প্রশিকা: শব্দের ওপর স্থগিতাদেশ
প্রশিকা বিরোধ আদালতে। এবং আদালত অঙ্গনে এটা যেভাবে গড়িয়ে চলেছে, তা অত্যন্ত কৌতূহলোদ্দীপক। এর মুখ্য প্রতিষ্ঠাতা প্রশিকার শাসন পর্ষদের ‘সাবেক’ সভাপতি কাজী ফারুক আহমেদ। তিনি ৩১ মে ২০০৯ ঢাকার প্রথম সহকারী আদালতে যান। বলেন, প্রশিকা জোট সরকারের আমলে হয়রানির শিকার হয়। ৭০ দিন তাঁকে কাটাতে হয় জেলে। এ সময়ে প্রশিকার বর্তমান শাসন পর্ষদের আটজনই তাঁর সঙ্গে ছিলেন। এর মধ্যে বর্তমান চেয়ারম্যানসহ অন্তত তিনজন গত দুই দশক বা তারও বেশি সময় প্রশিকায় রয়েছেন। কাজী ফারুক আদালতে প্রশিকা ও নিজেকে সমার্থক দেখান। প্রশিকা মানে তিনি, তিনি মানে প্রশিকা। তিনি ছিলেন প্রশিকা গভর্নিং বডির চেয়ারম্যান। এই গভর্নিং বডির নয় সদস্য। প্রত্যেকের মর্যাদা ও দাবি সমান। ফারুক যুক্তি দেন, প্রশিকায় কোনো সভা ডাকা মানেই চেয়ারম্যানের ডাকা। যে সভা ডাকতে তাঁর সই বা সায় নেই, তা বৈধ সভা নয়। কাজী ফারুক তাঁর ও প্রশিকা পরিচালনার ব্যক্তিকেন্দ্রিকতা অকপটে তুলে ধরেন। অবশ্য এটাই বাংলাদেশি গণতন্ত্রের মডেল! তিনি তাঁর যুক্তির সপক্ষে প্রশিকা পরিচালনাবিধির ২৭ অনুচ্ছেদের বরাত দেন। এখানে একটি ফাঁক আছে। ফাঁকটি হলো, চেয়ারম্যানের সঙ্গে পরিচালনা পর্ষদের সম্পর্ক কী হবে সে বিষয়ে কিছুর উল্লেখ না থাকা। ২৭ অনুচ্ছেদ বা প্রশিকা আইনের অন্য কোথাও চেয়ারম্যানের অপসারণের নির্দিষ্ট বিধান নেই। ২৭ অনুচ্ছেদে পরিচালনা পর্ষদের পদ শূন্য হওয়ার পাঁচটি কারণ বলা আছে। পদত্যাগ, মানসিক বিকারগ্রস্ততা, আদালতে দোষী সাব্যস্ত হওয়া, সাধারণ সভার মাধ্যমে বিশেষ সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ কিংবা পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া একটানা তিনটি সভায় অনুপস্থিতি। এগুলো তাঁর ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। ২৪ মে তাঁকে চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়। ৯ জুন বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের পরে তাঁকে গভর্নিং বডি থেকেও সরানো হয়। এখন তিনি শুধু প্রশিকার জেনারেল বডির সদস্য। তিনি আদালতকে ঠিকই বলেছিলেন, এসব শর্ত তাঁর ক্ষেত্রে খাটে না। অবশ্য কেউ তখন তা বলেওনি। অথচ তিনি আদালতে চেয়ারম্যানের পদ থেকে তাঁকে সরানোর বিষয়টিকে এমনভাবে তুলে ধরেন যাতে মনে হবে, তাঁকে গভর্নিং বডি থেকেই অপসারণ করা হয়েছিল। তিনি বলেন, ‘আমি তো পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকিনি।’ অথচ তিনি এক বছর মেয়াদি গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে ১০ মাস গভর্নিং বডির সভা ডাকেননি। মেয়াদ পুরা হলেও এজিএম করেননি।আমার প্রশিকা: কাজী ফারুক উল্লেখ করেন যে ২৪ মে ২০০৯ পরিচালনা পর্ষদের সভা ডাকা, সেখানে চেয়ারম্যানের পদ থেকে আমাকে অপসারণ করা এবং পাঁচ সদস্যের একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা এবং ৯ জুন ২০০৯ প্রশিকার একটি সাধারণ সভা আহ্বানের খবর তাঁকে অবহিত করা অবৈধ। ‘প্রশিকা আমার’ তাঁর এই মনোভাব খুব স্পষ্ট। তিনি বলেন, ‘তাঁর সংগঠন প্রশিকা’ ধ্বংস করতেই ‘স্বার্থান্বেষী মহলের’ এই কারসাজি। তিনি তাঁর অনুপস্থিতিতে প্রশিকায় ‘রক্তগঙ্গা’ এবং আর্থিক ক্ষতির আশঙ্কা আদালতকে জানান। তাঁর কথায়, ‘পরিচালনা পর্ষদের সদস্যরা গুরুত্বপূর্ণ নথিপত্র, বিশেষ করে ব্যাংক থেকে টাকাকড়ি তুলে নিতে পারেন।’ উল্লিখিত কারণ দেখিয়ে তিনি একটি টাইটেল স্যুট দায়ের করেন। আদালতের পরিভাষায় এটি হলো একটি পার্মানেন্ট ইনজাংশন বা স্থায়ী নিষেধাজ্ঞার মামলা। তিনি আদালতের কাছে দুটি প্রতিকার চান। প্রথমত, পরিচালনা পর্ষদ কর্তৃক ২৪ মের ডাকা সভা ও সেখানে তাঁকে অপসারণের সিদ্ধান্ত বেআইনি ঘোষণা করা। দ্বিতীয়ত, তাঁর সই ছাড়া যেকোনো ধরনের সভা আহ্বান এবং ২৪ মে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করা থেকে বিরত রাখতে একটি স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা।দেশে এ ধরনের মামলা দায়েরের পর রেওয়াজ ও প্রবণতা হলো, আবেদনকারী গোড়াতেই একটি অস্থায়ী নিষেধাজ্ঞা চান। কারণ তাত্ক্ষণিকভাবে বিরোধীয় কার্যক্রম স্থগিত না করা হলে মামলা দায়েরের উদ্দেশ্য মূল্যহীন হতে পারে। এ মামলাটিকে আমরা একটি মডেল হিসেবে গণ্য করতে পারি। কারণ, এখানে আমরা বাংলাদেশের বিচারব্যবস্থার রীতি বা ফাঁকফোকরকে কীভাবে কাজে লাগানো যায় তার প্রমাণ হাতেনাতে পাই। আমরা দেখব, প্রচলিত বিচারব্যবস্থা কখনো কোনো পক্ষকেই দ্রুত বিচার দিতে পারে না। ধরি ধরি করে বিচার থেকে যায় অধরা। কখনো মনে হয় বিচারপ্রক্রিয়া একটা বিরাট বড় মাপের খেলা। কাজী ফারুক যে প্রতিকারের আশায় বিচারিক আদালতে গিয়েছিলেন তা সফল হয়নি। তিনি এ যাবত্ কার্যত সহকারী জজ আদালত ও জেলা জজ কোর্টে হারেন। এবং হাইকোর্টে যেন উভয় পক্ষ জেতে। এই হারজিত চলছে কিন্তু ‘অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী আদেশ’ নিয়ে। মূল মামলার শুনানির প্রশ্ন প্রায় সাত মাস ঝুলছে। এই সাত মাসে একটি মামলার ‘অন্তর্বর্তীকালীন আদেশের’ বিরুদ্ধে প্রতিকার-প্রক্রিয়া এগিয়েছে তুলনামূলক দ্রুততায়। কেউ যদি প্রশ্ন করেন যে মূল মামলা কবে শেষ হবে, সে প্রশ্নের সদুত্তর কারও পক্ষে দেওয়া সম্ভব নয়। মামলা দায়েরের পর মামলা হয়ে যায় ঘুড়ি। যে ঘুড়ির লাটাই বারবার হাতবদল ঘটতে থাকে। প্রশিকার মতো শাক্তিশালী সংগঠনের মামলা বলেই সাত মাস সময়ে একটি অন্তর্বর্তীকালীন আদেশ পাওয়া এবং পরে আরও তিনটি ধাপ পার হওয়া সম্ভব হয়েছে। চতুর্থ ধাপটি বাকি আছে। এটি হলো আপিল বিভাগে সুরাহা হওয়া। এ সিদ্ধান্ত যাঁর পক্ষেই যাক, মনে রাখতে হবে মূল মামলা কিন্তু বাকি। এমনও হতে পারে, মূল মামলা কখনো সুরাহা হবে না। শুনলাম, হাইকোর্ট চার মাসের মধ্যে মূল মামলা সুরাহা করতে বলেছিলেন। ইতিমধ্যে তা অকার্যকর হয়েছে। কাজী ফারুক সহকারী জজের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনেন। আর তাঁর প্রতিপক্ষ মামলা খারিজ চেয়ে আবেদন করেন। প্রচলিত ব্যবস্থার নিয়ম হলো, কখনো মূল মামলার রায় হলে তার বিরুদ্ধেও ওই অন্তর্বর্তী আদেশের মতোই চার ধাপে লড়াই চালানোর পথ খোলা থাকবে। সহকারী জজের রায়ের বিরুদ্ধে জেলা জজ, হাইকোর্ট, চেম্বার জজ ও আপিল বিভাগে যাওয়া সম্ভব হবে। এবার আমরা দেখে নেব, অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে ইতিমধ্যেই কতটা কী কাণ্ড কীভাবে ঘটে গেল।তিনটি কারণ: সহকারী জজ শেখ মেরিনা সুলতানা ৩১ মে ২০০৯ আট পৃষ্ঠার একটি পরিচ্ছন্ন আদেশ দেন। তিনি অস্থায়ী নিষেধাজ্ঞার আরজি কেন নাকচ করেছেন তার ব্যাখ্যা দেন। মনে হয়েছে, এ রায়টিই ফারুকের দাবির অসারতা চূড়ান্তভাবে প্রমাণের জন্য যথেষ্ট। এটাই হতে পারত রায়। বিচারক তিনটি কারণ দেখান। এক. প্রশিকার চেয়ারম্যান পদ কাজী ফারুকের জন্য সংরক্ষিত নয়। তবে তাঁর পুনরায় চেয়ারম্যান হওয়ার সুযোগ আছে। দুই. তাঁকে অপসারণে গভর্নিং বডির অন্যরা সর্বসম্মত সিদ্ধান্ত নেন। তিন. বাদী মূলত এক বছরের জন্য চেয়ারম্যান হয়েছিলেন। কিন্তু মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরও তিনি নতুন কমিটি করে চেয়ারম্যান নির্বাচন করার উদ্যোগ নেননি। চার. গভর্নিং বডির ১৬ অনুচ্ছেদে লেখা আছে, গভর্নিং বডির সদস্যরাই সাধারণ ভোটে তাঁদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দেবেন। আদালত মন্তব্য করেন যে ‘বাদীর ব্যক্তিস্বার্থ ক্ষুণ্ন হলেও প্রশিকার মতো একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গভর্নিং বডি এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতীয়মান হয়।’ সরাসরি নাকচ: কাজী ফারুক ওই আদেশের বিরুদ্ধে ঢাকার জেলা জজ আদালতে আপিল করেন। তাঁর আসল উত্কণ্ঠা, এর ফলে প্রশিকার তহবিল লুটপাট হয়ে যাবে। গভর্নিং বডির সভা কে ডাকবেন তা গঠনতন্ত্রে নেই। তাই আটজনের সভা ডাকা বৈধ হতে পারে না, এটাই তাঁর যুক্তি। আট পৃষ্ঠার আদেশে জেলা জজ মো. আবদুল গফুর ৭ জুন ২০০৯ আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে তিন দিন শুনানি করেন। জেলা জজ লিখেছেন, ‘উভয় পক্ষ একমত যে প্রশিকার সাধারণ সদস্য ৫৫ জন। তাঁরা এক বছরের মেয়াদে নির্বাচিত করেন নয় সদস্যের গভর্নিং বডি। গভনির্ং বডি ড. ফারুককে চেয়ারম্যান করেন। ১০ মে ২০০৯ সাত সদস্য সভা ডাকতে তাঁকে চিঠি দেন। কিন্তু তাঁর সাড়া না পেয়ে ১৭ মে ২০০৯ নয়জনের মধ্যে আটজনই সভা ডাকেন। ১৭ মে ২০০৯ এই সভার নোটিশ পান বাদী। কিন্তু তিনি উপস্থিত হননি। এ রকম অবস্থায় নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়। সে কারণে এই আপিল সরাসরি নাকচ করা হলো।’ কাজী ফারুক এ পর্যায়ে এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আসেন। সিভিল রিভিশন নম্বর ২৩২৩/২০০৯। গত আগস্টের গোড়ায় হাইকোর্টে এ মামলায় টানা সাত দিন জমজমাট শুনানি হলো। ফারুকের পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও বর্তমান চেয়ারম্যান এম এ ওয়াদুদের পক্ষে আনিসুল হক, আবদুল মতিন খসরু এমপি প্রমুখ।দ্ব্যর্থক রায়: ১১ আগস্ট ২০০৯ বিচারপতি মো. আবদুস সালামের নেতৃত্বাধীন এক সদস্যের বেঞ্চ ২৭ পৃষ্ঠা দীর্ঘ একটি রায় দেন। সার্বিক বিচারে এ রায়ের কিছু অংশ অস্পষ্ট ও দ্ব্যর্থক বলেই প্রতীয়মান হচ্ছে। হাইকোর্ট জেলা জজের সিদ্ধান্তের সমালোচনা করেন এই বলে যে তাঁর উচিত ছিল আপিল মঞ্জুর করে সিদ্ধান্ত দেওয়া। হয়তো তিনি ওই একই সিদ্ধান্তে পৌঁছাতেন। তবে সরাসরি আপিল নাকচ করা ঠিক হয়নি। কিন্তু এতে কোথায় আইনের লঙ্ঘন ঘটল তার উল্লেখ নেই। হাইকোর্ট আরও বলেন যে পরিবর্তিত অবস্থায় বাদীকে তাঁর মূল আবেদন বদলাতে হবে। নিম্ন আদালতে তাঁকে এখন নতুন করে ‘ম্যান্ডেটরি ইনজাংশন’ চেয়ে আবেদন করতে হবে। সহকারী জজের গত ৩১ মের আদেশ বাতিলযোগ্য। সিভিল রিভিশনের রুল আংশিক গ্রহণ করা হলো। হাইকোর্ট অতঃপর চমকপ্রদ নির্দেশনা দেন। ১. উভয় পক্ষ মূল মামলার সুরাহা না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখবে। ২. প্রশিকার শান্তিভঙ্গের কারণ না ঘটিয়ে কোনো প্রকারের মিছিল ও সমাবেশ ছাড়া ড. কাজী ফারুক যদি প্রশিকার একজন সাবেক প্রেসিডেন্ট ও একজন সাবেক চেয়ারম্যান হিসেবে প্রশিকায় যেতে চান এবং বর্তমান চেয়ারম্যান, বর্তমান প্রধান নির্বাহী ও গভর্নিং বডির অন্য সদস্যদের সঙ্গে বৈঠকে বসতে চান, তাহলে বিবাদীরা তাঁকে বাধা দেবেন না। ৩. সহকারী জজ এই রায়ের কপি পাওয়ার চার মাসের মধ্যে মূল মামলা নিষ্পত্তি করবেন।ধানখেতের পর: এরপর আমরা অনেক অভাবনীয় কাণ্ড দেখলাম। উভয় পক্ষ দাবি করল, হাইকোর্টের রায় তাদের পক্ষে গেছে। ফারুক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলেন না। আপিল করলেন একটি শব্দের বিরুদ্ধে। চন্দ্রভানুর ক্ষেত্রে আমরা ধানখেতে স্থিতাবস্থা দেখেছি। এবার স্থগিতাদেশ পেলাম শব্দের ওপর। এ জন্যই জন্ম নিল সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ১৬৯৭/২০০৯। এতে অঙ্গীকার করা হয়, চার মাসের মধ্যে মূল মামলার শুনানি অনুষ্ঠানে কাজী ফারুক প্রস্তুত। কিন্তু বাস্তবে তিনি সহকারী জজের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে মামলা স্থানান্তরের আবেদন করেন। আপিল বিভাগকে কাজী ফারুক জানান, তাঁকে সাবেক চেয়ারম্যান বলায় প্রশিকার কর্মীদের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ ছাড়া তাঁর মূল মামলার জন্যও এটা ক্ষতিকর। চেম্বার জজ বিচারপতি এস কে সিনহা ২ অক্টোবর ২০০৯ তাঁর সংক্ষিপ্ত আদেশে লেখেন, ‘লিভ পিটিশনের শুনানি ৪ অক্টোবর স্থির করা হলো। ওই সময় পর্যন্ত “সাবেক” কথাটির ওপর স্থগিতাদেশ বজায় থাকল।’ কিন্তু অদ্যাবধি ওই শুনানি হয়নি। পাঠক লক্ষ করবেন, চেম্বার জজের এই আশ্চর্য আদেশের ফলে জটিলতা আরও বাড়ে। মূল মামলা ঝুলেই আছে। ইতিমধ্যে আরও নতুন মামলার জন্ম নিয়েছে। প্রশিকায় উত্তেজনা, ধস্তাধস্তি। থানা-পুলিশ কিংবা পেশির জোর লাগলই। মূল মামলার নিষ্পত্তি হবে না। কিন্তু এর ডালপালা গজাবে।শব্দের পরে চাবি: আমরা এবার পেলাম চাবির জন্য রিট। প্রশিকায় হাইকোর্টের স্থিতাবস্থা লঙ্ঘনের সংজ্ঞা ব্যাখ্যা করে নতুন রিট (৩৯৩/২০১০) হলো। এর আগে অবশ্য এই লঙ্ঘন প্রশ্নে প্রশিকার নতুন কমিটি আরও একটি মামলা করেছে। কাজী ফারুকের বিরুদ্ধে সই জালিয়াতিরও আরেকটি মামলার সুরাহা হয়নি। বিচারপতি মমতাজ উদ্দীন আহমেদ ও বিচারপতি নাইমা হায়দারের সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৯ জানুয়ারি এক অন্তর্বর্তীকালীন আদেশে ৪৮ ঘণ্টার মধ্যে প্রশিকা ভবনের চাবি দিতে ফারুকের ওপর নির্দেশ দেন। এটা আপাতত তামিল হয়েছে। কিন্তু ফারুক এর বিরুদ্ধে চেম্বার জজ বা আপিল বিভাগে যেতেই পারেন। পরিহাস হলো প্রচলিত রেওয়াজ। চেম্বার জজ কিংবা আপিল বিভাগের এখন এ বিষয়টি সম্পূর্ণ নতুনভাবে দেখার সুযোগ থাকবে। ‘সাবেক’ শব্দের ওপর দায়ের করা আপিলের শুনানি ঝুলবে। মূল মামলা তো ঝুলবেই। ই-মেইল: [email protected]