প্রমাণের অভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জাতীয় জবাবদিহি দপ্তর আজ বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছে, শক্ত প্রমাণের অভাবে প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। এরপর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলা দুর্নীতিসংক্রান্ত মামলা ২৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন আদালত।‘দ্য ডন’ জানায়, প্রধান বিচারপতি ইফতেখার মুহাম্মদ চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চে ভাড়াভিত্তিক বিদ্যুৎকন্দ্রে অনিয়মসংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠিত হয়।জবাবদিহি দপ্তরের প্রধান ফাছি বোখারি আদালতকে বলেন, মামলায় অভিযুক্ত রাজা পারভেজ আশরাফ ও অপর ১৫ জনের বিরুদ্ধে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, যাতে তাঁদের গ্রেপ্তার করা যায়। এরপর প্রধান বিচারপতি তদন্তের অগ্রগতি আদালতকে জানানোর নির্দেশ দেন। এ মামলাটি দীর্ঘদিন ধরে চলছে।২০১২ সালে বিদ্যুৎ প্রকল্প বিষয়ে আদালতের দেওয়া রায় বাস্তবায়নের জন্য জবাবদিহি দপ্তরের দাখিল করা প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করেন আদালত। বিদ্যুৎ প্রকল্প মামলার যেসব নথিপত্র দপ্তরটির হাতে আছে, তা আদালতে হাজির করারও নির্দেশ দেওয়া হয়।সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার দুর্নীতির মামলায় প্রধানমন্ত্রী পারভেজ আশরাফসহ ১৬ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেন। মামলার অভিযোগ, পারভেজ আশরাফ কেন্দ্রীয় সরকারের পানি ও বিদ্যুত্মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় ঘুষ ও কমিশন নিয়ে কয়েকটি কোম্পানিকে ভাড়াভিত্তিক বিদ্যুৎকন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দিয়েছিলেন।আজকের শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, এর আগের দিন তিনি প্রধানমন্ত্রী ছাড়া মামলার বাকি অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন।বিচারপতি ইফতেখার চৌধুরী বলেন, এ মামলায় আদালত ২০১২ সালের মার্চে যে নির্দেশ দিয়েছিলেন, তা আজও বাস্তবায়িত হয়নি।গত মঙ্গলবার আদালত জবাবদিহি দপ্তরকে ‘সাবেক পানি ও বিদ্যুত্মন্ত্রী রাজা পারভেজ আশরাফ ও অন্য ১৫ জনের বিরুদ্ধে’ বিদ্যুৎ প্রকল্পে অনিয়মের অভিযোগের তদন্তের জন্য ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা’ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেদিন আদালত ‘কোনো দ্বিধা ছাড়াই তাঁদের গ্রেপ্তার’ করতে এবং ‘১৭.১.২০১৩ তারিখের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা’ দেওয়ারও নির্দেশ দেন।‘আদালতের নির্দেশ কেন বাস্তবায়ন করা হলো না’ তা আজকের শুনানির সময় জবাবদিহি দপ্তরের কাছে জানতে চান আদালত।আদালত বলেন, সরকারি নথিপত্র অনুসারে ও জবাবদিহি দপ্তরের আইনানুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিচার করা হবে