বেসরকারি প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ ও তাঁর দায়মুক্তির বিধান রেখে কোম্পানি আইন সংশোধনের যে উদ্যোগ সরকার নিয়েছে, ব্যবসায়ীরা তা সমর্থন করেন না। প্রস্তাবিত সংশোধনীকে ‘অগণতান্ত্রিক ও নিয়ন্ত্রণমূলক’ উল্লেখ করে তা কার্যকর না করার দাবি জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো।ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনসহ (এফবিসিসিআই) দেশের সাত ব্যবসায়ী সংগঠন এ দাবি জানিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে নিজেদের মধ্যে বৈঠক করে সন্ধ্যায় এক যৌথ বিবৃতি পাঠিয়ে এ দাবি জানায় সংগঠনগুলো।অন্য ছয় সংগঠন হলো—ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএ, বস্ত্রমিল মালিকদের সমিতি বিটিএমএ, নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি বিকেএমইএ।যৌথ বিবৃতিতে সই করেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, সাবেক সভাপতি মীর নাসির হোসেন, আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান, এমসিসিআইর সভাপতি আমজাদ খান চৌধুরী, ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামীন এবং বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান।সংগঠনগুলো বলছে, কোনো প্রতিষ্ঠানের প্রতারণামূলক বা জনস্বার্থহানিকর কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য ওই প্রতিষ্ঠানে যদি প্রশাসক নিয়োগ করতে হয়, তা হওয়া উচিত বর্তমান কোম্পানি আইন ১৯৯৪-এর আলোকে, আদালতের আদেশের মাধ্যমে। সরকারের প্রশাসনিক পদক্ষেপ হিসেবে তা করা উচিত নয়। সেদিক থেকে নতুন করে প্রশাসক নিয়োগসংক্রান্ত কোনো ধারা বা উপধারা সংযোজনের প্রয়োজন নেই। এমন সংশোধনীকে স্বার্থান্বেষী মহল অপব্যবহার করতে পারে।শীর্ষ ব্যবসায়ীরা মনে করেন, প্রস্তাবিত সংশোধনীতে প্রশাসকের চূড়ান্ত দায়মুক্তির বিধান রাখা হয়েছে। প্রশাসকের দায়মুক্তির বিধান কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কেননা এতে জবাবদিহি ও স্বচ্ছতা থাকে না। পাশাপাশি দুর্নীতির ব্যাপক সুযোগ থেকে যায়। তা ছাড়া এমন সংশোধনীর ফলে স্বার্থান্বেষী মহল অপব্যবহার করতে পারে।