প্রয়োজনে সংসদ থেকে পদত্যাগ করবে বিএনপি (ভিডিও)
বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল না করলে প্রয়োজনে জাতীয় সংসদ থেকে পদত্যাগের কথা বিবেচনা করবে বিএনপি। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালনকালে জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের মুক্তির দাবিতে ও দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর বাড়িতে ‘হামলা’র ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন’ এই কর্মসূচির আয়োজন করে। প্রধানমন্ত্রীর উদ্দেশে জয়নুল বলেন, ‘বেগম খালেদা জিয়া কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবেন, মির্জা ফখরুল ইসলাম কাশিমপুর কারাগারে থাকবেন, আর আমরা জাতীয় সংসদে যাব—সেটা কোনোদিনও হতে পারে না। প্রয়োজনে জাতীয় সংসদ থেকে পদত্যাগের কথা বিবেচনায় আনা হবে, যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে এনে সংবিধানে সংযোজনের নিশ্চয়তা না দেন।’
সংবিধানের বিধান অনুযায়ী আগামী জানুয়ারির আগে দশম সংসদ নির্বাচন হবে—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে জয়নুল বলেন, ‘আপনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাবে।’ তিনি সংসদের আগামী অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিল উত্থাপনের আহ্বান জানান। ২৭ জানুয়ারি বিকেলে নবম জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন বসবে।জয়নুল আবদিন ফারুককে পেটানোর ঘটনায় বিতর্কিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদের রাষ্ট্রপতির পুলিশ পদকপ্রাপ্তির প্রতি ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, যাঁরা প্রকৃত পুরস্কার পাওয়ার যোগ্য, সরকার তাঁদের পুরস্কৃত করছে না। বরং যাঁরা উসকানি দিচ্ছেন, তাঁদের পুরস্কৃত করা হচ্ছে।