প্রশাসনের নিষ্ক্রিয়তার বিষয়ে রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে উপযুক্ত মূল্য নির্ধারণে পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তাও জানতে চেয়েছেন আদালত।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জনস্বার্থে সকালে ছয়জন আইনজীবী রিটটি করেন।বাণিজ্যসচিব, খাদ্যসচিব, টিসিবির চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান নিয়ন্ত্রক (আমদানি-রপ্তানি), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া গত ছয় মাসে বিভিন্ন দেশ থেকে কী পরিমাণ সয়াবিন তেল কী দামে আমদানি হয়েছে, সে সংক্রান্ত প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে দাখিলের জন্য প্রধান নিয়ন্ত্রক (আমদানি-রপ্তানি) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বলা হয়েছে। ছয় মাসে দেশে কী দামে সয়াবিন তেল বিক্রি করা হয়েছে সে সংক্রান্ত তথ্য সংগ্রহ করে চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে।এইচআরপিবির পক্ষে রিটটি দায়ের ও শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।২৪ নভেম্বর ‘সয়াবিনের দাম এক লাফে বাড়ল লিটারে ১৩ টাকা’ শিরোনামে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি সংযুক্ত করে মূল্যবৃদ্ধি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ ও গ্রহণযোগ্য মূল্যে সয়াবিন তেল সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।