প্রমাণ মিললে জালিয়াতিতে জড়িত ভর্তি হতে ইচ্ছুকের পরীক্ষা বাতিল: উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানিয়েছেন, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘ডিজিটাল জালিয়াতি’র আশ্রয় নেওয়ার প্রমাণ পাওয়া গেলে ভর্তি হতে ইচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হবে।‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এমন জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গতকাল আটজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য জানান, এ পর্যন্ত ১৮ জন ভর্তি হতে ইচ্ছুর রোল নম্বর এবং আরও অন্তত ২২ জনের ফোন নম্বর পাওয়া গেছে। এই ৪০ জনের ব্যাপারে তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। ঘটনার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এ ধরনের অপ্রীতিকর ঘটনার কারণে পরে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষাগুলো পেছানো হবে কি না—জানতে চাইলে উপাচার্য জানান, পরীক্ষা পেছানো হবে না। এ ঘটনা ফল প্রকাশেও কোনো প্রভাব ফেলবে না। উপাচার্য বলেন, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রযুক্তির বিকাশ ঘটবে, সেটাই স্বাভাবিক। তবে প্রযুক্তির যেন অপপ্রয়োগ না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। তিনি সরকারি কর্মকমিশনসহ (পিএসসি) অন্যান্য নিয়োগ ও ভর্তি পরীক্ষায় কেউ যাতে প্রযুক্তির অপব্যবহার করে সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অন্য ইউনিটগুলোর ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে না যাওয়ার পরামর্শ দেন। এর পরও যদি কেউ মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে যায়, তার বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার অনলাইন পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ফরম-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে শিক্ষার্থীদের ছবি শনাক্ত করার কোনো ব্যবস্থা ছিল না।