প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে দাতাদেরকে কৃষিমন্ত্রীর আহ্বান
দাতা সংস্থাগুলোকে সময়মতো ও দেশের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। নদীখনন ও ভূ-উপরিস্থ পানি ব্যবহারে সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সহায়তাগুলো বাংলাদেশের কৃষকদের সত্যিকার অর্থে উপকারে আসবে।আজ রোববার রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে ‘সিডর আক্রান্ত ধানচাষিদের জীবনমানের উন্নয়নে গুটি সারের ভূমিকা’ শীর্ষক এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।বার্ক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিইএ) সহযোগিতায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) কর্মশালাটির আয়োজন করে।কৃষিমন্ত্রী বলেন, সহায়তা হিসেবে দাতাদের এমন প্রযুক্তি সরবরাহ করা উচিত না, যা তাদের নিজ দেশের কৃষকেরা ব্যবহার করেন না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো উন্নত দেশে গুটি সার ব্যবহারের শ্রমিক পাওয়া যাবে কি না, সন্দেহ আছে। কেননা, মাটির দিকে নুয়ে এই সার ব্যবহার করতে গিয়ে কৃষকদের হাতের নখ ক্ষয়ে যায় ও কোমরে ব্যথা হয়। যে কারণে ১২ বছর হতে চললেও এই সার বাংলাদেশের কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়নি।সিডর হয়েছে ২০০৭ সালে, এখন ২০১০। এত দিন পর কৃষকের জীবনমান উন্নয়নে সহযোগিতা দেওয়া হচ্ছে—এই মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, ‘একটু বেশি দেরি হয়ে গেল না? ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এমন পরিস্থিতি তৈরি হওয়া উচিত না।’ দাতা-নির্ভর প্রকল্পের সমালোচনা করে তিনি বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে প্রকল্প ও দাতাদের প্রেসক্রিপশন পাওয়ার পর আমরা সেটা বাস্তবায়নে লেগে যাই। দেশীয় প্রয়োজনকে বিবেচনা না করে কাজ করায় প্রকল্প চলাকালে অনেক ভালো ভালো কথা শোনা যায়। কিন্তু তা শেষ হওয়ার কিছুদিন পর প্রকল্প এলাকায় গেলে কোনো প্রভাব খুঁজে পাওয়া যায় না।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বার্কের নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েস কবীর, ডিইএর মহাপরিচালক সাইদ আলী, ইউএসএআইডির মিশন পরিচালক ডেনিশ শর্মা, আইএফডিসি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ইশরাত জাহান।