প্রশান্তিতে টেবিল টেনিস
আজিমপুর থাকে নয় বছর বয়সী প্রজ্ঞা। আর দশটা শিশুর মতো নয়, সে অটিজমে আক্রান্ত। তবু টেবিল টেনিস খেলাটা বেশ ভালোভাবেই আয়ত্ত করেছে। বাসার ছোট্ট ঝুলবারান্দাতেই নিয়মিত চর্চা করছে প্রজ্ঞা। সে বলে, ‘টেবিল টেনিস খেলতে অনেক বেশি ভালো লাগে। দাদার সঙ্গে খেলাটা বেশি জমে। প্রতিদিন বিকেলে আবার স্যারের সঙ্গেও খেলি।’বহুতল ভবনে ছেয়ে যাচ্ছে নগর। কমে যাচ্ছে খেলার মাঠ। গুটিকয়েক মাঠ থাকলেও সেখানে মা-বাবারা সন্তানদের খেলতে পাঠিয়ে নিশ্চিত হতে পারেন না। তাই অনেকেই সন্তানদের নিরাপত্তার কথা ভেবে ঘরেই খেলার ব্যবস্থা করেন। এ ক্ষেত্রে অনেকের পছন্দ টেবিল টেনিস। শরীরচর্চা আর সুস্থ বিনোদন পেতে বড়রাও ঝুঁকছেন এই খেলায়। শিক্ষাপ্রতিষ্ঠানে তো বটেই, কোনো কোনো অফিসেও করা হচ্ছে টেবিল টেনিস খেলার ব্যবস্থা।শরীর-মনের প্রশান্তির জন্য খেলতে গিয়ে আবার অনেকেই দক্ষ হয়ে উঠছেন। আজিমপুরের প্রজ্ঞার পরিবার এখন আশা করছে সে স্পেশাল অলিম্পিকে অংশ নেবে। এ বিষয়ে তার মা অজান্তা রানী সাহা বলেন, ‘প্রজ্ঞার খেলা নিয়ে আমি আশাবাদী। তাই ওকে স্পেশাল অলিম্পিকে অংশ নেওয়ানোর জন্য আগেভাগেই প্রস্তুত করছি।’শিক্ষাপ্রতিষ্ঠানে খেলতে গিয়েই অনেকে টেবিল টেনিসে দক্ষ হয়ে উঠেছেন। এ বিষয়ে একটি বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানে কর্মরত মতিঝিলের বাসিন্দা কাশাফ রহমান বলেন, ‘স্কুল কিংবা কলেজে প্রিয় খেলা ছিল ক্রিকেট আর ফুটবল। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর পছন্দের খেলার তালিকায় স্থান করে নিয়েছে টেবিল টেনিস। টেবিল টেনিস খেলা এত ভালোবেসে ফেলেছি যে বাসায় ব্যবস্থা করে নিয়মিতই টেবিল টেনিস খেলি। কখনো বাড়ির কেউ, কখনো বা বন্ধুদের সঙ্গে খেলি। বাড়িতে অল্প একটু জায়গায় খেলা যায় বলে ঝামেলা কম।’ধানমন্ডি ১১ নম্বর সড়কের বাসিন্দা মুনির হোসেন চৌধুরী বলেন, ‘আজকাল বাচ্চাকে মাঠে খেলতে পাঠিয়ে নিশ্চিন্তে বসে থাকা দায়। তাই বাড়ির ছাদেই বিকেলে আয়োজন করি টেবিল টেনিস খেলার।’মুনির হোসেন আরও জানান, বর্তমানে বাড়ি মানেই অ্যাপার্টমেন্ট। এর ফলে কেউ ঠিকমতো তাঁর প্রতিবেশীদের চেনেন না। তবে টেবিল টেনিস কিংবা অন্যান্য ইনডোর গেমের কারণে অন্য প্রতিবেশীদের চেনা হচ্ছে। তাঁদের সঙ্গে যোগাযোগ বাড়ছে, বাড়ছে হূদ্যতা। তাঁদের ভবনের ছাদে টেবিল টেনিস খেলার ব্যবস্থা থাকায় যে কেউ যখন খুশি এসে খেলতে পারেন। বড়দের সঙ্গে ছোটরাও খেলায় অংশ নেয়।ওই ভবনের বাসিন্দা প্রথম শ্রেণীতে পড়ুয়া আরিয়ানা আর সাজিদ ভালো করে টেবিলের নাগাল পায় না। কিন্তু তার পরও টেবিল টেনিসের ব্যাট নিয়ে ছোটাছুটি করে। একই ভবনের বাসিন্দা শিকেতুর রাশেদ বলেন, ‘অল্প জায়গায় খুব বেশি ছোটাছুটির খেলা হলো টেবিল টেনিস।’ কেবল বাড়িতেই নয়, মাঝেমধ্যে অফিসেও খেলে থাকেন। নিয়মিত টেবিল টেনিস খেললে শরীর ঝরঝরে থাকে বলে তিনি জানান।বাসাবাড়ির পাশাপাশি আজকাল বিভিন্ন অফিসেও করা হচ্ছে টেবিল টেনিস খেলার ব্যবস্থা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আশিকুল হোসেন বলেন, ‘ছাত্রাবস্থায় অনেক বেশি খেলতাম, তবে অফিসে কাজের ফাঁকে সময় পেলেই ১০ মিনিটের জন্য খেলে নিই টেবিল টেনিস। উদ্দেশ্য একটাই, তা হলো কাজের একঘেয়েমি দূর করা।’টেবিল টেনিস কেবল যে ছেলেদের খেলা, এমনটা মানতে নারাজ বেসরকারি ব্যাংকে কর্মরত সাইদা আফজালুন নেছা। তিনি বলেন, ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ার সুবাদে তাঁর টেবিল টেনিসের হাতেখড়ি হয়েছে অনেক বছর আগে। পরে বিশ্ববিদ্যালয়ে ক্লাসের ফাঁকে ও বাড়িতে খেলা হতো টেবিল টেনিস। আর এখন তো অফিসেই ব্যবস্থা আছে টেবিল টেনিসের। উদ্দেশ্যটাও নেহাত প্রয়োজনেই, কাজের ফাঁকে একটু চনমনে হয়ে আরও উদ্যম নিয়ে কাজ করা। ‘অফিসে কাজের ফাঁকে চা খাওয়ার একটু ফুসরত মিললেই ক্যানটিনে গিয়ে হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে যাই টেবিলের সামনে।’ বলছিলেন সাইদা আফজালুন নেছা।অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই রয়েছে টেবিল টেনিস খেলার সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নিয়মিতই টেবিল টেনিস খেলেন অনেক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক শওকতুর রহমান জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতার কথা চিন্তা করে টেবিল টেনিসসহ নানা ধরনের খেলার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। অল্প সময়েই অধিক পরিশ্রম হয় এই খেলায়। তাই অনেক শিক্ষার্থীই খেলতে আসে। আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন কুমার মিত্র। তিনি জানান, নিয়মিত টেবিল টেনিস খেললে শরীর সুস্থ থাকে। আর নগরে যেহেতু জায়গা কম এবং শিশুরা স্থূল হয়ে যাচ্ছে, তাই প্রতিটি পরিবারের উচিত শিশুকে বিভিন্ন ধরনের খেলাধুলা করানো। আর পরিশ্রমের খেলার কথা এলে একবাক্যে বলতে হয়, টেবিল টেনিসের জুড়ি নেই।টেবিল টেনিস খেলতে দরকার টেবিল বা বোর্ড, ব্যাট, বল, নেট, টিটি পোস্ট (স্ট্যান্ড) প্রভৃতি। নগরের ক্রীড়াসামগ্রীর দোকানগুলোয় মিলবে এসব সরঞ্জাম। ব্র্যান্ডের জিনিস কিনলে দাম একটু বেশি পড়বে। আর নন-ব্র্যান্ডের উপকরণের দাম তুলনামূলক কম।