অ্যানাটমি বিভাগের প্রভাষক ডা. এনামুল হক ও ফিজিওলজি বিভাগের প্রভাষক ডা. আমিনুল হককে অভিযুক্ত করে মামলা দায়েরবগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) শিক্ষার্থী মধুসূদন চক্রবর্তীর আত্মহত্যায় প্ররোচনার ঘটনা তদন্তের জন্য বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। মানবাধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সহযোগিতায় মধুসূদনের বাবা শংকর চক্রবর্তী ১২ মে সকালে দুজন শিক্ষককে অভিযুক্ত করে বগুড়ার প্রথম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নম্বর ৪২৪ সি/১১) করেন। বিচারক আনোয়ারুল হক শুনানি শেষে অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলাটি দণ্ডবিধির ৩০৬/৩৪ ধারায় করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক দুজন হলেন অ্যানাটমি বিভাগের প্রভাষক ডা. এনামুল হক ও ফিজিওলজি বিভাগের প্রভাষক ডা. আমিনুল হক।শংকর চক্রবর্তী এজাহারে উল্লেখ করেন, তাঁর ছেলে মধুসূদন চক্রবর্তী শজিমেকের ছাত্র ছিল। আসামিরা কলেজের প্রভাষক। মধুসূদন চক্রবর্তী স্বল্পমাত্রার বাকপ্রতিবন্ধী (তোতলা) হওয়ায় আসামিরা ক্লাসে তাঁকে উপহাস ও তামাশা করতেন। তিনি বিষয়টি জানার পর শিক্ষকদের অনুরোধ করলেও কোনো লাভ হয়নি। গত বছরের ১১ ডিসেম্বর শিক্ষক এনামুল হক ও আমিনুল হক পরপর ক্লাস নেন। তাঁরা অন্য শিক্ষার্থীদের সামনে তাঁর ছেলেকে অপমান এবং উপহাস ও ভর্ৎসনা করেন। এ ঘটনায় মধুসূদন আত্মহত্যার পথ বেছে নেন। তিনি কলেজের ছাত্রাবাস ছেড়ে ওই দিন বিকেলে শহরের চকযাদু রোডে চাঁদনী আবাসিক হোটেলে ওঠেন এবং বিষপান করেন। পরদিন ১২ ডিসেম্বর দুপুরে তাঁকে শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে মধুসূদনের মৃত্যু হয়। এর আগে তিনি তাঁর বাবাকে বাবু সম্বোধন করে দুটি চিরকুট লেখেন। যাতে শিক্ষকদের দোষারোপ করা হয়। এই চিরকুটে লেখা ছিল, ‘বাবু (বাবা) আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের সবাইকে খুব ভালোবাসি, কিন্তু অনেক দুঃখ নিয়ে আমি চলে যাচ্ছি। এ পড়ালেখা আমার দ্বারা হবে না, আজ স্যার যে অপমান করেছে, তা আমি কেনো দিন ভুলব না, বিদায় এ পৃথিবী।’ বাদীপক্ষের ব্লাস্টের প্যানেল আইনজীবী শেখ রেজাউর রহমান মামলা দাখিল করেন। এ সময় আইনজীবী হুসনে নূর রশিদ, আশরাফুন নাহার, দীপিকা সাহা প্রমুখ শুনানিতে অংশ নেন।এ ছাড়া মধুসূদনের মৃত্যুর পরপরই বগুড়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছিল। কিন্তু বাদীর অজ্ঞাতে ২-৫-২০১১ তারিখে এসআই আবু তাহের সংশ্লিষ্ট তদন্ত শেষ করে একটি চূড়ান্ত প্রতিবেদন আদালতে প্রদান করেন। এরপর মধুসূদনের বাবা শংকর চক্রবর্তী ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। তিনি বগুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষের বরাবর সুষ্ঠু তদন্তের জন্য আবেদন করতে গেলে তাঁর আবেদনপত্র গ্রহণ করা হয়নি এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও তিনি অভিযোগ করেন।বিষয়টি নিয়ে প্রথম থেকে বিভিন্ন প্রতিবন্ধী সংস্থা আন্দোলন করছে। চট্টগ্রামের মিরসরাই থানায় প্রতিবন্ধী সংগঠন ‘অপকা’ মানববন্ধন করে। ঢাকায় জাতীয় প্রতিবন্ধী ফোরাম একটি সভায় মধুসূদনের মৃত্যুর বিষয়ে জানায়। পরবর্তী সময়ে ফোরাম মানুষের জন্য ফাউন্ডেশনসহ বগুড়ায় বন্ধন প্রতিবন্ধী জেলা সংস্থা, স্পন্দন জেলা প্রতিবন্ধী নারী পরিষদ, সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং এডিডি ইন্টারন্যাশনাল যৌথভাবে সংবাদ সম্মেলন করে মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করে।উল্লেখ্য, গত ১০ এপ্রিল আইন অধিকার পাতায় ‘অনেক দুঃখ নিয়ে আমি চলে যাচ্ছি’ শিরোনামে একটি প্রতিবেদনে মধুসূদনের আত্মহত্যার ঘটনা প্রকাশিত হয়। এ প্রতিবেদনে মধুসূদনের লেখা কয়েকটি চিঠি এবং ব্লাস্টের তদন্ত সম্পর্কে উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়। সাধারণ পাঠকেরাও বিভিন্ন প্রতিক্রিয়ায় এ ঘটনার নিন্দা জানান। এ নিয়ে ১৭ এপ্রিল আইন অধিকার পাতায় পাঠকদের প্রতিক্রিয়াও প্রকাশিত হয়।