প্রশাসন দিকনির্দেশনাহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সরকার কী ভূমিকা নেবে, জনপ্রশাসনের কাছে তা স্পষ্ট নয়।সচিবালয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে করণীয় সম্পর্কে সাধারণভাবে সরকারের কোনো নির্দেশনা নেই। মাঠপর্যায়ে একমাত্র নির্দেশনা হচ্ছে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’ গঠন করা।ওই নির্দেশনা অনুযায়ী, মহানগরগুলো ছাড়া অন্যত্র স্থানীয় প্রশাসনের নেতৃত্বে কমিটি গঠিতও হয়েছে। কিন্তু এসব কমিটির বৈশিষ্ট্য সর্বদলীয় না হয়ে অনেকটা সরকারি কর্মকর্তার নেতৃত্বে দলীয় কমিটির মতো হওয়ায় এর কার্যকারিতা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে।সচিবালয় ও মাঠপর্যায়ের প্রশাসনের অনেক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, দেশের কোথাও আবারও চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা কিংবা চট্টগ্রামের বাঁশখালীর মতো পরিস্থিতির উদ্ভব হলে কীভাবে তা মোকাবিলা করা হবে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। এ রকম পরিস্থিতিতে সরকার আসলে কী করতে চায়, তা-ও তাঁদের কাছে অস্পষ্ট।এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘আমরা কেন্দ্র থেকে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বিষয়ে একটা সাধারণ পথনির্দেশনা ঠিক করে দিয়েছি। স্থানীয় সমস্যা ও অবস্থা অনুযায়ী স্থানীয়ভাবেই কমিটি পরিস্থিতি বুঝে কাজ করবে। তবে কাজকর্ম হবে নিশ্চয়ই বিদ্যমান আইনকানুন অনুযায়ী।’একই বিষয়ে সরকারের নীতিনির্ধারক এবং সরকারি দল ও জোটের কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, সরকারের কোনো পর্যায়েই এ বিষয়ে স্পষ্ট কোনো আলাপ-আলোচনা হয়নি। তবে তাঁরা যতটা জানেন ও বোঝেন তাতে সরকার চায়, যেকোনো সহিংস পরিস্থিতিতে সরকারি দল ও মহাজোটের নেতা-কর্মীরা এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি ও গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াক। তবে সরকারি দল, জোট কিংবা উল্লিখিত সামাজিক শক্তি যেকোনো সহিংস পরিস্থিতি রুখে দাঁড়ানোর মতো সংগঠিত কি না, জানতে চাইলে তাঁদের প্রত্যেকেই নেতিবাচক জবাব দিয়েছেন। বলেছেন, তাদের সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।কয়েকজন সচিব প্রথম আলোকে বলেন, যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা করা তো প্রশাসনের মৌলিক দায়িত্ব। কাজেই সব পর্যায়ের প্রশাসনই প্রয়োজনের সময় সেই পদক্ষেপ নেবে। এ জন্য আলাদা কোনো নির্দেশনার দরকার নেই।তবে যেখানে শত শত মারমুখী দাঙ্গাবাজ সাধারণ মানুষের জানমালের ওপর হামলা চালায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে অসহায় হয়ে পড়ে, এমনকি মাঠপর্যায়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও নিরাপত্তা চেয়ে চিঠি লেখেন, তেমন পরিস্থিতিতে প্রশাসন ওই মৌলিক দায়িত্ব পালন করবে কীভাবে? এ প্রশ্নের কোনো জবাব তাঁরা দিতে পারেননি।প্রতিরোধ কমিটি সম্পর্কে পর্যবেক্ষণ: দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার পরিপ্রেক্ষিতে ৭ মার্চ মহানগর, জেলা-উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর পরই কমিটি গঠন শুরু হয়।ইতিমধ্যে বেশির ভাগ এলাকায় কমিটি হয়েছে। কোথাও কোথাও কমিটি সভাও করেছে। কমিটির আকার একেক এলাকায় একেক রকম। কমিটিতে প্রধান বিরোধী দল বিএনপির প্রতিনিধি রাখা হয়নি। অনেক ক্ষেত্রে মহাজোটের শরিক জাতীয় পার্টিকেও রাখা হয়নি। তবে অনেক জায়গায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের রাখা হয়েছে দলমত-নির্বিশেষে।যেসব জায়গায় ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে, সেগুলোর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ একটি। সেখানে গঠিত কমিটিতে বিএনপি, জামায়াত কিংবা জাতীয় পার্টির কাউকে রাখা হয়নি। ৯ মার্চ সেখানে ৩৭ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব। তিনি প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধিকে বলেন, উপজেলা কমিটি গঠনের পর দুটি সভা করা হয়েছে। এ ছাড়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় কমিটি করা হয়েছে। বিএনপি-জামায়াতের কোনো নেতা-কর্মী কমিটিতে নেই ঠিকই; কিন্তু কমিটিকে দলীয়করণ করার অভিযোগ ঠিক নয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজের বিভিন্ন স্তরের লোক নিয়ে কমিটি করা হয়েছে।গত শুক্রবার নেত্রকোনায় জেলা প্রশাসক আনিস মাহমুদকে সভাপতি করে ৭৬ সদস্যের কমিটি করা হয়। সেখানেও বিএনপির কাউকে রাখা হয়নি। চাঁপাইনবাবগঞ্জেও একই অবস্থা।গত মাস দেড়েকের সহিংস ঘটনাবলির ফলে উদ্ভূত পরিস্থিতিতে সরকার বিচলিত নয়। সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলেছে, সরকার মনে করছে, জামায়াত-শিবির যে কর্মকাণ্ড চালাচ্ছে, তাতে দলটি একটি সন্ত্রাসী দল হিসেবেই পরিচিতি পাচ্ছে। সরকার চায় জামায়াতের এই পরিচিতি দেশে-বিদেশে আরও স্পষ্ট হোক।মহানগরে কমিটি হয়নি: জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটি গঠনের কাজ প্রায় শেষ হলেও কোনো মহানগর এলাকায় এখন পর্যন্ত কমিটি হয়নি। মহানগর এলাকায় কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ দায়িত্ব দিয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়কে। গতকাল বুধবার ওই মন্ত্রণালয়ের সূত্র জানায়, তারা মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনাপত্রটি সিটি করপোরেশনে পাঠিয়েছে। তারাই কমিটি গঠনের কাজটি করবে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সূত্র জানায়, তারা কমিটি গঠনের কাজ এখনো শুরু করেনি। তবে কেন্দ্রীয়ভাবে একটি এবং আঞ্চলিক কার্যালয়ভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত তারা নিয়েছে। শিগগিরই কমিটি হবে।সহিংসতা প্রতিরোধে এই কমিটির কার্যকারিতা সম্পর্কে জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, দলমত-নির্বিশেষে সব পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সর্বদলীয় কমিটি গঠন না করে শুধু সরকারদলীয় ও সরকার-সমর্থক ব্যক্তিদের নিয়ে কমিটি করা হলে ভালো ফল পাওয়ার কথা নয়।