প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে বাণিজ্যসচিব, খাদ্যসচিব, টিসিবির চেয়ারম্যান, প্রধান নিয়ন্ত্রক (আমদানি-রপ্তানি), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ ভেজিটেবল ওয়েল অ্যান্ড বনস্পতি ম্যানোফেকচার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।এ ছাড়া গত ছয় মাসে বিভিন্ন দেশ থেকে এবং বিভিন্ন সময়ে কী পরিমাণ সয়াবিন তেল কী দামে আমদানি করা হয়েছে, সে-সংক্রান্ত প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে আদালতকে জানানোর জন্য প্রধান নিয়ন্ত্রক (আমদানি-রপ্তানি) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। ছয় মাসে দেশে কী দামে সয়াবিন তেল বিক্রি করা হয়েছে তার তথ্য সংগ্রহ করে চার সপ্তাহের মধ্যে জানানোর জন্য বাংলাদেশ ভেজিটেবল ওয়েল অ্যান্ড বনস্পতি ম্যানোফেকচার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন আদালত। আজ সকালে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি রোধে নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ রিটটি করেন।প্রসঙ্গত, ২৪ নভেম্বর ‘সয়াবিনের দাম এক লাফে বাড়ল লিটারে ১৩ টাকা’ শিরোনামে প্রথম আলোতে খবর প্রকাশিত হয়। মূল্য রোধে প্রয়োজনীয় পদক্ষেপ ও গ্রহণযোগ্য মূল্যে সয়াবিন তেল সরবরাহের নির্দেশনা চেয়ে সংগঠনটির সভাপতিসহ ছয় আইনজীবী আজ রিটটি দায়ের করেন। রিট আবেদনে মূল্যবৃদ্ধি রোধে সংশ্লিষ্টদের পদক্ষেপ না নেওয়া কেন বেআইনি হবে না এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছিল। এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য মূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠন, উচ্চপর্যায়ের কমিটি গঠন, গত ছয় মাসে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেলের দাম কত ছিল; সে প্রতিবেদন দাখিলেরও নির্দেশনা চাওয়া হয়।