প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ চলবে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রশাসনিক প্রয়োজনে চুক্তিভিত্তিক নিয়োগ অব্যাহত রাখার প্রয়োজন আছে। তা না হলে প্রশাসনের দাপ্তরিক কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেবে। তবে সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানোয় চুক্তিভিত্তিক নিয়োগের পরিমাণ কমবে।আজ মঙ্গলবার সংসদে অপু উকিলের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা জানান। এ বিষয়ে অপু উকিলের প্রশ্ন ছিল, সরকারি কর্মকর্তাদের চাকরির বয়স ৫৭ থেকে ৫৯ করার পর প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজন আছে কি না। এর আগে বিকেল পাঁচটা পাঁচ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে আশরাফ জানান, দক্ষ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সরকার সিভিল সার্ভিস আইন প্রণয়নের কাজ শুরু করেছে। এটি হলে সব স্তরে পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হবে।ফজিলাতুন্নেসা বাপ্পির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার এ পর্যন্ত বিসিএস ক্যাডার পদে তিন হাজার ৬৫৩ জনকে নিয়োগ দিয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে দুই লাখ ১৭ হাজার ৭১৩টি পদ তৈরি করেছে। আহমেদ নাজনীন সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদের সংখ্যা দুই লাখ ৩৯ হাজার ৭২৬।সমুদ্রের অর্থনৈতিক অঞ্চলে জরিপ নেইনাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস জানান, সমুদ্রের ২০০ নটিক্যাল মাইল বাংলাদেশের জন্য অর্থনৈতিক অঞ্চল হলেও এখানে মত্স্যসম্পদ জরিপের কাজ বন্ধ আছে। সামুদ্রিক মত্স্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের মাধ্যমে ১২টি অবতরণ কেন্দ্রের মাধ্যমে মত্স্য আহরণ তথ্য সংগ্রহ করা হলেও তা যথেষ্ট নয়। সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার ২০১০-১১ অর্থবছরে মাছ রপ্তানি করে চার হাজার ৬০৩ কোটি টাকা আয় করেছে। একে এম রহমতুল্লাহ প্রশ্নের জবাবে আবদুল লতিফ বিশ্বাস জানান, দেশে বছরে মাছের চাহিদার পরিমাণ ৩২ দশমিক ৭২ লাখ মেট্রিক টন। গত বছর উত্পাদিত হয়েছে ৩১ লাখ মেট্রিক টন।এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার ঢাকার চিড়িয়াখানাকে বিশ্বমানের করতে চলতি অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ৪০ প্রজাতির ২৭০টি প্রাণী কেনার কর্মসূচি গ্রহণ করেছে।সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে মিঠা পানির ১২ প্রজাতির মাছ চরম বিপন্ন, ৫৪টি প্রজাতি প্রায় বিলুপ্ত, বিপন্ন ২৮টি প্রজাতি এবং ১৪টি প্রজাতি সংকটাপন্ন অবস্থায় আছে।সিরিজ বোমা হামলার ১০৭ মামলার বিচার শেষসাধনা হালদারের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, বিএনপি-জামাত জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার মামলাগুলোর মধ্যে ১০৭টি মামলার বিচার হয়েছে। এতে ১৮৭ জন অপরাধীর দণ্ড হয়েছে। এর মধ্যে ২৭ জনের মৃত্যুদণ্ড, ৭০ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও এক জনকে সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকি ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।নাজিম উদ্দিনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেশের পারিবারিক আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৫০ হাজার ৭৮৪।রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে শফিক আহমেদ জানান, ১৯৯৬ সালে আইন কমিশনের প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১১১টি আইন সুপারিশ করেছে। কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় ১১টি আইন প্রণয়ন করেছে।শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, গত বছরের ডিসেম্বর পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় এক লাখ ১৯ হাজার ৭২৫টি মামলা হয়েছে। ২০১১ সালে ১৯ হাজার ৪৯৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এক লাখ ২৩০টি মামলা বিচারাধীন আছে।নুরন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১০ জন ও হাইকোর্ট বিভাগে ৫৫ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া অধস্তন আদালতগুলোয় ২১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে। আরও ১২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সহকারী জজ নিয়োগের বিষয়টির প্রক্রিয়াধীন রয়েছে।