প্রযুক্তির পথে নতুন সেবা, কিন্তু যথেষ্ট প্রচার নেই
তথ্যপ্রযুক্তির এই যুগে মোবাইল ফোন বা ইন্টারনেটের গতির সঙ্গে তাল মেলাতে সচেষ্ট হয়েছে ডাক বিভাগও। মোবাইল ফোনে কথা, বিদ্যুৎগতি এসএমএস বা বেসরকারি কুরিয়ারের ক্রমবর্ধমান রমরমার মুখে পিছিয়ে পড়া সরকারি এ সেবা বিভাগটি অস্তিত্বের প্রয়োজনেই ঘুরে দাঁড়াতে চাইছে। ডাক বিভাগ বলছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে নেটওয়ার্ক আছে তাকে তারা কাজে লাগাতে চায়। তবে যথাযথ প্রচারণার অভাবে তাদের নতুন সেবা জনগণের জানার বাইরে থেকে যাচ্ছে।মহাপরিচালক মোবাশশের উর রহমান প্রথম আলোকে বলেন, ডাক বিভাগ তার দুর্নাম ঘুচিয়ে একটি উজ্জল ভাবমূর্তি তৈরি করতে চায়। এ জন্য নীতিমালা সংশোধন করা হয়েছে। বাড়ানো হচ্ছে ডাক বিভাগের আধুনিক সুযোগ সুবিধা। মোবাইল ফোন ও ই মেইলের মতো প্রযুক্তির প্রসারের ফলে বেশ কিছুদিন ধরেই কমে যাচ্ছে চিঠি লেখার প্রবণতা। বিশেষ করে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে। ডাক বিভাগের বিলি করা চিঠির বড় অংশই এখন দাপ্তরিক। ডাক বিভাগের দেওয়া হিসাব অনুযায়ীই, গত এক দশকে তাদের চিঠিপত্র বিলি প্রায় অর্ধেক কমে গেছে। চিঠির মতো ব্যাপক হারে না হলেও কমছে মানি অর্ডারও। গত বছর মানি অর্ডারের সংখ্যা ছিল এক লাখ ২৫ হাজার। অথচ এর পাঁচ বছর আগে এ সংখ্যা ছিল এক লাখ ৫৬ হাজার। সেবার মান নিয়ে গ্রাহকদের অসন্তুষ্টিসহ নানা কারণে আয় কমে যাচ্ছে ডাক বিভাগের। বেসরকারি কুরিয়ারগুলো টাকাও পাঠায় বলে ডাক বিভাগের মানি অর্ডার পাঠানোও কমছে। এ অবস্থায় অস্তিত্ব টিকিয়ে রাখতেই বদলাতে হচ্ছে ডাক বিভাগকে। এক্ষেত্রে তার অস্ত্র হচ্ছে প্রযুক্তি। সাম্প্রতিক সময়ে ডাক বিভাগ চালু করেছে টাকা পাঠানোর আধুনিক ব্যবস্থা ইলেক্ট্রনিক মানি ট্র্যান্সফার সার্ভিস (ইএমটিএস) ও পোস্টাল ক্যাশ এই দুটি ব্যবস্থা। কয়েক বছর আগে চালু করা ই-পোস্ট প্রকল্পটি প্রত্যাশামত সাফল্য পায়নি। দেশের ডাকঘরগুলোকে সাধারণ মানুষের জন্য ই-মেইলের মতো যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে চালু হয়েছিল ই পোস্ট। কিন্তু ডিজিটাল বাংলাদেশের কথা বলা হলেও এই তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের সময়েই ডাক বিভাগের এ প্রকল্পের সাড়া আশানুরূপ নয় বলে জানিয়েছেন শীর্ষ কর্মকর্তারা। মুঠোফোনের দ্রুত প্রসারের এই সময়ে ডাক বিভাগের মোবাইলভিত্তিক নতুন সেবা ইলেক্ট্রনিক/মোবাইল মনি অর্ডার সার্ভিস (ইএমটিএস) লাভজনক সেবা হিসেবে প্রমাণিত হয়েছে। এই সার্ভিসের মাধ্যমে দেশের নানা প্রান্তে মুহূর্তেই টাকা পাঠানো যায়। গত বছরের ২৬ মার্চ চালু হওয়া ইএমটিএস সেবা এক বছরের মাথায় বেশ সাড়া পেয়েছে। ডাক বিভাগের লাভও হয়েছে। তবে একে আরো পরিচিত করতে নেই দরকারি প্রচারণা। সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক এ সেবা সম্পর্কে প্রচারণা চালানো হলে এটি আরও ছড়িয়ে পড়তো। ইএমটিএস এ মুঠো ফোন ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে টাকা পাঠানো যায়। এজন্য প্রথম এক হাজার টাকায় ২০ টাকা এবং পরবর্তী প্রতিহাজারে ১০ টাকা করে ফি নেয় ডাক বিভাগ।এখন পর্যন্ত সারাদেশে এক হাজার ৫৫০টি ডাক ঘরে এ সেবা চালু করা হয়েছে। সব জেলার প্রধান ডাক ঘর, সব উপজেলা ডাকঘর এবং নির্বাচিত কিছু উপ ডাকঘরে এ সেবা দেওয়া হচ্ছে। ক্রমে সব উপ ডাক ঘরেও তা বিস্তৃত করার চিন্তা করছে কর্তৃপক্ষ।চালু হওয়ার পর থেকে প্রতিমাসেই ইএমটিএস সেবা গ্রহীতার সংখ্যা বেড়েছে। গত বছরের মে মাসে মোট ইএমটিএস হয়েছিল দুই হাজার ৪৩৩টি (৮০ লাখ ৪৮ হাজার ৪৮৯টাকা)। সর্বশেষ গত মার্চ মাসে মানি অর্ডার হয়েছে দুই লাখ ১০ হাজার ৪১০টি (প্রায় ৮৮ কোটি টাকা)। গত নভেম্বর পর্যন্ত সাত মাসে এ সেবা থেকে ডাক বিভাগের নীট আয় হয়েছে দুই কোটি সাত লাখ ৩৭ হাজার ৮৯০ টাকা।বিজ্ঞাপনের টাকা নেই!: এরকম সাড়া জাগালেও আরও গ্রাহক আকৃষ্ট করতে তেমন প্রচারণা নেই। এখনো অনেকেই এ সেবা সম্পর্কে জানেন না। এ বিষয়ে ডাক বিভাগের মহাপরিচালক মোবাশশের উর রহমান স্বীকার করেন, তারা এ সেবা সম্পর্কে তেমন কোন প্রচারণা চালাতে পারেননি। তারপরও বেশ ভালো সাড়া পেয়েছেন। মহাপরিচালক বলেন, ভালো প্রচারণা চালানো গেলে এ সেবা গ্রহীতা আরও অনেক বাড়তো বলে তিনি মনে করেন। প্রচারণা কেন নেই জানতে চাইলে মোবাশশের উর রহমান বলেন, টাকার অভাবে তা করা যাচ্ছে না। বিজ্ঞাপন দেওয়ার জন্য ডাক বিভাগের যে বরাদ্দ থাকে তা বিভিন্ন ধরণের নিলাম বিজ্ঞপ্তি দিতেই শেষ হয়ে যায়। পোস্টাল ক্যাশ কার্ড: বিভিন্ন ব্যাংকের মতো ডাক বিভাগও সীমিত আকারে চালু করেছে ‘পোস্টাল ক্যাশ কার্ড’। এ কার্ড দিয়ে সরকার বিভিন্ন ভাতার টাকা তোলা ও বিদ্যুৎ ও গ্যাসের মতো ইউটিলিটি বিল শোধ করা যাবে। গত বছরের ২৬ মার্চ এর উদ্বোধন হয়। এখন ঢাকার ছয়টি এবং কুমিল্লার ২৫টি ডাকঘরে এ সুবিধা দেওয়া হচ্ছে। প্রথম ধাপে ৬০০টি ডাকঘরে এটি চালুর পরিকল্পনা রয়েছে।ডাক মহাপরিচালক বলেন, পোস্টাল ক্যাশ কার্ড প্রাথমিকভাবে দেশের সামাজিক নিরাপত্তার আওতায় থাকা ৩০ লাখ মানুষের কাছে সরকারের বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার কাজ করবে। এতে সরকারের খরচ অনেক কমবে। এছাড়া এটি এটিএম কার্ডের মতো কাজ করবে এবং গ্যাস, পানি, বিদ্যুতের মতো বিল পরিশোধও এ দিয়ে করা যাবে। ই-পোস্ট নিয়ে হতাশা: ডাক বিভাগ তাদের সব শাখা ডাকঘরকে এক একটি ই-সেন্টারে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছিল। এজন্য সব ডাকঘরে একটি করে ল্যাপটপ, মোবাইল ফোন, ইন্টারনেট সংযোগ, ডিজিটাল ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্র দেওয়ার প্রস্তাব করা হয়। ওই প্রকল্পের জন্য ৫৯৭ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়। কিন্তু ২০০০ সালের ১৬ আগস্ট ১৬টি ডাকঘরে পরীক্ষামূলকভাবে ওই প্রকল্প চালুর পর দশ বছরের বেশি সময়ে এ সেবা সম্প্রসারিত হয়নি। দেশের সাড়ে আট হাজার স্থানীয় ডাকঘরকে পোস্ট ই সেন্টারে পরিণত করার পরিকল্পনা ছিল। কিন্তু পরীক্ষামূলক প্রকল্পে আশানুরূপ ফল না পাওয়ায় এর ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। মহাপরিচালক বলেন, ‘ই -পোস্ট প্রকল্পে আমরা খুব বেশি সাফল্য পাইনি। তাই আমরা এ ব্যাপারে খুব আশাবাদী না।’