প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘চারদলীয় জোট সরকার প্রশাসনকে চরম দলীয়করণ করার ফলে বর্তমান সরকারের কাজে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। সরকার পরিচালনা করতে গিয়ে তা পদে পদে টের পাচ্ছি। কাজ যাতে না হয়, কাজে যাতে বিলম্ব হয়, এ লক্ষ্যেই তারা কাজ করছে। প্রতিদিন কাজ করতে গিয়ে এসব প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে।’ বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার কোটা মানা হয়নি উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে দায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। স্বাস্থ্য বিভাগে নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা মানা হচ্ছে না উল্লেখ করে সাংসদ সানিজদা খানমের করা সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী গতকাল বুধবার সংসদে এ কথা বলেন। তিনি বলেন, ‘সব ধরনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার কোটা যাতে মানা হয়, তা আমি দেখব।’ গতকাল বিকেল তিনটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল পাঁচটি প্রশ্ন। চলতি অধিবেশনে এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম প্রশ্নোত্তর পর্ব। সংসদে প্রতি বুধবার প্রধানমন্ত্রী সরাসরি সাংসদদের প্রশ্নের জবাব দেন। গতকাল প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী সম্পূরকসহ ১০টি প্রশ্নের জবাব দেন। আওয়ামী লীগের জয়নাল আবেদীনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাচাই-বাছাই করে ভুয়া ব্যক্তিদের নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘জোট সরকারের আমলে মনগড়া মুক্তিযোদ্ধার তালিকা করে অনেক ভুয়া ব্যক্তিকে তালিকাভুক্ত করা হয়েছে। অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম তারা বাদ দিয়েছে। এ অবস্থা চিরতরে বন্ধ হওয়া উচিত। আমি এমপি সাহেবদের বলব, আপনারা নিজ নিজ এলাকাভিত্তিক মুক্তিযোদ্ধার তালিকা যাচাই-বাছাই করে ভুয়াদের চিহ্নিত করুন। বিএনপি-জামায়াত জোট সরকার মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে যা করেছে, তা গ্রহণযোগ্য নয়।’শেখ হাসিনা বলেন, আসলে আমাদের রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা করা উচিত ছিল। কারণ এ দেশের অধিকাংশ মানুষই মুক্তিযুদ্ধের পক্ষে অংশ নিয়েছিলেন। সবাই হয়তো বন্দুক নিয়ে যুদ্ধ করেননি, কিন্তু মুক্তিযোদ্ধাদের বাড়িতে আশ্রয় দিয়ে, খাইয়ে-পরিয়ে যুদ্ধ করতে সহায়তা করেছেন। এসব মানুষও তো মুক্তিযোদ্ধা। তাই স্বাধীনতাবিরোধীদের তালিকা আগে করা উচিত ছিল। তিনি জানান, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে সনদপত্র দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। প্রধানমন্ত্রী হিসেবে তিনি ৭০ হাজার সনদপত্রে সই করেছিলেন উল্লেখ করে বলেন, জোট সরকার এসে ওই সনদ ও তালিকা বাতিল করে দেয়। পরে এ তালিকায় অনেক ভুয়া নাম তারা ঢুকিয়েছে।জিয়াউর রহমান প্রসঙ্গ: প্রধানমন্ত্রী সরকারি দলের জয়নাল আবেদীনের অপর এক প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে বলেন, ‘জিয়া কর্নেল তাহের, ব্রিগেডিয়ার হুদা, খালেদ মোশাররফের মতো মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছেন। আজ যদি বলি, জিয়ার কবরের পাশে সেই মুক্তিযোদ্ধাদের কবর স্থানান্তর করতে, তাহলে তাঁদের পরিবারবর্গ রাজি হবেন কি না, জানি না।’ওয়ারেসাত হোসেনের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানের লাশের কথা বলে একটি বাক্স আনা হয়েছিল। কিন্তু আদৌ ওতে জিয়ার লাশ ছিল কি না, জানি না। ওই লাশ কেউ দেখতে পারেননি। এমনকি তাঁর স্ত্রী-সন্তানেরাও ওই লাশ দেখেননি। তিনি বলেন, জিয়াউর রহমান গুলিতে মারা গিয়েছিলেন। তাই তাঁর লাশ দেখানো যেত। ওই লাশ দেখা যায়নি বলেই মানুষের মনে সন্দেহ রয়েছে।রাজধানীর সীমানা গাজীপুর পর্যন্ত বাড়ানো হবে: রহমত আলীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকার সীমানা গাজীপুর পর্যন্ত বাড়ানো হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এক হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকাব্যাপী ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়ন করা হয়েছে। এ পরিকল্পনায় উত্তরে গাজীপুর, দক্ষিণে ধলেশ্বরী নদী, পশ্চিমে বংশী ও ধলেশ্বরী নদী এবং পূর্বে শীতলক্ষ্যা ও মেঘনা নদী পর্যন্ত বিস্তৃত এলাকাকে রাখা হয়েছে।ভূমি জরিপ: সাতক্ষীরার জাতীয় পার্টির সাংসদ এম এ জব্বারের লিখিত প্রশ্নের জবাবে সংসদনেত্রী জানান, কম্পিউটার পদ্ধতিতে ভূমি জরিপের কাজ পরিচালনার জন্য একটি প্রকল্প ভূমি মন্ত্রণালয় নিয়েছে। এ ছাড়া পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। আগামী অর্থবছর থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে।রাত সাড়ে আটটায় সংসদের অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।