প্রশাসক নিয়োগে কোম্পানি আইনের খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি কোম্পানিতে প্রশাসক নিয়োগের সুযোগ রেখে ‘কোম্পানি আইন (সংশোধন) অধ্যাদেশ ২০১২’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। আর্থিক অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার মামলায় ডেসটিনি এবং এর সহযোগী প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিরা আটক ও পলাতক থাকায় প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ করতে সরকার এই আইন সংশোধনের উদ্যোগ নেয়। কিন্তু আইনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে সরকার চাইলে যেকোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের সুযোগ পাবে। ফলে এ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে।সচিবালয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ১৯৯৪ সালের এই আইন সংশোধন করে ‘কোম্পানি আইন (সংশোধন) ২০১২ অধ্যাদেশ’ আকারে জারির প্রস্তাবসহ গ্রাম আদালত (সংশোধিত) ২০১২, মালয়েশিয়ায় সরকারিভাবে জনশক্তি রপ্তানির সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব ও জাতীয় সমবায় নীতি ২০১২-এর খসড়া অনুমোদন করা হয়েছে।কোম্পানি আইন অধ্যাদেশ: বৈঠক শেষে কোম্পানি আইন সংশোধন অধ্যাদেশ জারির প্রেক্ষাপট জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক কালে ডেসটিনি এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ ব্যাংকিং, বিভিন্ন রকম আর্থিক অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার অভিযোগ উত্থাপিত হয়েছে। সরকার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করিয়েছে। তদন্ত কমিটি এ-সংক্রান্ত প্রতিবেদনে কিছু সুপারিশ করেছে। তার একটি হলো প্রশাসক নিয়োগ।সচিব বলেন, বিশেষ করে, যাঁরা ডেসটিনির সদস্য আছেন, তাঁদের স্বার্থ রক্ষা করার জন্যই প্রশাসক নিয়োগ করার কথা বলা হয়েছে। কিন্তু বিদ্যমান আইনে প্রশাসক নিয়োগের কোনো বিধান নেই। সে প্রেক্ষাপটে এ আইনের খসড়া তৈরি করে এই বিধানকে অধ্যাদেশ হিসেবে জারি করার সুপারিশ করা হয়েছে। মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা করে তার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য আইনটি সতর্কতার সঙ্গে খুঁটিনাটি দেখে আবার মন্ত্রিসভায় নিয়ে আসার জন্য বলা হয়েছে।সচিব জানান, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিবন্ধিত কোনো কোম্পানির পরিচালককে বাদ দিয়ে এক বা একাধিক প্রশাসক নিয়োগ করা হবে। তবে সংশ্লিষ্ট কোম্পানির কার্যক্রমের বিষয়ে পরিচালনা পর্ষদকে কারণ দর্শানোর নোটিশ না দিয়ে কোনো প্রশাসক নিয়োগ করা যাবে না। পরিচালনা পর্ষদের জবাব সন্তোষজনক না হলেই প্রশাসক নিয়োগ করা যাবে। সাধারণভাবে কোনো প্রশাসক নিয়োগ হবে না।জানতে চাইলে কোম্পানি আইন বিশেষজ্ঞ এম জহির গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কোম্পানি আইনে প্রশাসক নিয়োগের যে ধারাটি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে সরকারের উদ্দেশ্য ভালো। কিন্তু মুশকিলের দিক হলো—যেভাবে প্রস্তাবটি এসেছে, হুবহু পাস করা হলে এর অপব্যবহারের সুযোগ থেকে যাবে।‘প্রস্তাবিত ধারাটি খুবই বিপজ্জনক’ মন্তব্য করে এম জহির বলেন, ‘এর রাজনৈতিক ব্যবহার হতে পারে। সরকারের কোনো শীর্ষ কর্মকর্তা যদি মনে করেন, অমুক কোম্পানিটি আমার সঙ্গে ভালো আচরণ করেনি; দিই একজন প্রশাসক বসিয়ে। প্রস্তাবিত ধারাটির বলে তখন তিনি তা করতে পারেন। তখন কিছু করার থাকবে না।’সমঝোতা স্মারক অনুমোদন: জনশক্তি পাঠানোর জন্য মালয়েশিয়ার সঙ্গে যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে, তার খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী ৯ নভেম্বর মালয়েশিয়ায় এটি সই হওয়ার কথা।মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ সমঝোতা স্মারকের মূল বিষয় হচ্ছে সরকারি পর্যায়ে জনশক্তি রপ্তানি। কর্মীরা মোট পাঁচ বছর সেখানে কাজ করতে পারবেন। প্রথমে কর্মীরা যাবেন দুই বছরের জন্য। পরে প্রথম পর্যায়ে দুই ও দ্বিতীয় পর্যায়ে এক বছর নবায়ন করতে পারবেন। কর্মীরা আট ঘণ্টা কাজ করবেন এবং সপ্তাহে এক দিন ছুটি পাবেন। যে কোম্পানির কাজ করবেন, সে কোম্পানির মালিক আসা-যাওয়ার বিমানভাড়া দেবেন। ন্যূনতম মজুরি পাবেন ৯০০ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ২৫ হাজার টাকা)। কোম্পানির মালিক মালয়েশিয়া বিমানবন্দরে শ্রমিকদের অভ্যর্থনা জানাবেন। ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই তা নবায়ন করা হবে। পাঁচ বছরে আনুমানিক পাঁচ লাখ কর্মী পাঠানো হবে এ প্রক্রিয়ায়।মন্ত্রিপরিষদ সচিব জানান, জনশক্তি রপ্তানির জন্য তথ্যভান্ডার তৈরি করা হবে। যাঁরা যোগ্য হবেন, তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে, স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এগুলো করবে বাংলাদেশ সরকার। আর মালয়েশিয়া সরকার ওই দেশে শ্রমিকদের চাকরির বিষয়টি দেখবে। এই চুক্তি বাস্তবায়নের বিষয়ে কোনো সমস্যা হলে দুই দেশের সমন্বয়ে যৌথ কমিটি সমাধান করবে। এমওইউ পাঁচ বছরের জন্য কার্যকর হবে। দুই পক্ষ সম্মত হলে সময় বাড়ানো যাবে।গ্রাম আদালত সংশোধন আইন: গ্রাম আদালত আইন-২০১২-এর খসড়া নীতিগত অনুমোদন করেছে সরকার। আগে আদালত গঠন করা হতো তিনজন নিয়ে। সংশোধিত আইনে এই সংখ্যা পাঁচজন করা হয়েছে। যদি কেউ এ আদালতে মিথ্যা মামলা দায়ের করেন, তবে মামলাকারী ও যিনি তাঁকে দিয়ে মামলাটি করিয়েছেন, তাঁদের কমপক্ষে দুই হাজার টাকা জরিমানা দিতে হবে। মামলায় নারী ও শিশুর বিষয় থাকলে অবশ্যই একজন নারী প্রতিনিধি রাখতে হবে।বিদ্যমান আইনে আছে, গ্রাম আদালত সর্বোচ্চ ২৫ হাজার টাকা জরিমানা করতে পারেন। সংশোধিত আইন কার্যকর হলে জরিমানা বেড়ে হবে ৭৫ হাজার টাকা। বিদ্যমান আইনে মধ্যস্থতার সুস্পষ্ট বিধান রেখে কিছু ধারা সংযোজন করা হয়েছে। যদি সমান সমান ভোটের কারণে কোনো মামলার সিদ্ধান্ত গ্রহণে অচলাবস্থা দেখা দেয়, তবে চেয়ারম্যান একটি নির্ধারণী ভোট দেবেন এবং এ ভোটের মাধ্যমেই আদালত সিদ্ধান্ত নেবেন। ২০০৬ সালের গ্রাম আদালত আইনে এ বিষয়ে কোনো বিধান ছিল না।মন্ত্রিসভার বৈঠকে এ পর্যন্ত গৃহীত সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে প্রতিবেদন পেশ করেন। সচিব জানান, বর্তমান সরকারের সময়ে (২০০৯ থেকে ২০১২-এর সেপ্টেম্বর পর্যন্ত) মোট বৈঠক অনুষ্ঠিত হয়েছে ১৬৮টি। একই সময়ে চারদলীয় জোট সরকার বৈঠক করেছিল ১৬২টি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক হাজার ১২১টি। বিগত সরকারের সময় এ সিদ্ধান্তের সংখ্যা ছিল ৫৭৮। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯২ শতাংশ, যা গত সরকারের আমলে ছিল ৭৬ শতাংশ। বর্তমান সরকারের আমলে নীতি অনুমোদন করা হয়েছে ৩৬টি, বিগত সরকারের আমলে অনুমোদন করা হয় ১৫টি। চুক্তি করা হয়েছে ৯২টি, বিগত সরকারের আমলে চুক্তি করা হয়েছিল ৪৫টি। বর্তমান সরকারের আমলে আইন পাস করা হয়েছে ১৯৬টি, বিগত সরকারের আমলে এ সংখ্যা ছিল ১২৮।বৈঠকে জাতীয় সমবায় নীতি ২০১২ অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিবছর জুলাই মাসে আন্তর্জাতিক সমবায় দিবস ও নভেম্বরের প্রথম সপ্তাহে পালন করা হবে জাতীয় সমবায় দিবস। এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয় গতকালের বৈঠকে।