প্রশাসনিক-আবাসিক ভবনের সামনে অবরোধ করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের সামনে অবরোধ ও সমাবেশ না করার অনুরোধ জানিয়েছে সিন্ডিকেট কমিটি। উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আজ শুক্রবার বিকেলে সিন্ডিকেটের বৈঠকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক মাসের গ্রীষ্মকালীন ছুটি ৫ মে থেকে শুরুর সিদ্ধান্ত হয়। আগামী জুন মাসে এই ছুটি শুরু হওয়ার কথা ছিল। অন্যদিকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি আলী আকন্দকে মারধরের ঘটনায় কোষাধ্যক্ষ অধ্যাপক নাসিরউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৈঠক শেষে সিন্ডিকেট সচিব ও রেজিস্ট্রার আবু বক্কর সিদ্দিক এ তথ্য জানান।এদিকে গত বুধবার দিবাগত রাত তিনটা থেকে শিক্ষকসমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁর বাসভবনের মূল ফটকের সামনে অবস্থান নেন। তবে আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপাচার্যের সমর্থক শিক্ষক ও পুলিশের প্রহরায় উপাচার্য শরীফ এনামুল কবির পেছনের একটি দরজা দিয়ে অবরুদ্ধ দশা থেকে বের হয়ে সিন্ডিকেটের সভায় যোগ দেন। আজ বেলা ১১টা থেকে উপাচার্যের এ অবরোধ অবস্থা থেকে মুক্তির জন্য বাসভবনের অপর ফটকে অবস্থান নেন উপাচার্যপন্থী দুই শতাধিক শিক্ষক। এমন পরিস্থিতিতে আজ সকাল থেকেই ক্যাম্পাসে তিন শতাধিক পুলিশ মোতায়েন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।গত বুধবার সন্ধ্যায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষকদের হাতে একই বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। ওই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান উপাচার্যপন্থী শিক্ষকেরা।উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আবুল খায়ের আজ প্রথম আলো ডটকমকে বলেন, ‘উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকেরা অযৌক্তিক আন্দোলন করছেন।’ তাঁরা অন্যায়ভাবে শিক্ষার সার্বিক পরিবেশ নষ্ট করার লক্ষ্যে উপাচার্যকে অবরুদ্ধ করেছেন বলেও তিনি মন্তব্য করেন।তবে শিক্ষকসমাজের আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন প্রথম আলো ডটকমকে বলেন, ‘গত তিন মাস ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছি। ১৮ মার্চ থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষকসমাজ। বর্তমান প্রশাসনের অন্যায়, অযোগ্য শিক্ষক নিয়োগের প্রতিবাদ হিসেবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। সর্বশেষ তাঁর স্বৈরাচারী মনোভাব ও তাঁর অন্যায়মূলক সিদ্ধান্ত গ্রহণ অব্যাহত থাকলে পদত্যাগের দাবি জানাই।’ পদত্যাগ না করা পর্যন্ত বাসভবনের সামনে তাঁদের অবস্থান চলবে বলেও তিনি জানান।এদিকে আজ বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের বটতলা এলাকা থেকে ছাত্রলীগের স্থগিত কমিটির নেতা-কর্মীরা মিছিল বের করে। এ সময় তাঁরা কোনো পক্ষে স্লোগান না দিলেও সংগঠনের পক্ষে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তাঁরা আন্দোলনরত শিক্ষকদের মঞ্চ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।প্রসঙ্গত, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি মোহামঞ্চদ আলী আকন্দকে মারধরের ঘটনায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে হত্যাচেষ্টার অভিযোগে বিভাগের সাত শিক্ষকের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়। মামলা করার দুই ঘণ্টা পর রাত দেড়টার দিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের বাসা থেকে আটক করে পুলিশ। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানা থেকে আটক দুই শিক্ষককে ছাড়িয়ে নিয়ে যান শিক্ষক সমিতির নেতারা।