প্রযুক্তিপণ্যের ব্যবসা করার সময় এখন
সময়ের হাত ধরে মানুষের চাহিদা আর কাজের ধরনেও পরিবর্তন এসেছে। যেমন: একসময় দরকারি কাগজপত্র হাতে-কলমে তৈরি করা হতো এবং তা দুরত্বভেদে প্রাপকের কাছে পৌঁছাতে দীর্ঘ সময় লাগত।কিন্তু এসব দরকারি কাগজপত্র এখন খুবই অল্প সময়ের মধ্যেই কম্পিউটারে তৈরি করা যায় এবং মুহূর্তেই তা ইন্টারনেটের মাধ্যমে কাছে-দূরে বিশ্বের যেকোনো প্রান্তের প্রাপকের কাছেই পৌঁছানো সম্ভব। কারণ, দুনিয়াজুড়ে এখন চলছে ইনফরমেশন টেকনোলজি বা তথ্যপ্রযুক্তির (আইটি) যুগ। আর কম্পিউটার-ইন্টারনেটসহ নানা প্রযুক্তির চাহিদা ও ব্যবহার দ্রুত বাড়তে থাকায় প্রযুক্তিপণ্যের ব্যবসা করার ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। এরই মধ্যে ব্যবসাটা জনপ্রিয় হয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। চাইলে আপনিও নেমে পড়তে পারেন সম্ভাবনাময় এই ব্যবসায়। প্রযুক্তিপণ্যের ব্যবসার সাত-সতেরো নিয়েই এ উপস্থাপনা।এ ব্যবসার নানা কথাপ্রযুক্তিপণ্যের ব্যবসায়ে নিয়োজিত ব্যক্তিদের অনেকেই জানান, এটি মোটামুটি লাভজনক। যেমন: লক্ষ্মীপুর জেলা শহরে ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে ডায়নামিক কম্পিউটার্স লিমিটেড নামে ছোট্ট একটি বিক্রয়কেন্দ্র যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি অবশ্য কম্পিউটারের ওপরও প্রশিক্ষণ দেয়। যাত্রা শুরুর মাত্র তিন বছরের মধ্যেই এ প্রতিষ্ঠান লক্ষ্মীপুর শহর ছাড়াও রায়পুর, নোয়াখালী ও ঢাকায় একটি করে বিক্রয়কেন্দ্র চালু করতে সক্ষম হয়েছে। চারটি প্রতিষ্ঠানে দেড় শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে, বরিশাল শহরে ২০০৮ সালে ঝলক কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান ছোট পরিসরে প্রযুক্তিপণ্যের ব্যবসা শুরু করে বছর চারেকের মধ্যে এখন মোটামুটি চোখে পড়ার মতো একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।পাশাপাশি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বরিশাল শহরেই ইতিমধ্যে ভার্টেক্স টেকনোলজি নামে আরেকটি প্রযুক্তিপণ্যের দোকান খুলেছেন।একইভাবে ঢাকার রায়ানস আইটি লিমিটেডও সারা দেশে এখন নয়টি শাখার মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান জানান, তিনি ২০০০ সালে ছোট পরিসরেই এ ব্যবসা শুরু করেন, যা ধীরে ধীরে সততা আর আন্তরিক গ্রাহকসেবার বদৌলতে আজকের পর্যায়ে উন্নীত হয়েছে। লক্ষ্মীপুর, বরিশাল ও ঢাকার এই তিনটির মতো দেশব্যাপী অনেক প্রতিষ্ঠানই তথ্যপ্রযুক্তির ব্যবসায়ে যথেষ্ট বিকাশ লাভকরেছে।কেউ কেউ তো এক প্রতিষ্ঠান দিয়ে শুরু করে একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি ও অফিসগুলোর মাধ্যমে খোঁজ নিয়েই এমন সব তথ্য পাওয়া গেছে।প্রযুক্তিপণ্যের চাহিদা প্রসঙ্গে বরিশালের ঝলক কম্পিউটার্সের স্বত্বাধিকারী জাহিদ হাসান জানান, অনেক কাজেই এখন তথ্যপ্রযুক্তির সহায়তা নিতে হয়। কোনো কোনো কাজ তো পুরোপুরিই তথ্যপ্রযুক্তির ওপর নির্ভরশীল। যে কারণে প্রযুক্তিপণ্যের চাহিদা ও বেচাকেনা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে গ্রাহকসেবা ও প্রশিক্ষণদিয়েও বাড়তি আয়-রোজগার করার ক্ষেত্র তৈরি হয়েছে।ভালো করতে হলেঅন্য সব ব্যবসার সঙ্গে প্রযুক্তিপণ্যের ব্যবসায়ে কিছু বিষয়ে ভিন্নতা রয়েছে বলে জানান লক্ষ্মীপুরের ডায়নামিক কম্পিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ। তিনি বলেন, প্রযুক্তিপণ্যের ব্যবসায়ে তথ্যপ্রযুক্তির জ্ঞান থাকা সবচেয়ে বেশি জরুরি। কারণ, গ্রাহক প্রতিনিয়তই তথ্যপ্রযুক্তির নতুন নতুন মাধ্যমে উৎসাহী হচ্ছেন। এ কারণে আবার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোও নতুন পণ্য ও সেবা এবং পণ্যের নতুন সংস্করণ নিয়ে আসছে। তাই সব সময়ই চলতি প্রযুক্তি ও প্রযুক্তিগত সেবা সম্পর্কে ধারণা রাখতে হবে।তবে উদ্যোক্তাদের প্রযুক্তিজ্ঞানের সঙ্গে ব্যবসায় টিকে থাকার ইচ্ছাশক্তিও থাকতে হবে বলে মনে করেন আহমেদ হাসান। তিনি বলেন, প্রযুক্তিপণ্যের ব্যবসা নানা সময় নানা কারণে ওঠানামা করে। কোনো মৌসুমে ব্যবসা খারাপও হতে পারে। এ সময় অনেক ব্যবসায়ী নিজেকে গুটিয়ে নেন, অনুৎসাহী হয়ে ব্যবসা থেকে সরে দাঁড়ান। তাই প্রতিনিয়ত ব্যবসায় নিজেকে ধরে রাখার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি বিক্রয়কেন্দ্রের গ্রাহকসেবার মান বাড়াতে হবে। তাহলেই প্রযুক্তিপণ্য ব্যবসায়ে ভালো করা সম্ভব।যেভাবে হবে শুরুটাপ্রযুক্তিপণ্যের ব্যবসায় শুরুর দিকটা অনেক গুরুত্বপূর্ণ বলে জানান আহমেদ হাসান। তিনি বলেন, ঢাকার বাইরে এখন এ ধরনের ব্যবসা করে লাভবান হওয়া যেতে পারে। তবে গবেষণা আর পরিকল্পনা না করলে ব্যবসায় লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা বেশি থাকে।তবে বিভিন্ন পর্যায়ে আলোচনাকালে জানা যায়, জেলা শহরের বাইরে কেউ এ ধরনের ব্যবসা শুরু করতে চাইলে তাঁকে খোঁজখবর নিয়ে দেখতে হবে যে ওই জায়গায় অন্য কোনো প্রযুক্তিপণ্যের দোকান বা ব্যবসাকেন্দ্র আছে কি না। সেখানে প্রযুক্তিপণ্যের চাহিদা কেমন সেই সম্পর্কেও জেনে নিতে হবে। আর ব্যবসার শুরুর সময় সবচেয়ে কম খরচে বা বিনিয়োগে ব্যবসার প্রাথমিক কাজ যেমন,দোকান নেওয়া, সাজসজ্জা, পণ্য ওঠানো ইত্যাদি কাজ সারতে হবে। ব্যবসা শুরুর প্রথম বছরে কম লাভ করার মানসিকতা থাকতে হবে। এতে সুনাম ও গ্রাহক বা ক্রেতা দুটোই বাড়বে, যা পরে ব্যবসা সম্প্রসারণে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। এ ছাড়া উদ্যোক্তাকে এটিও মনে রাখতে হবে যে প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীরাও অনেক গুরুত্বপূর্ণ। সে জন্য এমন কর্মী নিয়োগ দিতে হবে, যাঁরা গ্রাহকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন। ট্রেড লাইসেন্স পেতে হলেএ ধরনের ব্যবসা করতে গেলে কিন্তু সবার আগে প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স। এটি পেতে হলে পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশনের নির্দিষ্ট আবেদনপত্রে আবেদন করতে হবে। এ জন্য পরিশোধ করতে হবে নির্দিষ্ট পরিমাণ ফি। আর সঙ্গে লাগবে নাগরিকত্বের সনদ, দুই কপি পাসপোর্ট আকারের ছবি, দোকানভাড়া বা মালিকানার রসিদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।