প্রশাসনের নির্দেশে যশোরের সব মেলা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা হামলার আশঙ্কায় যশোর জেলায় বৈশাখী মেলাসহ সব ধরনের মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে গতকাল শুক্রবার থেকে বিভিন্ন উপজেলার তিনটি মেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া কেশবপুর উপজেলায় মেলা করার একটি আবেদন স্থগিত করা হয়েছে।গত বুধবার রাতে বেনাপোলে বৈশাখী মেলায় বোমা হামলা চালানো হয়। এতে একজন নিহত ও ছয়জন আহত হয়। জেলার অন্যান্য মেলায়ও বোমা হামলা হতে পারে—এ আশঙ্কায় গত বৃহস্পতিবার যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ মেলা বন্ধের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে চিঠি পাঠান। চিঠির জবাবে মেলা বন্ধ করার জন্য গতকাল সব মেলা কমিটির কাছে জেলা প্রশাসকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। এরপর পুলিশ গিয়ে মেলা বন্ধ করে দেয়।যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ মেলা বন্ধের সিদ্ধান্তকে মৌলবাদী গোষ্ঠীর কাছে প্রশাসনের পরাজয় বলে মন্তব্য করেছেন। এ ব্যাপারে পুলিশ সুপার দিদার আহম্মেদ প্রথম আলোকে জানান, জেলা প্রশাসক মেলা বন্ধের নির্দেশ দিয়েছেন। নির্দেশমতো পুলিশ মেলা বন্ধ করে দিয়েছে।জানা গেছে, সপ্তাহখানেক আগে বাংলাদেশ বেনারসি তাঁতশিল্প গবেষণা ফাউন্ডেশনের আয়োজনে যশোর শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে (যশোর টাউন হল মাঠ) তাঁত, বস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু হয়। পয়লা বৈশাখ থেকে বেনাপোলের বলফিল্ড মাঠে ও ঝিকরগাছা বাজারের একটি মাঠে বৈশাখী মেলা চলছিল।