প্রশাসনে কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, জেলা প্রশাসক হিসেবে যাঁরা কাজ করছেন, তাঁরা সবাই অভিজ্ঞ ও পরিপক্ব। কোন পরিস্থিতিতে কাদের সঙ্গে কীভাবে কাজ করতে হয় তাঁরা তা ভালো করেই জানেন। কাজেই যেকোনো রাজনৈতিক চাপ তাঁদের কাজে কোনো প্রভাব ফেলে না। বরং তাঁরা সবার সঙ্গে মিলে মিশেই কাজ করেন।প্রশাসনের কর্মকর্তাদের রাজনৈতিক চাপে কাজ করতে হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের এইচ টি ইমাম এসব কথা বলেন। আজ সচিবালয়ে জেলা প্রশাসকদের সম্মেলনে তাঁদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।এইচ টি ইমাম বলেন, জেলা প্রশাসক সম্মেলনে মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তারা তাঁদের যেমন সমস্যার কথা বলেছেন তেমনি নানা বিষয়ে তাঁরা পরামর্শ দিয়েছেন। আমরা যেমন সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। তেমনি পরামর্শগুলো বাস্তবায়নের চেষ্টা করব। তিনি বলেন, যখনই সুযোগ পাই প্রশাসনের কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে দিই। মুক্তিযুদ্ধে তাঁরা যেমন ভূমিকা রেখেছেন নতুন বাংলাদেশ গড়তেও তাঁরা দ্বিগুণ উত্সাহে কাজ করছেন।পুলিশের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের কোনো দ্বন্দ্ব আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই উপদেষ্টা বলেন, পুলিশের সঙ্গে জেলা প্রশাসনের কোনো দ্বন্দ্ব নেই। বরং তারা একসঙ্গে কাজ করছেন। আর এ কারণেই ইভটিজিংয়ের মতো সমস্যা পুলিশের সাহায্য নিয়ে ভ্রাম্যমাণ আদালত কমিয়ে আনতে পেরেছে। বিচার বিভাগ আলাদা হওয়ার পর প্রশাসনের সঙ্গে তাদের কোনো টানাপোড়েন নেই বলেও তিনি জানান।বিভিন্ন ক্যাডারে কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব আছে কি না, এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রকৌশল-চিকিত্সক সবাই মিলেই এখন কাজ করছেন। কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই উল্লেখ করে তিনি বলেন, জনপ্রশাসনের কর্মকর্তারা ভালো কাজ করলে কীভাবে তাঁদের পুরস্কৃত করা যায়, আমার এ বিষয়টা নিয়ে ভাবছি। এ ছাড়া জনপ্রশাসনের কর্মকর্তাদের স্বাস্থ্যবিমাসহ সব ধনের সুযোগ-সুবিধা যেন বাড়ানো যায় সে বিষয়গুলো আমরা বিবেচনা করছি।