প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা ভোলার প্রশাসনকে কমিশনের কথামতো কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে বলে, সেভাবে কাজ করুন। এর ব্যতিক্রম হলে সমস্যা হবে। কেউ কোনো দলের পক্ষ নিয়ে কাজ করবেন না। কেউ কোনো দলের পক্ষ নিয়ে কাজ করছেন—এমনটা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’আজ মঙ্গলবার ভোলা জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।শামসুল হুদা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যকে দায়িত্ব পালন করতে হয়। তাই তখন সব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা যায় না। ভোলার উপনির্বাচনে সে সমস্যা নেই, প্রস্তুতিরও কমতি নেই।’ নির্বাচন-পরবর্তী সময়ে যেন কোনো ধরনের সহিংস ঘটনা না ঘটে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।