গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের অভিযোগ, প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ মানছে না, শুনছে না। আজ রোববার বেলা দেড়টার দিকে রামুর মেড়াংলোয়া বড়ুয়াপাড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। কামাল হোসেন বলেন, গত ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধবসতি ও বিহারে হামলার পরদিন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ঘটনাস্থল পরিদর্শনে এসে আশ্বাস দিয়েছিলেন, আর হামলা হবে না। এ ঘোষণার কয়েক ঘণ্টা পর উখিয়ায় দুটি মন্দিরে হামলা হয় এবং সেগুলো পুড়িয়ে ফেলা হয়। গতকাল শনিবারও উখিয়ার এক সংখ্যালঘুর ঘরে আগুন দেওয়া হয়েছে। তার মানে প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ মানছে না, শুনছে না। ‘তাহলে কী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কোনো দাম নেই?’ এই প্রশ্ন তুলেন তিনি। ড. কামাল এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করে বলেন, ঢাকায় গিয়ে এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। তিনি বলেন, এই হামলা অমানবিক। এটি পরিকল্পিতভাবে করানো হয়েছে। কামাল হোসেন বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক বলে আগে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে মাথা উঁচু করে কথা বলতাম। এ ঘটনার পর আমাদের মাথা নিচু করে চলতে হচ্ছে। এটা বাংলাদেশের জন্য লজ্জার ব্যাপার।’ গণফোরামের সভাপতি বলেন, মন্দিরের ভিক্ষু ও বড়ুয়াপাড়ার লোকেরা তাঁকে জানিয়েছেন, ঘটনার রাতে পুলিশের ভূমিকা হতাশাজনক ছিল। তাদের বারবার ফোন করা হলেও তারা ফোন ধরেনি। পুলিশ লোকজনকে সরিয়ে দিয়ে হামলার সুযোগ করে দেয় বলেও তাঁরা ড. কামালের কাছে অভিযোগ করেছেন। ওই রাতে ফায়ার সার্ভিসের ভূমিকাও হতাশাজনক ছিল। আজ ড. কামালের সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি মোস্তফা মোহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, শান্তিপদ, মফিজুল ইসলাম খান প্রমুখ।