সিভিল সার্ভিস অ্যাক্টের খসড়া চূড়ান্ত চুক্তিভিত্তিক নিয়োগের অবাধ সুযোগ
প্রশাসনে রাজনৈতিক নিয়ন্ত্রণ বাড়বে
জনপ্রশাসনে বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় উপসচিব থেকে ঊর্ধ্বতন পদগুলোতে। খসড়া আইনে প্রতিটি স্তরে অর্থাৎ অবাধে চুক্তিভিত্তিক (রাষ্ট্রপতির কোটা) নিয়োগের বিধান রাখা হয়েছে। এতে প্রশাসনে সরকারের রাজনৈতিক ইচ্ছাপূরণের সুযোগ বাড়ছে। বর্তমানে কোনো কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর না হলে বাধ্যতামূলক অবসর দেওয়া যায় না। খসড়া আইনে তা ২০ বছর করা হয়েছে। ফলে বাধ্যতামূলক অবসরের শঙ্কা থেকে কর্মকর্তাদের মধ্যে দলীয় আনুগত্য বাড়তে পারে।এ ছাড়া উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে পদোন্নতি, পরীক্ষায় চারবার অকৃতকার্য হলে চাকরি হারানো, স্বাভাবিক অবসরের বয়স বাড়িয়ে ৬০ বছর করা প্রভৃতি বিধান রেখে প্রণীত হয়েছে বেসামরিক প্রশাসনের জন্য আইনের (সিভিল সার্ভিস অ্যাক্ট, ২০১১) খসড়া।খসড়াটি ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। জাতীয় সংসদে উত্থাপনের আগে বিশেষজ্ঞদের মতামতের জন্য আইনটি ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ৩০ এপ্রিলের মধ্যে এ বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়া যাবে। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষাবিদ, পেশাজীবীসহ যেকোনো মানুষ [email protected] ই-মেইল ঠিকানায় মতামত জানাতে পারেন। সরকারি-বেসরকারি সূত্রগুলো বলছে, এ আইন জনপ্রশাসনের ওপর সরকারের রাজনৈতিক নিয়ন্ত্রণ আরও কঠোর করবে।সংবিধানের ১৩৩ অনুচ্ছেদে বেসামরিক প্রশাসন আইনের দ্বারা পরিচালনার বিধান থাকলেও গত ৩৯ বছরে কোনো সরকারই সেই আইন প্রণয়ন করেনি। যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তারাই একটি করে কমিশন, না-হয় কমিটি গঠন করেছে। এর পেছনে কোটি কোটি টাকা খরচ হয়েছে। কিছু সুপারিশ করা হয়েছে, বাস্তবায়ন হয়েছে যার সামান্যই। বরং প্রতিটি সরকারই নিজেদের পছন্দমাফিক নীতিমালা করে প্রশাসন নিয়ন্ত্রণ করেছে, যার ভিত্তিতে প্রশাসনে দলীয়করণের অভিযোগ উঠেছে বারবার।এই আইন প্রণয়ন সম্পর্কে সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, বেসামরিক প্রশাসনের জন্য আইন প্রণয়ন প্রয়োজন। কারণ আইন না থাকায় যখন যে সরকার আসে, তারা তাদের মতো করে বিধিবিধান করে স্বেচ্ছাধীন ক্ষমতার প্রয়োগ করে। এতে অনেক সময়ই প্রশাসনে রাজনৈতিক প্রভাব বিদ্যমান থাকে। তবে আইনের অপপ্রয়োগ হবে না, এটা নিশ্চিত হওয়া দরকার।কর্মকর্তাদের মর্যাদা: খসড়া আইনে বেসামরিক প্রশাসনের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। জাতীয় বেতন স্কেল অনুযায়ী শ্রেণীভেদে সরকারি চাকরিজীবীদের তিনটি স্তরে ভাগ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ স্তরে (সুপিরিয়র) রাখা হয়েছে প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের। জ্যেষ্ঠ স্তরে (সিনিয়র) আছেন তৃতীয় থেকে নবম গ্রেডের কর্মকর্তারা। কনিষ্ঠ স্তরে রাখা হয়েছে দশম থেকে দ্বাদশ গ্রেডের কর্মকর্তাদের। স্তর অনুযায়ী কাজের পরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।স্বেচ্ছায় পদত্যাগ ও স্বেচ্ছা অবসর: প্রস্তাবিত আইনের ৭ নম্বর অধ্যায়ের ১৮ ও ১৯ ধারায় স্বেচ্ছায় পদত্যাগ বা স্বেচ্ছা অবসর প্রসঙ্গে বলা হয়েছে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে চাকরিকাল ২০ বছর পূর্ণ হলে বেসামরিক প্রশাসনের যেকোনো সদস্য স্বেচ্ছা অবসরে যেতে পারেন বা পদত্যাগ করতে পারেন। বর্তমানে ১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনে চাকরিকাল ২৫ বছর পূর্ণ হলে এ ধরনের অবসরের সুযোগ আছে। ২০ ধারায় স্বাভাবিক অবসরের বয়স ৬০ বছর করার প্রস্তাব করা হয়েছে। গণকর্মচারী অবসর আইনে বর্তমানে এই সীমা ৫৭ বছর। প্রস্তাবিত আইনের ২০(২) ধারায় বলা হয়েছে, শৃঙ্খলাজনিত কারণে আত্মপক্ষ সমর্থন ও বিভাগীয় কার্যক্রম গ্রহণ ছাড়া কাউকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর, অপসারণ কিংবা বরখাস্ত করা যাবে না। কিন্তু শৃঙ্খলার বাইরে অন্য কোনো কারণে বাধ্যতামূলক অবসর দেওয়ার বিষয়ে সুস্পষ্ট কোনো বিধান প্রস্তাবিত আইনে নেই। ফলে গণকর্মচারী অবসর আইনের ৯(৪) ধারায় যেমন সরকার জনস্বার্থে যে কাউকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে, এ ক্ষেত্রেও তেমন আশঙ্কা থাকছে।রাষ্ট্রপতির কোটায় নিয়োগ: খসড়া আইনে মোট পদের ১০ শতাংশ পদে রাষ্ট্রপতি পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিতে পারবেন বলে বিধান রাখা হয়েছে। এটিকে মূলত চুক্তিভিত্তিক নিয়োগ বলা হয়ে থাকে।সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, চুক্তিভিত্তিক নিয়োগ শুধু বিশেষায়িত ও কারিগরি পদে (যেখানে সাধারণত লোক পাওয়া যায় না) সীমিত আকারে দেওয়া যেতে পারে। কিন্তু এর সুযোগ নিয়ে যেভাবে গড়ে প্রায় সব পদে নিয়োগ দেওয়া হয়, তাতে প্রশাসনে বিরূপ প্রতিক্রিয়া পড়ে। তা ছাড়া, এসব চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা-দক্ষতা নিয়ামক না হয়ে দলীয় পরিচয়ই বড় করে দেখা হয়।অপরদিকে, বাধ্যতামূলক অবসরের বিধান থাকায় কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে বা মতামত দিতে পারেন না। এ রকম ভয়ের পরিবেশে সুশাসন বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়।সুরক্ষা, পদোন্নতি, অবসর: খসড়া আইনের ২১ ধারা মতে, দায়িত্ব পালন করতে গিয়ে কোনো কর্মকর্তা কোনো ঘটনার সম্মুখীন হলে তাঁর বিরুদ্ধে সরকারের পূর্বানুমতি ছাড়া ফৌজদারি বা অন্য কোনো মামলা করা যাবে না। বর্তমানে কোনো কর্মকর্তার দুই বছরের সশ্রম কারাদণ্ড হলে সরাসরি চাকরি থেকে বরখাস্ত বলে গণ্য হলেও প্রস্তাবিত আইনে তা বাড়িয়ে তিন বছর করার প্রস্তাব করা হয়েছে।প্রস্তাবিত আইনের ১৫ ধারা অনুয়ায়ী পদোন্নতির নিয়ামক হবে সিলেকশন গ্রেডের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, নিয়োজিত পদে চাকরিকালের নির্ধারিত সময় অতিবাহিত করা ও কর্মদক্ষতার মূল্যায়ন সন্তোষজনক হওয়া। ১৫(২) ধারায় বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এই পদোন্নতির পরীক্ষা নেবে। প্রয়োজনে আলাদা পিএসসি গঠনেরও প্রস্তাব আইনে রয়েছে। ২২(৩) ধারায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা একই পরীক্ষায় তিনবার অকৃতকার্য হলে তিনি স্বেচ্ছা অবসরে যেতে পারবেন (বয়স যাই হোক)। চতুর্থবার অকৃতকার্য হলে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই অবসর দিতে পারবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তার সুযোগ থাকবে সরকারের দেওয়া অবসর আদেশ গ্রহণ না করে ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়সে স্বাভাবিক অবসর নেওয়ার। বর্তমানে অনেক কর্মকর্তা রয়েছেন, যাঁরা চাকরিতে প্রবেশের পর স্থায়ী হওয়ার পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় অকৃতকার্য হয়েও চাকরিতে টিকে আছেন এবং জ্যেষ্ঠ স্কেলে বেতন-ভাতা নিচ্ছেন।দায়িত্ব পালনে কর্মকর্তার দায়: দায়িত্ব পালনের ক্ষেত্রে ক্ষমতার অপপ্রয়োগ কর্মকর্তার ব্যক্তিগত দায় হিসেবে খসড়া আইনে গণ্য করা হয়েছে। স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সরকারের বা রাষ্ট্রের অথবা কোনো ব্যক্তির ক্ষতি সাধিত হলে এর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহি করার কথা বলা হয়েছে। তবে জবাবদিহি বা শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়নি। যদিও এ জন্য আলাদা বিধিমালায় শাস্তির বিধান রয়েছে।সংস্থাপন সচিবের বক্তব্য: সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বে গঠিত কমিটি মোট সাতটি বৈঠক করে গত ডিসেম্বরে আইনের খসড়াটি চূড়ান্ত করেছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের আইন, বিধিবিধান পরীক্ষা-নিরীক্ষা করে খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পরই এটি চূড়ান্ত আইনে রূপ দেওয়া হবে।চুক্তিভিত্তিক নিয়োগ, বাধ্যতামূলক অবসরের সুযোগ ইত্যাদি সমালোচনামূলক বিধান সংযোজন প্রসঙ্গে সচিব বলেন, বিশেষজ্ঞদের মতামত পাওয়ার পর এসব বিষয়ে প্রয়োজনে আরও পরীক্ষা করা যাবে।