প্রশাসনিক পদ থেকে আন্দোলনরত শিক্ষকদের পদত্যাগ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সব পদ ছেড়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে শিক্ষকেরা এ ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে তাঁরা পদত্যাগ করেন। পদত্যাগপত্র জমা দেওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন আবাসিক হলের তিনজন প্রাধ্যক্ষ, ১০ জন আবাসিক শিক্ষক, দুজন সহকারী প্রক্টর, কম্পিউটার সেন্টারের পরিচালক, বিএনসিসির প্রধান সমন্বয়কারী, রোভার স্কাউটের সম্পাদক ও আইআইইআরের পরিচালক। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তিন কর্তাব্যক্তিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আর আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আসেননি। এ জন্য শিক্ষকেরা আপাতত আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরে প্রশাসনের কাছে এগুলো হস্তান্তর করা হবে।’