প্রশিকা নিয়ে আদালতে যাবেন মাহবুবুল করিম
মিরপুরে প্রশিকার প্রধান কার্যালয়ে আজ সোমবার স্বাভাবিক কার্যক্রম চলছে বলে জানিয়েছেন কাজী ফারুক সমর্থকেরা। অন্যদিকে ফারুক-বিরোধীরা সাভারে মাঠকর্মীদের সঙ্গে করণীয় ঠিক করতে বৈঠক করেছেন।এদিকে কাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করা হবে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুল করিম। সংবাদ সম্মেলনে প্রশিকার সার্বিক অবস্থা তুলে ধরা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে বিষয়টি নিয়ে তিনি আদালতেও যাবেন বলে জানা গেছে।প্রশিকা সূত্রে জানা গেছে, কাজী ফারুক আজ সকাল ১০টার পর প্রশিকা কার্যালয়ে যান। বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গে তিনি কথাবার্তা বলেন।কাজী ফারুকের সমর্থক প্রশিকার পরিচালক নাসরিন জাহান দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলো ডটকমকে বলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাজী ফারুক আজ সকালে কার্যালয়ে এসেছেন। প্রতিষ্ঠানের কর্মীরা নানা বিষয়ে তাঁকে জানাচ্ছেন। কর্মীরা চাইছেন কাজী ফারুক প্রশিকাকে এগিয়ে নিয়ে যান।প্রশিকার পরিচালক সিরাজুল হক জানান, সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মীদের সঙ্গে আজ সাভারে বৈঠক হয়েছে। দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে পরিস্থিতি তুলে ধরা হবে।১৯৭৫ সালে বেসরকারি সংস্থা প্রশিকার কার্যক্রম শুরু হয়। তিন দশকের বেশি সময় ধরে সংস্থাটি দেশের দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে কাজী ফারুকের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে প্রশিকাকে ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ ওঠে। জরুরি অবস্থার সময় রাজনীতিও করেন কাজী ফারুক। ২০০৮ সালের ডিসেম্বরে নিজে একটি দল করে তিনি নির্বাচনও করেন।২০০৯ সালে বিরুদ্ধে কাজী ফারুকের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন কর্মীরা। এরপর পরিচালনা পর্ষদ তাঁকে সরিয়ে দেয়। বিষয়টি আদালতে গড়ালে প্রশিকার দায়িত্ব পান মাহবুবুল করিম। এরপর গত বছরের আগস্টে কাজী ফারুক দলবল নিয়ে প্রশিকা কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে আদালতের রায় নিয়ে মাহবুবুল করিমই এত দিন প্রশিকা চালাচ্ছিলেন।