প্রয়োজনে সাংসদদের নিয়ে অন্তর্বর্তী সরকার
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন। প্রয়োজনে সাংসদদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠনে তিনি মত দিয়েছেন।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় আবদুল জলিল এ কথা বলেন। ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এ আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের নেতা হাজি মোহাম্মদ সেলিম প্রমুখ।আবদুল জলিল বলেন, ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার দরকার ছিল, কারণ তখন সংবিধান ছিল বিকৃত। এখন ৭২-এর সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে। তাই আর তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই।’আবদুল জলিল বলেন, নির্বাচনকালীন সময়ে একটি অন্তর্বর্তী সরকার থাকতে পারে। এই বিষয়ে বিরোধী দল যদি সংসদে প্রস্তাব দেয় এবং তা যদি যুক্তিযুক্ত হয়, তাহলে আওয়ামী লীগ তা মেনে নেবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বিষয়ে সংসদ বা এর বাইরে আলোচনা হতে পারে। নির্বাচিত সাংসদদের মধ্য থেকেও একটি অন্তর্বর্তী সরকার গঠন করা যেতে পারে বলে মন্তব্য করেন জলিল। বিরোধী দলকে সংসদে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজপথে চিত্কার করে লাভ নেই। রাস্তায়, মাঠে ময়দানে নয়, সংসদে আসুন।’ জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দিয়ে আবদুল জলিল আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন, ‘এ সরকারের অনেক অর্জন আছে। কিন্তু সেগুলো সাংগঠনিকভাবে জনগণের কাছে তুলে ধরা যাচ্ছে না। তিনি আওয়ামী লীগ সরকারের এসব অর্জন জনগণের কাছে তুলে ধরতে নেতাদের প্রতি আহ্বান জানান।’