প্রশাসক দিয়ে মেয়রের দায়িত্ব পালন কেন অসাংবিধানিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন গঠনের পর মেয়রের পরিবর্তে প্রশাসক হিসেবে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার মাধ্যমে দায়িত্ব পালনসংক্রান্ত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর ২৫ ধারা কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি নূরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।ওই আইনের ২৫ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জের দুই ভোটার খালিদ হাসান ও আবদুল মোত্তালিব রিট আবেদনটি করেন গত বৃহস্পতিবার। আবেদনকারীদের পক্ষে আজ শুনানিতে অংশ নেন আইনজীবী শাহদীন মালিক। তাঁকে সহায়তা করেন আইনজীবী মঞ্জুরুল আলম ও তৌহিদুল ইসলাম।শুনানিতে শাহদীন মালিক বলেন, ২০০৯ সালে স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনটি হয়। ওই আইনের ২৫ ধারায় বলা আছে, সিটি করপোরেশন গঠনের পর প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ করা যাবে। তিনি মেয়রের সব দায়িত্ব ও কর্তব্য দায়িত্ব পালন করতে পারবে। এটা সংবিধানের ১১ ও ৫৯ অনুচ্ছেদের লঙ্ঘন। কারণ সংবিধানে বলা আছে, নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা স্থানীয় সরকার গঠিত হবে। নজির তুলে ধরে শাহদীন মালিক বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন ঘোষণার ১০ বছর পর নির্বাচন হয়। ওই সময়কালে প্রশাসক দিয়ে করপোরেশনের কাজ চলে। নারায়ণগঞ্জে পৌরসভা ঘোষণার প্রায় ১৫ বছরেও নির্বাচন হয়নি। এমনকি উপজেলা পরিষদ আইন ১৯৯৮ সালে হয়েছে। কিন্তু নির্বাচন হয়েছে ২০০৯ সালে। প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকারের নির্বাচন না করার পাঁয়তারা লক্ষ করা যায়।