প্রশাসন-ছাত্রলীগ সমঝোতা, সচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের মধ্যে সমঝোতার পরিপ্রেক্ষিতে আজ রোববার থেকে ক্যাম্পাস সচল হয়েছে। ছাত্রলীগের কর্মী মো. আসাদুজ্জামান হত্যাকাণ্ডের জের ধরে ২০ এপ্রিল থেকে ক্যাম্পাসে অবরোধ পালন করে আসছিল ছাত্রলীগ। গতকাল শনিবার রাতে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে প্রশাসনের সঙ্গে ছাত্রলীগের নেতাদের বৈঠকের পর তাঁরা লাগাতার অবরোধ স্থগিত করেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন, বাসসহ বিভিন্ন যানবাহন স্বাভাবিকভাবে চলেছে। ক্যাম্পাসে বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে। তবে দূর-দূরান্তের শিক্ষার্থীরা এখনো ক্যাম্পাসে এসে পৌঁছায়নি। উপাচার্য আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক হয়েছে। ক্লাস ও পরীক্ষা চলছে।’ উপাচার্য যেকোনো ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন। অন্যথায় আইন নিজের গতিতে চলবে বলেও তিনি সতর্ক করে দেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বলেন, ‘আমরা আসাদুজ্জামান হত্যাকারীদের গ্রেপ্তার ও তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরীর পদত্যাগ, ছাত্রাবাসগুলোতে সহাবস্থান নিশ্চিত, ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছি। শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা অবরোধ কর্মসূচি আপাতত স্থগিত করেছি।’