শরীয়তপুরে দোররা মারার ফলে হেনা আক্তার নামের এক কিশোরীর মৃত্যুর ঘটনা এবং তা প্রতিরোধে ইতিপূর্বে দেওয়া রায়ের আলোকে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে শরীয়তপুরের জেলা প্রশাসক ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ওই ঘটনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপের বিষয়ে জানাতে বলা হয়েছে। গতকাল বুধবার সকালে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।এ দিকে হেনার মৃত্যুর ঘটনায় বিভিন্ন সংগঠন উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে। হেনার মৃত্যুর ঘটনায় গতকাল প্রথম আলোতে ‘মেয়েটির জন্য কারও মায়া হলো না!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহসভাপতি সীমা জহুর। এর পরিপ্রেক্ষিতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেন। সীমা জহুর প্রথম আলোকে বলেন, হেনা মারা যাওয়ার পর মামলা হয়েছে। কিন্তু নির্যাতনের পরপরই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনা ও তা রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা ১৫ দিনের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, হেনা মারা যাওয়ার আগে প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে তা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে। নড়িয়া উপজেলায় ফতোয়াবাজদের দোররার শিকার ওই কিশোরীর মৃত্যুর ঘটনা বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার সমন্বয়ে গঠিত অপর একটি বেঞ্চের নজরে আনেন আইনজীবী সারা হোসেন ও মাহবুব শফিক। এর পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ইতিপূর্বে দেওয়া রায়ের নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার অগ্রগতি তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাতে বলা হয়েছে। পর্যবেক্ষণে আদালত বলেন, ইতিপূর্বে দেওয়া রায় বাস্তবায়ন না করায় এ ঘটনা ঘটেছে।” জানা যায়, গত বছর ৮ জুলাই এক রায়ে হাইকোর্ট ফতোয়ার নামে বিচারবহির্ভূত কার্যক্রম ও শাস্তি অবৈধ ঘোষণা করেন। এ ধরনের শাস্তি ঘোষণাকারীকে অপরাধী হিসেবে গণ্য করতেও বলা হয়। এ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অপরাধের সহযোগী হিসেবে গণ্য করে একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। ফতোয়ার নামে বিচারবহির্ভূত কার্যক্রম ও শাস্তি প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক তিনটি রিটের চূড়ান্ত শুনানি শেষে ওই দিন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। রায়ে আইন প্রয়োগকারী সংস্থা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে রায়ের বিষয়বস্তু জনগণকে জানাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলা হয়। শিক্ষা মন্ত্রণালয়কে স্কুল-কলেজ ও মাদ্রাসায় এ সংক্রান্ত প্রবন্ধ, নিবন্ধ ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে বলা হয়।সারা হোসেন প্রথম আলোকে বলেন, ‘সালিসের মাধ্যমে ফতোয়ার নামে বিচারবহির্ভূত সাজার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে রায়ের অংশবিশেষ গণমাধ্যমে প্রচার করতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের রায় বাস্তবায়নের বিষয়ে অগ্রগতি তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে জানাতে বলা হয়েছে।’ মাহবুব শফিক প্রথম আলোকে বলেন, ‘হেনার মৃত্যু ও নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।’ বিভিন্ন সংগঠনের উদ্বেগ ও বিচার দাবি: হেনার মৃত্যুর ঘটনায় বিভিন্ন সংগঠন উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক দাবি করেছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) উদ্বেগ প্রকাশ করে বলেছে, জড়িত ব্যক্তিদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এ ঘটনার নিন্দা জানিয়েছেন। নারী প্রগতি সংঘ উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে বলেছে, দোষীদের বিচারের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই দাবি জানিয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম।