প্রশান্তির ছোঁয়া
সকাল সাতটায় ঘুম ভাঙতে চায় না স্কুলছাত্র শুভ্রর। তার পরও উঠতে হয় তাকে। কারণ, ঘুম থেকে উঠে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছেন শুভ্রর মা আর বড় বোন রাফিয়া। ওদের সবার গন্তব্য ধানমন্ডি ২ নম্বর সড়কে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া যোগব্যায়ামের ক্লাসে যোগ দিতে রওনা দেন তাঁরা।ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গিয়ে কথা হলো ইকবাল আহম্মেদের সঙ্গে। হঠাৎ করেই এক বন্ধুর পরামর্শে যোগব্যায়াম শুরু করেন তিনি। এখন নিজেকে আগের চেয়ে অনেক বেশি সুস্থ বলে মনে হয় তাঁর। সকালে যোগব্যায়াম করলে সারা দিন পূর্ণ শক্তি নিয়ে কাজ করতে পারি। এমনটাই বলছিলেন চল্লিশোর্ধ্ব ইকবাল আহম্মেদ। ব্যস্ত নগরবাসী শারীরিক ও মানসিক চাপ দূর করতে ঝুঁকছেন যোগব্যায়ামের দিকে। কেননা, যোগব্যায়ামে ভারী যন্ত্রপাতির ব্যবহার নেই। নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া। কোয়ান্টাম ফাউন্ডেশনের যোগব্যায়ামবিষয়ক পরিচালক ও সমন্বয়কারী সুরাইয়া রহমান জানান, কিছু আসন আর হালকা ব্যায়ামেই শরীর আর মন হয়ে যায় ঝরঝরে আর চনমনে। দিন দিন তাই যোগব্যায়ামের প্রতি নগরবাসীর আগ্রহ বাড়ছে।ভোর ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের দিকে কিছুটা হন্তদন্ত হয়েই ছুটছিলেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী নাজনীন রহমান তান্নী। সেখানে সাড়ে ছয়টা থেকে শুরু হবে যোগব্যায়ামের ক্লাস। নাজনীন বলেন, খুব বেশি দিন হয়নি যোগব্যায়ামের ক্লাস শুরু করেছি। তবে এরই মধ্যে উপকার পেয়েছি বেশ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে গিয়ে দেখা গেল, যাঁরা যোগব্যায়াম শিখতে এসেছেন, তাঁদের সবাই মেয়ে। তবে কিছুদিন আগে অল্পসংখ্যক ছেলে নিয়ে নতুন একটা ব্যাচ চালু হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের যোগব্যায়ামের প্রশিক্ষক নাজনীন রহমান। তিনি জানান, শারীরিক শিক্ষাকেন্দ্রে যোগব্যায়ামের ওপর আট সেমিস্টারে ভাগ করা দুই বছরের ডিপ্লোমা কোর্স করানো হয়। যেখানে যোগব্যায়ামের তত্ত্বীয় বিষয়ের সঙ্গে প্রায়োগিক দিকটাও শেখানো হয়। এখান থেকে চার সেমিস্টার শেষ করা জান্নাতুল ফেরদৗস যোগব্যায়ামের তত্ত্বীয় বিষয়টা বেশি উপভোগ করেন। তাঁর মতে, মেয়েদের জন্য যোগব্যায়ামের বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে যোগব্যায়ামের সুযোগ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ। পারসোনা হেলথ ক্লাবে মেয়েদের অন্যান্য ব্যায়ামের পাশাপাশি যোগব্যায়ামও করানো হয়। যোগব্যায়ামের প্রশিক্ষক তানজিনা চৌধুরী জানালেন, যোগব্যায়াম হলো দেহ ও মনকে প্রশান্তিতে রাখার অন্যতম একটা উপায়। মূল তিনটি বিষয়ের ওপর যোগব্যায়াম প্রতিষ্ঠিত। তা হলো আসন, প্রাণায়াম আর মুদ্রা। যোগব্যায়াম সনাতনী রীতি হলেও বর্তমানকালে চিকিৎসাবিজ্ঞানে এর গুরুত্ব কোনো অংশেই কম নয়।ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের ধানমন্ডি ও গুলশান দুই শাখায়ই যোগব্যায়াম শেখানো হয়। কেন্দ্রের পরিচালক অঙ্কন ব্যানার্জি বলেন, যোগব্যায়াম ভারতীয় উপমহাদেশের সংস্কৃতির একটা অংশ। আর ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্দেশ্যই হলো নিজেদের সংস্কৃতির প্রচার ও প্রসার। আর এরই ধারাবাহিকতায় চার বছর ধরে এই কেন্দ্রে যোগব্যায়াম শেখানো হয়। নারী-পুরুষ উভয়ই এখানে আসতে পারেন। আর যোগব্যায়ামের ক্ষেত্রে বয়সটাও মুখ্য নয়।নগরের বিভিন্ন ফিটনেস ক্লাবে যোগব্যায়াম শেখার সুযোগ রয়েছে। এগুলোর খরচও বিভিন্ন রকম। এর মধ্যে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে যোগব্যায়াম শেখার খরচ অনেক কম। তিন মাসের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রেও শিক্ষার্থীরা স্বল্প খরচে যোগব্যায়াম শিখতে পারেন। কোয়ান্টাম ফাউন্ডেশনে যোগব্যায়াম শিখতে এ ক্ষেত্রে খরচ পড়বে দুই থেকে আড়াই হাজার টাকা।বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন ইয়োগা বা যোগব্যায়ামের প্রশিক্ষক তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটির সভাপতি মোহাম্মাদ হারুন জানান, বাংলাদেশে যোগব্যায়ামের চর্চা শুরু হয় ১৯৯৮ সাল থেকে। তবে গত কয়েক বছরে এর জনপ্রিয়তা বেড়েছে অনেক। বিশেষত যোগব্যায়ামের ব্যাপারে মেয়েদের আগ্রহ বাড়ার অন্যতম কারণ হলো, এই ব্যায়াম মেয়েদের নানা ধরনের শারীরিক জটিলতা থেকে মুক্তি দেয়। এ ছাড়া যোগব্যায়াম শরীরের বাড়তি মেদ কমাতে এবং ত্বক সুন্দর রাখতেও সহায়তা করে। তিনি মনে করেন, একজন প্রশিক্ষকের অবশ্যই যোগব্যায়ামের ওপর পূর্ণাঙ্গ ধারণা থাকা প্রয়োজন। আর যিনি যোগব্যায়াম চর্চা করছেন, তাঁকেও দক্ষ প্রশিক্ষকের কাছ থেকে যোগব্যায়াম শেখার পরার্মশ দেন তিনি।