প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে দক্ষ মানবসম্পদ গড়ে তুলুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১১ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারি কাজে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে চাই।’ তিনি বলেন, এ লক্ষ্যে সব সরকারি দপ্তরকে একটি নেটওয়ার্কের আওতায় আনার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এরই মধ্যে ই-জিপি সিস্টেম ও ওয়েব পোর্টাল তৈরির কাজ শেষ হয়েছে।মন্ত্রিপরিষদসচিব আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান এবং ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এটুআই প্রোগ্রাম যৌথভাবে এ মেলার আয়োজন করে।বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৮০টি প্রতিষ্ঠান এবং ছয়টি বেসরকারি প্রতিষ্ঠান এই মেলায় তাদের তথ্যপ্রযুক্তির সেবা প্রদর্শন করছে। বাসস।