প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো হাকালুকির সেই ইটভাটা
হাকালুকি হাওরের প্রতিবেশ ঝুঁকিপূর্ণ এলাকায় যুবলীগ নেতার অনুমোদনহীন সেই ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার প্রথম আলোতে এ-সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ভূমি-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে একটি পরিদর্শক দল দুপুরে সরেজমিনে ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায় গিয়ে ইটভাটার কাজ বন্ধ করে।দুটো ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পরিদর্শক দল জানায়।পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন সূত্র জানায়, দুপুরে একদল পরিদর্শক ওই ইটভাটা পরিদর্শন করে। এ সময় সেখানে কর্মরত শ্রমিক ও ব্যবস্থাপক ইটভাটার বৈধতার কোনো কাগজপত্র দেখাতে না পারায় পরিদর্শক দল তাত্ক্ষণিক বন্ধ করার নির্দেশ দেয়। এ সময় দুটো ইটভাটার মালিককে খোঁজা হলেও তাঁরা পরিদর্শক দলের মুখোমুখি হননি।পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রথম আলোকে বলেন, ‘এটি আসলেই পরিবেশের জন্য ভয়াবহ ছিল। কোনো রকমের বৈধতা না নিয়েই পরিচালিত হচ্ছে। এ জন্য প্রাথমিকভাবে ইটভাটা বন্ধ করে দেওয়া হলো।’পরে আইনি ব্যবস্থা কী নেওয়া হবে—জানতে চাইলে সহকারী পরিচালক বলেন, হাওরে ভবিষ্যতে ইটভাটা তত্পরতা ঠেকাতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ তাঁদের থাকবে বলে জানিয়েছেন।উল্লেখ্য, সিলেটের হাকালুকি হাওরে অবৈধভাবে দুটি ইটভাটা গড়ে তোলা হয়। ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া এলাকায় চিমনিহীন ভাটা দুটির একটির মালিক উপজেলা যুবলীগের সহসভাপতি আবদুল মছব্বির। অন্যটির মালিক মছব্বিরের বন্ধু হুমায়ূন কবীর।