প্রশাসক বসাতে কোম্পানি আইনে পরিবর্তন আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর জন্য বিদ্যমান কোম্পানি আইনে নতুন ধারা সংযোজন করতে যাচ্ছে সরকার। বেসরকারি খাতের প্রতিষ্ঠানের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের এ ধরনের উদ্যোগ এটাই প্রথম।বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর নিয়ম নেই। এই ধারা সংযোজিত হলে ডেসটিনি বা ডেসটিনির মতো প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগে সরকারের আইনি এখতিয়ার তৈরি হবে। বাণিজ্য মন্ত্রণালয় এরই মধ্যে ‘কোম্পানি আইনের অধীনে সরকার কর্তৃক প্রশাসক নিয়োগ’ শীর্ষক একটি খসড়া তৈরি করেছে। খসড়ার সারসংক্ষেপ কাল মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপিত হওয়ার কথা।সচিবালয়ে গতকাল মঙ্গলবার অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মর্তুজা রেজা চৌধুরীর সভাপতিত্বে এ বিষয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানি আইন সংশোধনের সারসংক্ষেপটি আজ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হচ্ছে।সভায় বাণিজ্য মন্ত্রণালয় ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ, স্বরাষ্ট্র, আইন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, সমবায় বিভাগ, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের (রেজসকো) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জানতে চাইলে মর্তুজা রেজা চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। সারসংক্ষেপে বলা হয়েছে, কোম্পানি আইন বা অন্য কোনো আইনে যা-ই থাকুক না কেন, প্রজ্ঞাপন জারির মাধ্যমে কোনো কোম্পানির পরিচালনা পর্ষদের ক্ষমতা রহিত করে সরকার ওই কোম্পানিতে এক বা একাধিক প্রশাসক নিয়োগ দিতে পারবে। এতে বলা হয়, কোম্পানির পরিচালকেরা যদি প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, কোম্পানি যদি অবৈধ উদ্দেশ্যে গঠিত হয়, পাওনাদারেরা যদি বঞ্চিত থাকেন, সরকার তখন ওই সব কোম্পানিতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেবে। ডেসটিনির নাম উল্লেখ না করে এতে আরও বলা হয়, প্রতারণা বা অর্থ পাচারের দায়ে পরিচালকেরা যদি অভিযুক্ত হন, তাঁরা যদি প্রতিষ্ঠানের যুক্তিসংগত কোনো তথ্য গোপন করে থাকেন, তখনো প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেবে সরকার।উল্লেখ্য, ১৯৯৪ সালের বিদ্যমান কোম্পানি আইন নতুন করে করা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্টদের নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় এক বছরে ১০টি বৈঠক করেছে। আগে আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা থেকে সরে এসে নতুন কোম্পানি আইন করবে সরকার। এর মধ্যে ডেসটিনির জন্য কোম্পানি আইনে সংশোধনী আনতে হচ্ছে।জানা গেছে, ডেসটিনির ওপর নিরীক্ষা কর্মকাণ্ড পরিচালনা করবেন প্রশাসক। ডেসটিনি গ্রুপের সচল প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে প্রশাসকেরই সার্বিক তত্ত্বাবধানে। প্রশাসক ব্যাংক হিসাব নিয়ন্ত্রণসহ ডেসটিনির দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং ডেসটিনির কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাজ করবেন তিনি।সম্পত্তি বিক্রি না করতে চিঠি: ডেসটিনি গ্রুপের পরিচালকেরা একক প্রতিষ্ঠান হিসেবে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি থেকে সবচেয়ে বেশি অর্থাৎ দেড় হাজার কোটি টাকা লুটপাট করেছেন বলে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে উঠে এসেছে। ডেসটিনি মাল্টিপারপাসের ওপর সমবায় অধিদপ্তরের একটি প্রতিবেদনেও একই ধরনের তথ্য রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, কোম্পানি আইনে নিবন্ধন না নেওয়ায় ডেসটিনি মাল্টিপারপাসের কোনো কিছু প্রশাসকের আওতায় আসবে না। জানতে চাইলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহিরকান্তি মজুমদার গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, ডেসটিনি মাল্টিপারপাসের সম্পত্তি যাতে কেউ বিক্রি না করতে পারে, সে ব্যাপারে ব্যবস্থা নিতে সমবায় অধিদপ্তরের নিবন্ধক হুমায়ুন খালিদকে গতকাল চিঠি পাঠানো হয়েছে। অধিদপ্তরের যেসব কর্মকর্তা ডেসটিনি মাল্টিপারপাসের নিরীক্ষায় তথ্য গোপন করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নিবন্ধককে বলা হয়েছে।