প্রশাসনের ওপর হামলা, গণমাধ্যমকে আক্রমণ, ভালো ইঙ্গিত নয়
প্রশাসনে সরকারদলীয় নেতা-কর্মীদের হস্তক্ষেপ-হামলা ও সংসদের ভেতর-বাইরে গণমাধ্যমের ওপর আক্রমণ-বিষোদ্গার গণতন্ত্রের জন্য ভালো ইঙ্গিত বহন করে না।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) তৃতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশিষ্ট ব্যক্তিরা এ অভিমত ব্যক্ত করেন। গতকাল শনিবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, সরকারদলীয় নেতা-কর্মীদের কিছু স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় তাঁরা গণমাধ্যমের ওপর আক্রমণ করছেন। হস্তক্ষেপ করছেন প্রশাসনের ওপরও। তিনি এর বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।আলোচনায় অংশ নিয়ে বর্তমান সরকারের ধরন নিয়ে প্রশ্ন তোলেন লেখক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, এই সরকার কি মন্ত্রিপরিষদ-শাসিত না উপদেষ্টা-পরিষদ শাসিত, তা বোঝা যায় না। সব সময় প্রধানমন্ত্রীকে ঘিরে থাকা উপদেষ্টারা বোঝেন না কার কী দায়িত্ব।সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমরা নানা সংস্কারের কথা বলে আসছি। নির্বাচন কমিশন সংস্কার না হলে, নতুন ভোটার তালিকা না হলে এখন হয়তো তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হতেন আর মতিউর রহমান নিজামী হতেন উপপ্রধানমন্ত্রী।’ কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বলব, আপনারা ঘুষ খান, চুরি করেন, দুর্নীতি করেন কিন্তু অল্প অল্প করেন। একবারে সবকিছু বাদ দিতে বললে তো চাপ পড়বে।’সুজনের সভাপতি মোজাফ্ফর আহমদ বলেন, ‘আপনারা (জনপ্রতিনিধি) দরিদ্রদের প্রতিনিধি হোন; কোটিপতিদের প্রতিনিধি নয়। আর গণমাধ্যম ও নিরপেক্ষ প্রশাসনের পাশে থাকুন।’ সম্মেলনে সুজনের কর্মকাণ্ডের বিভিন্ন দিক সম্পর্কে প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি সুজনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করাতে কাজ করতে হবে।সম্মেলনে আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, প্রশাসন কাঁদছে, ঘোষণা দিয়ে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে—এটাই বর্তমান সুশাসনের নমুনা। সুজনকে এসব বিষয়ে প্রতিবাদ করতে হবে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেন, প্রশাসনে আজ যে শোক বয়ে যাচ্ছে, তাকে শক্তিতে রূপান্তর করতে হবে।সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মহাজোট সরকার প্রশাসনের বিকেন্দ্রীকরণের পরিবর্তে দুর্নীতির বিকেন্দ্রীকরণ করছে। তিনি আদালতের রায় মেনে জামায়াতসহ ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে সুজনের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন।