প্রশাসনের হস্তক্ষেপে চন্দ্রভানু ধান পেয়েছেন, মালিকানা নিয়ে সংশয় কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের বারান্দায় ধরনা দেওয়া বরগুনার বেতাগী উপজেলার সেই চন্দ্রভানু বেতাগীর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আপাতত জমির ধান কেটে ঘরে তুলতে পারলেও জমির মালিকানা স্বত্ব নিয়ে এখনো তাঁর সংশয় কাটেনি। সামান্য এ জমি নিয়ে এক দশক ধরে লড়াই করতে গিয়ে চন্দ্রভানু এখন অনেকটা ক্লান্ত। আইন করেও তাঁর জমির মালিকানাটুকু বুঝে পাননি তিনি। তাই ক্লান্তি তাঁকে বিশ্রাম দেয় না। তিনি এখনো লড়ছেন জমিটুকুর জন্য। লড়বেনই বা না কেন? কারণ, এ জমিটুকুই তাঁর জীবনের একমাত্র সম্বল। বলা যেতে পারে, বুকের ধন। মাত্র ৩৭ শতক আয়তনের এ জমিখণ্ড নিয়ে চন্দ্রভানুর সঙ্গে বিরোধ আবদুল মালেক নামের এক স্কুলশিক্ষকের। এ জমির বিরোধ নিয়ে মালেক পাঁচটি ফৌজদারি মামলায় ঝুলিয়েছেন চন্দ্রভানু ও তাঁর অসহায় পরিবারকে। অবশ্য সব মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় চন্দ্রভানু খালাস পেয়েছেন। কিন্তু তাতে কাঠখড় কম পোড়াতে হয়নি। সর্বশেষ গত বছরের আগস্ট মাসে জমি চাষ করতে গেলে প্রতিপক্ষ চন্দ্রভানুকে বেদম পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। চন্দ্রভানুও থানায় মালেক ও তাঁর লোকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। চন্দ্রভানুর অভিযোগ, পুলিশের দুর্বল তদন্ত প্রতিবেদনের কারণে ওই মামলায় কিছুই হবে না আবদুল মালেকের। বরং অর্থ আর প্রভাব খাটিয়ে চন্দ্রভানুকে ঘায়েল করতে অনেকটাই সফল হয়েছেন মালেক। চন্দ্রভানু বলেন, ‘থানায় যাই, ইউএনওর ধারে যাই, নেতাগো ধারে যাই, এমনকি যে জাগায় যাই, সবাই দূর দূর কইর্যা মোরে খেদাইয়্যা দেয়। মুই যেন একটা পাগল!’ বরগুনার বেতাগী উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের হতদরিদ্র চন্দ্রভানু ১৯৯৮ সাল থেকে লড়ছেন। আইনি মারপ্যাঁচে পড়ে চন্দ্রভানু যে এ জমির মালিকানা হারাচ্ছিলেন, তা বুঝতে পেরে ২০০৫ সালে বেতাগী উপজেলা সহকারী জজ আদালতে জমির মালিকানা চেয়ে একটি দেওয়ানি মামলা করেন এবং আদালত ২০০৭ সালের ৬ আগস্ট চন্দ্রভানুর পক্ষে রায় দেন। আবদুল মালেক ওই রায়ের বিরুদ্ধে জেলা জজ আদালতে দেওয়ানি আপিল করেন ২০০৭ সালে। তাঁর আপিল মঞ্জুর হলে চন্দ্রভানু হাইকোর্টে ওই আদেশের বিরুদ্ধে রিভিশন দাখিল করেন, যার নম্বর ৪৩২৭/২০০৮। হাইকোর্টের বিচারপতি মো. জিয়াউল করিম ২০০৯ সালের ১১ আগস্ট ওই রিভিশন মামলার আদেশে বিরোধীয় ওই জমির ওপর স্থিতাবস্থার আদেশ দেন। কিন্তু এ আদেশ এখন চন্দ্রভানুর জন্য আরও অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। চন্দ্রভানুর ভোগদখলে থাকা ওই জমিতে তিনি বর্গাচাষি দিয়ে আমন ধান রোপণ করিয়েছিলেন। সে ধান পেকেছে পৌষ মাসের শুরুতে। আদালতের স্থিতাবস্থার দোহাই দিয়ে এত দিন বিবাদীরা তাঁকে ধান কাটতে বাধা দেন। এখন চন্দ্রভানুর সামনে স্থিতাবস্থা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘আইন-আদালত করছি মোর ন্যায্য দাবি পাওনের লইগ্যা, এহন দেহি সব কিছুই পয়সাঅলাগো পক্ষে।’ প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, পুলিশের দ্বারে দ্বারে হাঁটতে হাঁটতে ক্লান্ত চন্দ্রভানু বিরক্তির সুরেই বলেন, ‘গরিবেরা কি বাঁচবে না!’ জমি নিয়ে চন্দ্রভানুর লড়াইয়ের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। প্রথম আলোয় যেসব ঘটনা প্রকাশিত হয়, তা নিয়ে স্থানীয়ভাবে আলোচিত হলে স্থানীয় প্রশাসন কিছুটা নড়েচড়ে বসে। গত সোমবার বেতাগী থানার ওসির নির্দেশে চন্দ্রভানু কিছু ধান কেটে ঘরে তুলেছেন। বাকি ধান কাটবেন কিন্তু পরবর্তী প্রভাব নিয়ে তিনি শঙ্কিত। পরে যদি এ জমি তাঁর দখলে না থাকে! আর চন্দ্রভানুর পক্ষে হাইকোর্টে করা রিভিশনের পক্ষে বিচারক উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার যে রায় দিয়েছেন, তা-ও অবস্থা বিবেচনায় কিছুটা প্রশ্নবিদ্ধ। কারণ, ফসলি জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা মেনে চলার আদেশ দেওয়ায় উভয় পক্ষই সুবিধার চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবস্থা বিবেচনায় এখানে চন্দ্রভানুর ক্ষতির দিকটা বিবেচ্য বেশি। চন্দ্রভানুর এ ক্ষেত্রে যুক্তি খুবই যৌক্তিক, ‘আমি জমি পাওয়ার লইগ্যা মামলা করলাম। এহন হেই জমিতেও আমি যাইতে পারি না। তাইলে এই মামলায় আমার লাভটা কী?’ তিনি বলেন, ‘এহন তো আপনেগো কারণে ধান কাটতে পারছি, আবার যহন দুই-এক মাস পর রবি-ধুলট-কৃষ্টি (রবি ফসল) দিতে যামু, তহন তো আবার হ্যারা হাঙ্গামা করবে। কয় দিন আপনেরা মোরে এই রহম আগলাইয়্যা রাকপেন?’ স্থিতাবস্থার বিষয়ে কথা বলি বরগুনা জেলা জজ আদালতের দেওয়ানি বিষয়ের আইনজীবী হাসান তারিক পলাশের সঙ্গে। তিনি বলেন, ‘হাইকোর্টের এ আদেশ নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, এটা ঠিক।’ তিনি আইনের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘উভয় পক্ষে স্থিতাবস্থার অর্থ হলো, আদেশ প্রদানের সময় বিরোধীয় জমি যে পক্ষের ভোগদখলে ছিল, সেই পক্ষের দখল বজায় রাখা। আইনের একটি সাধারণ নিয়ম হলো, আইনসংগতভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখলে থাকা পক্ষের দখল বজায় রাখা।’ প্রথম আলোয় চন্দ্রভানুকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর বেতাগীর পুলিশ প্রশাসন কিছুটা উদ্যোগী হয়। সোমবার বেতাগী থানার ওসি আবু সালেহ বলেন, ‘আপনাদের লেখালেখির পর আমরা তো উদ্যোগ নিয়ে চন্দ্রভানুকে ধান কাটার ব্যবস্থা করে দিয়েছি।’ জমির দখল কার হাতে থাকবে, এর জবাবে ওসি বলেন, ‘সেটা তো আদালতের ব্যাপার, এখানে আমার তো কোনো হাত নেই।’ ওসি কিছুটা বিরক্তির সুরেই বললেন, ‘আসলে ওদের দুজনের কেউই ভালো না। কারণ, ওই জমিতে সব মিলিয়ে ধান হবে চার-পাঁচ কাঠি (আড়াই মণ)—এর জন্য যে অর্থ ওরা ব্যয় করেছে, তা দিয়ে অনেক জমি কিনতে পারত। তবে গাছ কাটার অভিযোগে গ্রাম আদালতে চন্দ্রভানুর দায়ের করা মামলায় মুচলেকাভঙ্গের অভিযোগে মালেক মাস্টারকে জরিমানা করা চার হাজার টাকা এখনো চন্দ্রভানু হাতে পায়নি।’ বেতাগী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও সালিসদার শাহজাহান খান বলেন, ‘মালেক মাস্টার কেন যে টাকাটা দিচ্ছেন না, বুঝি না। এ জন্য গ্রাম আদালতের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।’ এ বিষয়ে জানার জন্য বেতাগী সদর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীর হাওলাদারের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। পরে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আদালত থেকে মামলা আমাদের গ্রাম আদালতে পাঠানোর পর মালেক মাস্টারকে সাত হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রায় দেওয়া হয়, পরে সালিসদারেরা তা কমিয়ে চার হাজার টাকা নির্ধারণ করেন। কিন্তু মালেক মাস্টার ওই টাকা দিতেও অস্বীকৃতি জানিয়েছেন। এখন পরবর্তী করণীয় বিষয়ে আমরা বসে সিদ্ধান্ত নেব।’