প্রশাসন ও দলকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মার্চ প্রধান বিরোধী দল বিএনপির ‘ঢাকা চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা ও অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে না পারে, সে জন্য প্রশাসন ও দলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। গত ১৮ ডিসেম্বরের মতো যাতে কোনো নাশকতামূলক ঘটনা ঘটতে না পারে, সে ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।বৈঠক সূত্র জানায়, কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী বৈঠকে প্রসঙ্গটি তোলেন। তাঁরা বিএনপি-জামায়াত জোট সরকারের সময় আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দেওয়া ও দমন-নির্যাতনের প্রসঙ্গও স্মরণ করিয়ে দেন। মন্ত্রীরা বলেন, খালেদা জিয়া মার্চের মধ্যে সরকার পতন ঘটানোর কথা বলছেন। এই হুমকি হালকাভাবে বা ছোট করে দেখলে ঠিক হবে না। একজন সাবেক প্রধানমন্ত্রী সরকার উৎখাতের সময় বেঁধে দিচ্ছেন। তাঁদের এই হুমকির পেছনে কী ষড়যন্ত্র আছে, তা খতিয়ে দেখা উচিত।মন্ত্রীদের এসব বক্তব্যের পর প্রধানমন্ত্রী কোনো নাশকতামূলক ঘটনার আশঙ্কা আছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেন। পাশাপাশি মন্ত্রিসভার সদস্য ও দলীয় সাংসদদেরও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।সূত্র জানায়, বৈঠকে ১৪ দল ও আওয়ামী লীগের নেতাদের সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্য নিয়েও আলোচনা হয়। নেতারা যা খুশি বলছেন বলে মন্ত্রীরা মন্তব্য করেন।