প্রযুক্তির সহায়তায় মানবতার জয়
আনন্দে ভাসছে চিলি। সেই সঙ্গে দীর্ঘ প্রতীক্ষা আর টানটান উত্তেজনারও হয়েছে অবসান। প্রযুক্তির সহায়তায় জয় হয়েছে মানবতার। সফলভাবে শেষে হয়েছে চিলির আটকে পড়া ৩৩ খনিশ্রমিকের উদ্ধার অভিযান। ৬৯ দিন ধরে পৃথিবীর আলো-বাতাস থেকে দূরে, খনির গহিনে দুই হাজার ৫০ ফুট নিচে আটকে ছিলেন এ ৩৩ শ্রমিক। সর্বশেষ আজ বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ০০৫৫টায় ৫৪ বছর বয়সী লুইস উরজুয়াকে উদ্ধার করার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে এ শ্বাসরুদ্ধকর অভিযানের। উদ্ধারকারীরা গতকাল বুধবার খুব ভোরের দিকে সবার আগে ফ্লোরেনসিও আভালোসকে খনির গভীর থেকে ওপরে তুলে আনেন। এর সঙ্গে সঙ্গে খনি এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আভালোসকে তাঁর পরিবারের সদস্যরা এবং চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনোরাও জড়িয়ে ধরেন। এ সময় উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে এবং ‘চিলি’ ‘চিলি’ বলে জাতীয়তাবাদী স্লোগান দিতে থাকে। এরপর একে একে উদ্ধার করা হয় অপর ৩২ জনকে। চিলির প্রেসিডেন্ট পিনেরা উচ্ছ্বাসিত হয়ে বলেন, ‘আজকের দিনটি চিলির ইতিহাসের অন্যতম আনন্দঘন দিন। আমি নিশ্চিত, এ আনন্দ চিলির প্রতিটি ঘরে পৌঁছে গেছে। সবার চোখে আজ আনন্দাশ্রু।’ তিনি আরও বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম, আটকে পড়া প্রত্যেক খনিশ্রমিককেই আমরা উদ্ধার করব, আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি।’গত কয়েক দিনের প্রাণান্তকর পরীক্ষা-নিরীক্ষার পর খনিশ্রমিকদের উদ্ধারের জন্য ক্যাপসুল-পদ্ধতি বের করা হয়। এই ক্যাপসুল হচ্ছে একটি লোহার খাঁচা, যে খাঁচাটি খনির একেবারে নিচে নামিয়ে শ্রমিকদের উদ্ধার করা হচ্ছে। এ পদ্ধতি চূড়ান্ত হওয়ার পরও বারবার পরীক্ষা করে উদ্ধারের সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এর পরই দুজন শ্রমিককে উদ্ধার করা হয়।গত ৫ আগস্ট চিলির উত্তরাঞ্চলীয় মরু এলাকার কপিয়াপোতের সোনা ও রুপার খনির একটি সুড়ঙ্গপথ ধসে ৩৩ জন শ্রমিক খনির একেবারে নিচে আটকে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এ দুর্ঘটনায় নিখোঁজ শ্রমিকদের সবাই নিহত হয়েছেন। পরে জানা গেছে, খনির একেবারে নিচে আটকে পড়া শ্রমিকদের সবাই বেঁচে আছেন। গত দুই মাস ধরে একটি পাইপের সাহায্যে ওপর থেকে খনির নিচে থাকা শ্রমিকদের জন্য বিভিন্ন খাদ্যসামগ্রী, পানি ও অন্য জীবনধারণের উপাদান সরবরাহ করা হয়। এভাবেই তাঁরা আলো-বাতাসহীন স্যাঁতসেঁতে খনির অভ্যন্তরে বেঁচে ছিলেন সম্পূর্ণ সুস্থভাবে। পৃথিবীর ইতিহাসে কোনো খনি দুর্ঘটনার পর খনির একেবারে নিচে আটকে পড়ে দীর্ঘদিন বেঁচে থাকার রেকর্ড ভঙ্গকারী ঘটনা এটি।—বিবিসি, রয়টার্স