প্রমিত বাংলা ব্যাকরণ প্রকাশ করছে বাংলা একাডেমী
প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ প্রকাশ করেছে বাংলা একাডেমী। আগামীকাল শনিবার বিকেল চারটায় দুই খণ্ডের এই ব্যাকরণ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হবে একাডেমীর সেমিনার কক্ষে।সংস্কৃত-শাসিত ব্যাকরণের বিপরীতে বাংলা ভাষার নিজস্ব ব্যাকরণের অপূর্ণতা দূর করার লক্ষ্যে বাংলা একাডেমী পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সহযোগিতায় এই প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ প্রণয়ন ও প্রকাশ করেছে। এই ব্যাকরণ গ্রন্থ সম্পাদনা করেছেন বাংলাদেশের অধ্যাপক রফিকুল ইসলাম এবং পশ্চিমবঙ্গের অধ্যাপক পবিত্র সরকার। উপদেষ্টা-সম্পাদকের দায়িত্ব পালন করেন পশ্চিমবঙ্গের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বাংলাদেশের অধ্যাপক আনিসুজ্জামান।প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। প্রবন্ধ পাঠ করবেন ড. হাকিম আরিফ। আলোচনা করবেন অধ্যাপক শফিউল আলম। সভাপতিত্ব করবেন অধ্যাপক মোহীত উল আলম।