প্রশিকার প্রধান কার্যালয়ে আবার তালা ঝুলিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার মিরপুরের প্রধান কার্যালয়ের সামনে বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে অবস্থান নিয়েছে পুলিশ। তারা কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রশিকার কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিনের মতো অফিসে এলেও ভেতরে ঢুকতে পারেননি। এদিকে গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রশিকার প্রধান কার্যালয়ের চাবি সংস্থাটির প্রধান নির্বাহী মাহবুবুল করিমকে বুঝিয়ে দেওয়া-সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন। প্রশিকার অন্যতম পরিচালক মো. আবদুর রব প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের এই স্থগিতাদেশের কারণেই পুলিশ এ ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, গত কয়েক দিন প্রশিকার কার্যালয় তাঁদের নিয়ন্ত্রণেই ছিল। দাপ্তরিক কাজকর্মও যথারীতি চলেছে। গতকাল বুধবারও কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসেছেন। কিন্তু আজ এসে তাঁরা দেখতে পান, পুরো কার্যালয়টি পুলিশ ঘিরে রেখেছে। আবদুর রব আরও জানান, তাঁরা এখনই এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন না। পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করে তাঁরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করবেন।