প্রশাসন জামায়াতের তাণ্ডব দমন করবে: তথ্যমন্ত্রী (ভিডিও)
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর চিহ্নিত জামায়াত-শিবিরের উগ্রবাদীরা সারা দেশে সশস্ত্র তাণ্ডব চালিয়েছে। এটা মোকাবিলা করতে কিছু প্রাণহানি ঘটেছে। তা দুঃখজনক।আজ শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় কৃষিমেলা উদ্বোধনের আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটি ঘটনাই প্রমাণ দেবে, অতর্কিত সশস্ত্র উগ্রবাদী জামায়াতি চক্র প্রশাসনের ওপর অথবা সরকারি স্থাপনার ওপর আক্রমণ চালিয়েছে। এটা সাময়িক।’ তিনি বলেন, ‘জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। প্রশাসন শক্ত হাতে জামায়াত-শিবিরের তাণ্ডব দমন করবে। তারা দুই দিন সমস্যা সৃষ্টি করতে পারে, কিন্তু তিন দিনের দিন তারা কারাগারেই থাকবে।’সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে গতকাল ও আজ দেশজুড়ে সহিংসতা চালান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। রাজধানীসহ ১৫ জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে ৪০ জন নিহত হন। আহত হয়েছেন কয়েক শ ব্যক্তি।