও বোর্ডিংগুলোর অসামাজিক কর্মকাণ্ডের চিত্র তাঁদের সামনে চলে আসে। আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের সঙ্গে স্থানীয় থানার এক-দুজন পুলিশ সদস্য জড়িত থাকতে পারেন। ওসি মিজান এই চকবাজারের আল আকাবা হোটেলে ইতিপূর্বে কয়েকটি অসামাজিক ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে হোটেলের এক কর্মী তথ্য দিয়েছেন।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘স্কুল-কলেজের কম বয়সী মেয়েরা বিভিন্ন ব্যক্তি বা পরিচিতদের খপ্পরে পড়ে আবাসিক হোটেলে যাচ্ছে। সেখানে মেয়েদের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত করতে বাধ্য করা হচ্ছে কিংবা মেয়েরা জড়িত হচ্ছে। এটি সমাজের জন্য ভালো নয়। এতে আমরা উদ্বিগ্ন। তাই সন্তানদের নজরদারিতে রাখতে অভিভাবকদের যেমন দায়িত্ব আছে, তেমনি পুলিশ প্রশাসনও আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড বন্ধে আইনি কিছু সিদ্ধান্ত নিয়েছে।’আমেনা বেগম আরও বলেন, ‘মঙ্গলবার রাতেই কলেজছাত্রীসহ দুজনকে আল আকাবা হোটেলে নিয়ে আটকে রাখার খবর স্থানীয় পুলিশকে দেওয়া উচিত ছিল। হোটেল কর্তৃপক্ষ সেই কাজ না করে অপরাধ করেছে। এ জন্য হোটেল ব্যবস্থাপকসহ দুজনকে আসামি করা হয়েছে। অন্যান্য হোটেলে অসামাজিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে লাইসেন্স বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হবে। পুলিশ সূত্র জানায়, নগরে আবাসিক হোটেল ও বোর্ডিংয়ের সংখ্যা দুই শতাধিক। এর মধ্যে কোতোয়ালি থানা এলাকায় ১১০টি এবং ডবলমুরিং থানায় ৬২টি রয়েছে। এ ছাড়া পাহাড়তলীতে ১৩, পাঁচলাইশে ১০ এবং খুলশি এলাকায় আটটি হোটেল আছে। কিছু হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। বিষয়টির সঙ্গে স্থানীয় থানার কিছু পুলিশ সদস্য জড়িত রয়েছেন বলে অভিযোগ আছে।গ্রেপ্তার হওয়া হোটেলকর্মী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুলিশ কর্মকর্তা মিজানের আল আকাবায় অবাধ যাতায়াত ছিল। তাঁর জন্য একটি কক্ষ বরাদ্দ ছিল। তাঁর নির্দেশের বাইরে আমাদের কিছু করার ছিল না।’মিজানুর রহমান ২০০৯ সালের ২৮ অক্টোবর পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক হন। এর আগে তিনি নগর গোয়েন্দা শাখা, পাঁচলাইশ ও কোতোয়ালি থানায় কাজ করেন। তাঁর বিরুদ্ধে হুন্ডির ৭৬ লাখ টাকা ছিনতাইয়েরও অভিযোগ ওঠে। ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু হলেও মাঝপথে তা থেমে যায়।চকবাজারের হোটেল আল আকাবার ভবনটির মালিক আবুল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ভবনে আবাসিক হোটেল করার কথা বলে ১৯৯৮ সালে তিনটি মেঝে ভাড়া নেন তিন ব্যক্তি। তাঁরা আবাসিক হোটেলের নামে কোনো অনাচার বা অসামাজিক কাজ চালাতে দেবেন না বলে চুক্তি করেন। চুক্তি ভেঙে সেখানে কম বয়সের মেয়েদের এনে অসামাজিক কার্যক্রম চালানো হচ্ছে। আমি বিষয়টি গোয়েন্দা পুলিশের নজরে একাধিকবার আনার চেষ্টা করে ব্যর্থ হই।’