প্রশিকা ভবন নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ, বাইরে কর্মীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা প্রশিকার প্রধান কার্যালয় প্রশিকা ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। ভবনটি দখল করে থাকা প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের লোকজনকে গতকাল বুধবার পুলিশ বের করে দেয় এবং সব প্রবেশপথের চাবি তাদের কাছে নেয়। এদিকে ভবনে প্রবেশের জন্য সংস্থার কর্মীরা গতকালও দিনভর বিক্ষোভ করেন। কাজী ফারুকের লোকজন গত সোমবার মধ্যরাতে প্রশিকার কর্মীদের বের করে দিয়ে ভবনটির নিয়ন্ত্রণ নিয়েছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে প্রশিকার কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল প্রশিকা ভবনে যেতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি। তাঁরা ভবনের পশ্চিম দিকে থাকা কাঁটাতারের ব্যারিকেডের বাইরে অবস্থান নিয়ে কর্মস্থলে প্রবেশের দাবিতে এবং কাজী ফারুকের বিরুদ্ধে বিক্ষোভ করেন। সকাল আটটার দিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পুলিশ ভবনে ঢোকে এবং ভবন দখল করে থাকা ১৮ যুবকের নাম-ঠিকানা লিখে রেখে তাঁদের বের করে দেয়। পুলিশ ভবনের সামনে গাড়ি রাখার স্থানে আটকে পড়া প্রশিকার ৩৫ কর্মীকে বের হতে সহায়তা করে। পরে পুলিশ পুরো ভবনের নিয়ন্ত্রণ এবং প্রধান ফটকসহ সব প্রবেশপথের চাবি নিয়ে নেয়। বেলা ১১টার দিকে প্রশিকার অন্যতম পরিচালক কামরুল হোসেন ভবনের পূর্ব পাশে কাঁটাতারের ব্যারিকেডের বাইরে গেলে কাজী ফারুকের সমর্থকেরা তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সংস্থার কর্মীরা এগিয়ে গেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ব্যারিকেডের বাইরে অবস্থান নেওয়া কর্মীরা রাত পর্যন্ত বিক্ষোভ করেন। দুপুরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) লুত্ফুল কবির প্রথম আলোকে বলেন, সকালে প্রশিকা ভবন দখলমুক্ত করে সব চাবি পুলিশ কাছে রেখেছে। আদালত ও মন্ত্রণালয় যাঁদের বৈধ বলে সিদ্ধান্ত দেবে, পুলিশ কেবল তাঁদের প্রশিকা ভবনে প্রবেশের অনুমতি দেবে। এর আগ পর্যন্ত ভবনটিতে পুলিশ পাহারা দেবে। প্রশিকার অন্যতম সমন্বয়কারী কাজী রবিউল আলম বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ও মিরপুর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার প্রশিকা ভবনের বাইরে অবস্থান নেওয়া কর্মীদের চলে যেতে অনুরোধ করেন। তখন বলা হয়, উদ্ভূত পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ফলাফল তাঁদের জানানো হবে। এ কথা শুনে কর্মীরা চলে যান। গতকাল সকালে তাঁরা যথারীতি কর্মস্থলে এলে পুলিশ ভবনে যেতে দেয়নি। ওসি জানান, স্থানীয় সাংসদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী চাবি হস্তান্তর করা হবে। এরপর প্রশিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানীয় সাংসদ ইলিয়াছ মোল্লাহ্র সঙ্গে দেখা করেন। রবিউল আলম আরও বলেন, ‘আশা করি, সমস্যার সুষ্ঠু সমাধান হবে। প্রশিকা কার্যালয়ে ঢুকতে না পারা পর্যন্ত কর্মীরা ভবনের বাইরে থাকবেন।’ তিনি অভিযোগ করেন, সকালে কাজী ফারুকের সন্ত্রাসীরা বিভিন্ন অলিগলিতে প্রশিকার কর্মীদের ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে। গত বছরের ২৪ মে প্রশিকার পরিচালনা পর্ষদের সভায় নয় সদস্যের মধ্যে আটজন সর্বসম্মতভাবে কাজী ফারুক আহমেদকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করেন। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং নতুন পরিচালনা পর্ষদের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ৩১ মে কাজী ফারুক ঢাকার প্রথম সহকারী জজ আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দেননি। একই বিষয়ে ৭ জুন তিনি জজ আদালতে আবেদন করলে তাও খারিজ হয়ে যায়। কাজী ফারুকের পক্ষে নিষেধাজ্ঞা চেয়ে আবু সাইদ নামের এক ব্যক্তির করা আবেদন ৮ জুন ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ খারিজ করেন। একই বিষয়ে হাইকোর্টে আবেদন করা হলে আদালত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। একই সঙ্গে কিছু নির্দেশনা দেন। কাজী ফারুক সাবেক চেয়ারম্যান হিসেবে প্রশিকা ভবনে যেতে পারবেন। তবে তাঁকে যেতে হবে একা। তিনি সেখানে মিছিল, সমাবেশ করতে পারবেন না। তিনি বর্তমান চেয়ারম্যান অথবা বোর্ডের সদস্য অথবা প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলতে পারবেন। এ ছাড়া হাইকোর্ট নির্দেশ দেন, নিম্ন আদালতে করা কাজী ফারুকের মামলা চার মাসের মধ্যে নিষ্পন্ন করতে হবে।