প্রশাসনে আবারও পদোন্নতি তৈরি হচ্ছে তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে আরেক দফা নতুন পদোন্নতির প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতি পাওয়ার যোগ্য কর্মকর্তাদের তালিকা প্রণয়ন করছে।প্রশাসনের উচ্চপর্যায়ে পদোন্নতি পাওয়ার যোগ্য কর্মকর্তাদের বাছাই করার জন্য গঠিত বোর্ডের (সুপিরিয়র সিলেকশন বোর্ড-এসএসবি) সভায় তালিকা চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রশাসনের উচ্চপর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে, সরকারের রাজনৈতিক নীতিনির্ধারকদের নির্দেশনায় জনপ্রশাসন মন্ত্রণালয় প্রক্রিয়াটি শুরু করেছে। ওই নীতিনির্ধারকেরা শিগগিরই আরেক দফা পদোন্নতি দিতে চাচ্ছেন। কারণ, তাঁদের ওপর নতুন পদোন্নতি পাওয়ার যোগ্য এবং এর আগে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের চাপ আছে। আর নীতিনির্ধারকেরাও চাইছেন, পদোন্নতি নিয়ে বঞ্চনার কোনো অভিযোগ যেন না থাকে। সূত্রগুলো জানায়, এবারও পাঁচ শতাধিক কর্মকর্তা পদোন্নতির তালিকায় থাকবেন।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা কাজ শুরু করেছি, যেন সরকার চাইলেই তালিকা উপস্থাপন করা যায়। তবে এসএসবির সভার দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।’ সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত মোট ৬৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়, যা সাধারণভাবে ‘গণপদোন্নতি’ হিসেবে অভিহিত। কিন্তু তখনো প্রায় ৫০০ কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হন। এ ব্যাপারে তাঁদের অভিযোগ পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হলে তিন শতাধিক কর্মকর্তা আবেদন করেন।তবে এখন আর ওই আবেদনগুলো পর্যালোচনা করা হবে না বলে সূত্রগুলো জানায় বরং নতুন করে পদোন্নতি দেওয়া হবে। জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার এ বিষয়ে বলেন, ‘৮ ফেব্রুয়ারি যাঁরা পদোন্নতি পাননি, এবার তাঁরা অগ্রাধিকার পাবেন।’এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটিও পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ তদন্তের জন্য একটি উপকমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, একই সঙ্গে নতুন পদোন্নতির প্রক্রিয়া এবং সংসদীয় কমিটির তদন্ত চলতে কোনো বাধা নেই।নতুন পদোন্নতি দেওয়ার বিষয়ে অভিমত জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে জানান, ৮ ফেব্রুয়ারি যাঁরা বঞ্চিত হয়েছিলেন, এখন কেবল তাঁদের পদোন্নতির বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তখন পদোন্নতি পাওয়া সবার পদায়নের আগে আবার নতুন করে অন্যদেরও পদোন্নতি দেওয়া ঠিক হবে না। কারণ, প্রশাসনে পদায়নের একটা জট লেগেই আছে।পূর্ববর্তী অনেক পদোন্নতির মতো ৮ ফেব্রুয়ারি দেওয়া পদোন্নতির ক্ষেত্রেও নীতিমালা অনুসরণ করা হয়নি বলে জনপ্রশাসনের সব পর্যায়ে সাধারণভাবে অভিযোগ আছে। জনপ্রশাসনে অনুগত কর্মকর্তাদের সংখ্যা বাড়াতে পদোন্নতির বিধিমালা লঙ্ঘন করে পদের চেয়ে বেশি পদোন্নতি দিয়ে সরকার এই ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে।এ প্রসঙ্গে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার বলেন, যাঁরা পদোন্নতি পান না, তাঁরা সব সময়ই নীতিমালা অনুসরণ না করা, রাজনৈতিক বিবেচনা প্রভৃতির কথা বলেন। কিন্তু পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে সব সময়ই কতিপয় মৌলিক নীতি অনুসরণ করতে হয়। আর ভারসাম্যহীনতা ঠিক নয়, তবে বেশি সমস্যা হয়েছে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নিয়ে। তাঁদের জন্য পদ সৃষ্টির (সুপার নিউমারি) সুযোগ কম। করা উচিতও নয়। উপসচিব ও যুগ্ম সচিব পর্যায়ের প্রায় সবাইকেই পদমর্যাদা অনুযায়ী কাজ দেওয়া সম্ভব হয়েছে দাবি করে জনপ্রশাসনসচিব বলেন, কিছু ব্যক্তি আছেন, যাঁরা কোনো না কোনো কারণে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকতে চান। আর উপসচিব ও সিনিয়র সহকারী সচিবের তো অনেক পদ খালিই আছে।তবে সচিব যা-ই বলুন, জনপ্রশাসনে নিয়োগ, বদলি, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে বিভিন্ন সময় একাধিক নীতিমালা প্রণীত হলেও এর যথাযথ বাস্তবায়ন নেই। যখন যে সরকার ক্ষমতায় থাকে, সবকিছুই হয় তাদের মর্জিমাফিক। ২০০২ সালে সংশোধিত পদোন্নতির যে বিধিমালাটি রয়েছে, সেটিও সব ক্ষেত্রে অনুসরণ না করা এবং লঙ্ঘিত হওয়ার অনেক নজির আছে। এ কারণে জনপ্রশাসনে পদোন্নতির বিধিমালাকে সাধারণভাবে কর্মকর্তারা বলে থাকেন ‘বিধিমালা প্লাস’। অর্থাৎ পদোন্নতি পাওয়ার জন্য বিধিমালায় বর্ণিত যোগ্যতার সঙ্গে আরও কিছু বাড়তি বিষয় বিবেচনা করা হয়। নতুন পদোন্নতির ক্ষেত্রেও তা করা হবে বলে কর্মকর্তারা মনে করেন।পদের চেয়ে কর্মকর্তা বেশি: জনপ্রশাসনে অতিরিক্ত সচিবের পদ আছে ১০৮টি। গত ৮ ফেব্রুয়ারির পদোন্নতির পর কর্মকর্তা হয়েছেন ২৫২ জন। যুগ্ম সচিবের পদ আছে ২৫০টি। কিন্তু এখন যুগ্ম সচিবের সংখ্যা ৬২৫ জন। উপসচিবের ৮৬০টি পদের বিপরীতে কর্মকর্তা আছেন এক হাজার ৫২৭ জন।এ অবস্থায় ৮ ফেব্রুয়ারি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতি পাওয়ার আগে যেখানে ছিলেন, সে পদেই দায়িত্ব পালনের সাময়িক আদেশ জারি করা হয়। এরপর তাঁদের বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত রেখে গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি কিছু নতুন পদও সৃষ্টি করা হয়। তবে তাতেও সবাইকে কাজ দেওয়া সম্ভব হয়নি। সাবেক ও বর্তমান কয়েকজন সচিব বলেন, এ অবস্থায় এখন আবার নতুন পদোন্নতি দেওয়া হলে জনপ্রশাসনে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে। কারণ, তখন পদ অনুযায়ী পদায়ন পেতে তদবির, সরকারের প্রতি আনুগত্য প্রকাশের আগ্রহ প্রভৃতি ব্যাপকভাবে বাড়বে। কিন্তু যাঁরা পদোন্নতি পাওয়ার যোগ্য হয়েছেন, তাঁদের পদোন্নতি না দিয়েও সরকারের গত্যন্তর নেই। সরকারের জন্য বিষয়টি ‘উভয় সংকট’ হয়ে দাঁড়িয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২০১৭ সাল পর্যন্ত এই সমস্যা চলবে।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়স দুই বছর বাড়ানো হয়েছে। এতে পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা বেশি হওয়ার সমস্যা প্রকট হয়েছে। আগামী বছরও প্রশাসনের ওপরের পদগুলো খালি হবে না বলে এই সমস্যা আরও বাড়বে। প্রশাসনের ওপরের স্তরে এত বেশি পদ সৃষ্টি করাও সম্ভব হবে না।সচিব পর্যায়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পদোন্নতির সময় প্রায় সব ক্ষেত্রেই পদের চেয়ে বেশি সংখ্যায় পদোন্নতি দেওয়া হয়েছে। ফলে কর্মকর্তারাই পদায়নের জন্য সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন। নিজেরাই প্রশাসনের মধ্যে দলাদলি সৃষ্টি করেছেন। প্রশাসনের কর্ণধারেরাই এদের প্রশ্রয় দিয়েছেন।