প্রশাসনকে ব্যবহার করতে চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে যেনতেনভাবে জিততে প্রশাসন ও পুলিশকে সরকার ব্যবহার করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।খোন্দকার দেলোয়ার বলেন, সরকার নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হতে দেবে না। যেকোনো মূল্যে নির্বাচনে জয়ী হওয়াই তাদের লক্ষ্য। তবে পৌর নির্বাচনে কারচুপি হলে সরকার আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। তিনি বলেন, সরকার দূরভিসন্ধিমূলকভাবে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করছে না। অথচ ঢাকা সিটি করপোরেশনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নানা ইস্যুতে বিএনপির আন্দোলন তেমন না জমার জন্য সাংগঠনিক দুর্বলতা দায়ী কি না—জানতে চাইলে দলের মহাসচিব বলেন, ‘দল সাংগঠনিকভাবে দুর্বল এটা বলা যাবে না। তবে আন্দোলন জোরদার হতে একটু সময় লাগবে।’ তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভাবতেও পারেনি আওয়ামী লীগ নির্বাচনে জিতে বিরোধী দলের ওপর এমনভাবে নির্যাতন করবে। মানুষ এখন সেটা বুঝতে পারছে। আর বুঝতে পারছে বলেই বিএনপির আন্দোলনে যোগ দিচ্ছে।সরকারের দুই বছরের কাজের মূল্যায়ন করতে গিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, ‘সরকার উন্নয়নমূলক নানা কাজের ফিরিস্তি দিচ্ছে। কিন্তু এগুলোর কোনোটাই দৃশ্যমান নয়। দ্রব্যমূল্য কমেনি, গ্যাস-বিদ্যুৎ-পানি নেই, মানুষের নিরাপত্তা নেই। তাহলে কী উন্নয়ন তারা করেছে?’বিএনপির মহাসচিব অভিযোগ করেন, খালেদা জিয়া চীনের উদ্দেশে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে বেসামরিক বিমান কর্তৃপক্ষ বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে। তিনি বলেন, ‘ওই দিনের ন্যাক্কারজনক ঘটনা নিয়ে কোনো কথা বলতে চাইনি। কিন্তু আমাদের সঙ্গে খারাপ আচরণ করা, আবার আমাদের নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়ার পর আর প্রতিবাদ না করে পারা যায় না।’ তিনি অভিযোগ করেন, এসব হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে। তা না হলে বিমান কর্তৃপক্ষের এটা করার কথা নয়। তিনি ওই ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খানের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানান।সাকা চৌধুরীর বাসভবনে বিএনপির সাংসদেরা: মগবাজারে গাড়ি পোড়ানো ও ফারুক হত্যা মামলায় গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ধানমন্ডির বাসভবনে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সকালে দেখা করেন দলীয় কয়েকজন সাংসদ। এ সময় তাঁরা সাকা চৌধুরীর স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন।সাক্ষাৎ শেষে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, সাকা চৌধুরীর ওপর নির্যাতনের বিষয়টি জাতিসংঘে অভিযোগ করা হবে।সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী অভিযোগ করেন, তাঁদের নজরবন্দী করে রাখা হয়েছে। তাঁরা দেশ-বিদেশে কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। টেলিফোনে কথা বলার সময় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, ই-মেইল মুছে দেওয়া হচ্ছে।